মেক্সিকোর মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস ধরা পড়েছেন। শনিবার এ কথা জানিয়েছে মেক্সিকো সরকার। আমেরিকা যে পলাতক অপরাধীদের সবচেয়ে বেশি খুঁজছিল, মেসা ফ্লোরেস ছিলেন তাঁদেরই একজন।

‘এল চাপো ইসিদ্রো’ নামেই বেশি পরিচিত মেসা ফ্লোরেস ছিলেন উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যের অন্যতম প্রভাবশালী মাদক পাচারকারী। এই রাজ্যে মাদকচক্রগুলি বিপুল পরিমাণে ফেন্টানিল ও অন্যান্য বেআইনি মাদক তৈরি করে। সেখান থেকে তা পাচার হয় আমেরিকা-সহ বিশ্বের নানা দেশে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, মেসা ফ্লোরেস ওই অঞ্চলের শীর্ষ মাদক পাচারকারীদের একজন। তাঁর নেতৃত্বে চলত ‘মেসা-ফ্লোরেস’ নামে এক হিংস্র অপরাধী গোষ্ঠী। তাদের হাতে ছিল ভারী অস্ত্র। এক দশকেরও বেশি আগে আমেরিকায় তাঁর বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ২০২৫ সালে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁকে তাদের ‘টেন মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখে।

কী করে এত ক্ষমতাশালী হয়ে উঠলেন তিনি?

যত দূর জানা যায়, ৪৪ বছর বয়সি মেসা ফ্লোরেস মেক্সিকোর মাদকচক্রগুলিতে কাজ করতে করতেই ধাপে ধাপে উপরে উঠেছিলেন। মার্কিন অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, তিনি ছিলেন বেলত্রান লেইভা মাদকচক্রের অন্যতম নেতা। ২০০৮ সালে ওই গোষ্ঠী সিনালোয়া কার্টেল থেকে বেরিয়ে যায়।

সিনালোয়া কার্টেল গড়ে তুলেছিলেন হোয়াকিন গুসমান লোয়েরা ও ইসমায়েল সাম্বাদা গার্সিয়া। দু’জনেই এই চক্রের নেতৃত্ব দিয়েছেন। প্রথম জনের ডাকনাম ‘এল চাপো’, দ্বিতীয় জনের ‘এল মায়ো’। আকার ও দাপটে সিনালোয়া কার্টেল বিশ্বের সবচেয়ে ভয়ংকর অপরাধচক্রগুলির একটি। এক কার্টেলের সঙ্গে অন্য কার্টেলের শত্রুতা, আর নিজেদের মধ্যে লড়াই থেকে জন্ম নেওয়া নানা উপদলের রেষারেষি মেক্সিকোয় বারবার রক্তক্ষয়ী গোষ্ঠীযুদ্ধ ডেকে এনেছে।

ডাকনামে মিল থাকলেও ২০১৪ সালে গ্রেপ্তার হওয়া হোয়াকিন ‘এল চাপো’ গুসমানের সঙ্গে মেসা ফ্লোরেসের কোনও আত্মীয়তা নেই।

মার্কিন অর্থ দপ্তরের বক্তব্য, বেলত্রান লেইভা গোষ্ঠী আলাদা হয়ে যাওয়ার পর ওই অঞ্চলে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। পরে গোষ্ঠীটির উপরে নিষেধাজ্ঞা জারি করে ওই দপ্তর। অস্ত্র ও মাদক পাচারকারী আর্তুরো বেলত্রান লেইভা এবং তাঁর ভাইয়েরা মিলে সংগঠনটি গড়েছিলেন। মার্কিন বিদেশ দপ্তরের ভাষায়, শত্রুদের যে ভাবে খতম করত বেলত্রান লেইভার সশস্ত্র বাহিনী, তার নিরিখে সেটি ছিল নিষ্ঠুরতম ও নৃশংসতম বাহিনীগুলির একটি।

পরে মেসা ফ্লোরেস নিজের অপরাধী গোষ্ঠী ‘মেসা-ফ্লোরেস’-এর নেতা হন।

তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে কী কী অভিযোগ?

