বিবিসির বিরুদ্ধে নিজের দায়ের করা ১,০০০ কোটি ডলারের মানহানির মামলায় শপথ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরও কিছুটা সময় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির আইনজীবীদের মুখোমুখি হওয়ার জন্য তাঁকে ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল আদালত। মঙ্গলবার দু’পক্ষের যৌথ আবেদন মঞ্জুর করে সেই সময়সীমা ২০২৭ সালের ২২ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন ফেডারেল জেলা বিচারক জেফ্রি কুন্টজ।

অক্টোবরের শেষ দিকে ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক এনজোলিকে লেট ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে জবানবন্দি না দিলে আদালত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমনকি মামলাটি খারিজও হয়ে যেতে পারে। মঙ্গলবারের নির্দেশে বিচারক কুন্টজ মামলার নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের সময়সীমাও ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৯ জানুয়ারি করেছেন।

প্রথমে ১৬ অক্টোবর জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন ট্রাম্প। পরে ‘জাতীয় গুরুত্বের কিছু বিষয়’ সামলাতে হবে বলে তাঁর প্রতিনিধিরা পিছিয়ে আসেন। এর পরেই বিবিসি আদালতের কাছে আবেদন জানায়, ট্রাম্পকে যেন সময়মতো জবানবন্দি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার দাখিল করা যৌথ আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা জানিয়েছেন, ‘তাঁর কর্মসূচি ও পেশাগত দায়িত্বের ধরনের কারণে’ এ বছর জবানবন্দি দেওয়ার সময় নেই প্রেসিডেন্টের। তাঁদের প্রস্তাব ছিল, ১১ থেকে ২২ জানুয়ারির মধ্যে কোনও এক দিন ট্রাম্প প্রশ্নের উত্তর দেবেন। বিবিসি তাতে রাজি হয়েছে। আবেদনে দু’পক্ষ জানিয়েছিল, সময় এগিয়ে এলে তারা দিনক্ষণ ও একটি সুরক্ষিত জায়গা ঠিক করবে।

বিচারক কুন্টজ অবশ্য নির্দেশ দিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যেই জবানবন্দির দিনক্ষণ স্থির করতে হবে। তাঁর কথায়, “মামলাটি ট্রাম্প নিজেই করেছেন। কাজেই তাঁকে যে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা তাঁর ধরে নেওয়া উচিত। মনে হচ্ছে, তিনি নিজেও সেটা মেনে নিয়েছেন।” ফ্লরিডার ফোর্ট লডারডেলে মামলার বিচার শুরুর দিন ধার্য হয়েছে ২০২৭ সালের ৩ মে।

ট্রাম্পের আইনজীবীরা ইতিমধ্যেই বিবিসি পক্ষের সাত জন সাক্ষীর জবানবন্দি নিয়েছেন। দু’পক্ষের সমঝোতা অনুযায়ী, ট্রাম্প নিজে প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাঁর আইনজীবীরা বিবিসির চেয়ারম্যান সমীর শাহ, সংস্থার এক প্রাক্তন ডিরেক্টর জেনারেল কিংবা বর্তমান বা প্রাক্তন কোনও কর্মীর জবানবন্দি নেবেন না। ট্রাম্পের সাত ঘণ্টার জবানবন্দি ভিডিও করা হবে। সেই রেকর্ডিং দেখার সুযোগ পাবেন শুধু দু’পক্ষের আইনজীবীরা।

বিবিসি ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জ্যারেড কুশনারেরও জবানবন্দি নেওয়ার সুযোগ পেতে পারে। তাঁরা কেউই এই মামলার পক্ষ নন। যৌথ আবেদনে বলা হয়েছে, তাঁদের নামে জারি হওয়া সমন নিয়ে বিবিসি প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট তিন জনের সঙ্গে আলোচনা করছে। ওই তিন জন সমনে আপত্তি জানাতে পারেন, অথবা তা বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারেন।

গত সপ্তাহে ট্রাম্পের নিয়োগ করা বিচারক কুন্টজ গোটা মামলা খারিজ করে দেওয়ার জন্য বিবিসির আবেদন নাকচ করেন। তবে বিবিসি ফ্লরিডার প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্যিক আচরণ প্রতিরোধ আইন লঙ্ঘন করেছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন, বিচারক তা খারিজ করে দেন।

মামলার সূত্রপাত বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্প্রচারিত একটি তথ্যচিত্রকে ঘিরে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার আগে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। সেই ভাষণে প্রায় এক ঘণ্টার ব্যবধানে বলা দু’টি মন্তব্য তথ্যচিত্রে জুড়ে দেওয়া হয়েছিল। ওই অংশটির সম্পাদনা বিভ্রান্তিকর ছিল বলে বিবিসি স্বীকার করেছে। ট্রাম্প অবশ্য আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিবিসি তাঁর মুখে এমন কথা বসিয়েছে যা তিনি বলেননি। তাঁর এই দাবি মিথ্যা।

সম্পাদনা নিয়ে বিবিসির যুক্তি প্রসঙ্গে বিচারক কুন্টজ তাঁর রায়ে লিখেছেন, “বিবিসি বোঝানোর চেষ্টা করছে, ৭০ মিনিটের একটি ভাষণকে ১২ সেকেন্ডে নামিয়ে আনতে সচরাচর যে ধরনের সম্পাদনা করা হয়, এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। কিন্তু এই যুক্তিতে আদালত আশ্বস্ত হয়নি।”