মার্কিন আধিকারিকদের অভিযোগ, মেক্সিকোর বিভিন্ন জায়গা থেকে টন টন হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা আমেরিকায় পাচার করেছে মেসা-ফ্লোরেস গোষ্ঠী। সিনালোয়ার উত্তরে গুয়াসাভে শহরেই দীর্ঘদিন ধরে তাদের ঘাঁটি।

২০১৩ সালে মার্কিন অর্থ দপ্তর আনুষ্ঠানিক ভাবে মেসা ফ্লোরেসকে মাদক পাচারকারী এবং তাঁর গোষ্ঠীকে মাদক পাচারকারী সংগঠন হিসেবে চিহ্নিত করে। দপ্তরের দাবি, তাঁর স্ত্রী, বাবা-মা, বোন এবং কাকা-মামাদেরও ওই অপরাধচক্রের সঙ্গে যোগ ছিল।

এলাকার দখল নিয়ে সিনালোয়া কার্টেলের সঙ্গে মেসা ফ্লোরেসের তীব্র লড়াই চলেছিল। ২০১৩ সালে মার্কিন অর্থ দপ্তর জানায়, ওই সংঘাতের সময়, মোটামুটি ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুনের সংখ্যা চার গুণ হয়ে যায়। অপহরণ আর অগ্নিসংযোগের ঘটনাও হঠাৎ বেড়ে যায়।

সাম্প্রতিক কালে অবশ্য সেই সমীকরণ বদলেছিল। সিনালোয়ার রাজধানীর একটি প্রথম সারির সংবাদপত্রের প্রকাশক আদ্রিয়ান লোপেস জানিয়েছেন, কার্টেলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে নামা একটি গোষ্ঠীর সঙ্গেই হাত মিলিয়েছিল মেসা-ফ্লোরেস গোষ্ঠী। লোপেসের কাগজ দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীযুদ্ধের খবর করে আসছে।

এফবিআইয়ের অভিযোগ, মেক্সিকোর বহু পুলিশকর্মী, সেনা আধিকারিক ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত অন্য আধিকারিকের মৃত্যুর জন্যও দায়ী মেসা-ফ্লোরেস গোষ্ঠী।

কত দিন ধরে তাঁকে খুঁজছিল আমেরিকা?

২০১২ সালের মে মাসে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন ফেডারেল আদালতে মেসা ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন ও মেথামফেটামিন নিজের কাছে রাখা এবং সরবরাহের অভিযোগ আনা হয়। ২০১৯ সালে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি নতুন অভিযোগপত্র আনে। তাতে মাদক পাচার সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগের পাশাপাশি আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগও ছিল।

২০২৫ সালে এফবিআই তাঁকে তাদের ‘টেন মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তোলে। তাঁকে গ্রেপ্তার করতে কাজে আসবে এমন তথ্যের জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

মাত্র দু’মাস আগেও ওয়াশিংটনে ফেডারেল কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রে নতুন অভিযোগ যোগ করেন। বোঝা যায়, মার্কিন কর্তৃপক্ষ তখনও সক্রিয় ভাবে তাঁর পিছু নিয়েছিল। সর্বশেষ অভিযোগপত্রে সিনালোয়া কার্টেলকে সহায়তা করার সূত্রে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ আনা হয়। এ ছাড়া অভিযোগ, ২০২২ সালে মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে ন্যাশনাল গার্ডের এক সদস্যকে তিনি অপহরণ করে হত্যা করেছিলেন।

কী ভাবে ধরা পড়লেন?

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে অভিযান চালানো হয়েছিল।

আমেরিকার মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলেছে, মেসা ফ্লোরেসের গ্রেপ্তারি “একটি নির্মম অপরাধচক্রের উপর বড় আঘাত”। সংস্থার কথায়, “বিপজ্জনক কার্টেল নেতাদের ধরতে গোয়েন্দা তথ্যের আদানপ্রদান কতটা জরুরি, এই গ্রেপ্তারি তা আরও এক বার দেখাল।”

মার্কিন বিদেশ দপ্তর ও এফবিআইয়ের প্রতিনিধিদের কাছে মন্তব্য চাওয়া হলে তাৎক্ষণিক ভাবে তাঁদের জবাব মেলেনি।

শুক্রবার রাতে মেসা ফ্লোরেসকে ধরার অভিযান ঘিরে অশান্ত হয়ে ওঠে গুয়াসাভে। সিনালোয়ার জননিরাপত্তা দপ্তর বাসিন্দাদের অনুরোধ জানায়, যে যেখানে আছেন সেখানেই আশ্রয়ে থাকুন। রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান মহাসড়কটি থেকেও সকলকে দূরে থাকতে বলা হয়, যাতে কেউ অপরাধী গোষ্ঠী ও কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে না যান।