গসিপের পাতায় এ এক উত্তপ্ত পরকীয়ার গল্প। এক দিকে চামড়ার জ্যাকেট পরা এক মার্কিন ধনকুবের; অন্য দিকে তাঁর চেয়ে কমবয়সি এক নারী, যিনি চিনা গোয়েন্দাদের হয়ে কাজ করেন বলে অভিযোগ। ওয়াল স্ট্রিটের চোখে ঘটনাটি নির্ভরতা কেন্দ্রীভূত হওয়ার ত্রিস্তরীয় বিপদের উদাহরণ: একটি শেয়ারবাজার নির্ভর করছে একটিমাত্র প্রযুক্তির উপর, সেই প্রযুক্তি নির্ভর করছে একটিমাত্র সংস্থার উপর, আর সেই সংস্থা নির্ভর করছে একটিমাত্র মানুষের উপর। ওয়াশিংটনে আলোচনা চলছে পচনধরা বাণিজ্য দফতর, প্রযুক্তি সংস্থার কর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং চিনকে নিয়ে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ বিভাজন নিয়ে। ‘ক্যাসাব্লাঙ্কা’ ছবিটি সম্পর্কে উমবের্তো একো লিখেছিলেন, “দু’টি চেনা ছক আমাদের হাসায়। একশোটি আমাদের আবেগে নাড়া দেয়।” জেনসেন হুয়াংয়ের পরকীয়ার ক্ষেত্রেও তা-ই: এ একটি কেলেঙ্কারি নয়, অনেকগুলি।
কর্পোরেট সংকটের ইতিহাসে এর তুলনা মেলা ভার। শোওয়ার ঘরে ঘটে যাওয়া কোনও ঘটনার জেরে বোর্ডরুমে প্রধান নির্বাহীদের বিপাকে পড়া মোটেই বিরল নয়। আবার কয়েক বছর অন্তর এমন কোনও গুরুতর সংকট দেখা দেয়, যা একটি গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে গোটা পৃথিবীর ধারণাই আমূল বদলে দেয়। কিন্তু এই দু’টি ঘটনা একসঙ্গে ঘটে না। জন ব্রাউন ছিলেন তেলশিল্পের ‘সূর্যসম্রাট’। একটি সম্পর্ক নিয়ে আদালতে ‘নির্দোষ মিথ্যে’ বলার পরে ২০০৭ সালে বিপি-র এই কর্তা পদত্যাগ করেন। দাগ পড়েছিল মানুষটির গায়ে; তাঁর প্রতিষ্ঠানের গায়ে ততটা নয়। উল্টো দিকে, তিন বছর পরে মেক্সিকো উপসাগরে বিপি-র তেল ছড়িয়ে পড়ার বিপর্যয়ের জন্য একক ভাবে কোনও ব্যক্তিকে দায়ী করা যেত না। সেই ঘটনায় কোনও রগরগে উপাদানও ছিল না। রুপার্ট মার্ডকের সংবাদমাধ্যমের সাম্রাজ্যকে আকার দিয়েছে তাঁর পাঁচটি বিয়ে ও চারটি বিবাহবিচ্ছেদ। কিন্তু সেই সময় তাঁর স্ত্রী ওয়েন্ডি ডেং ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর হয়ে কারও ফোনে আড়ি পাতেননি।
সংকটের পরে আসে সংকট সামলানোর পালা। অর্থাৎ এমন একটি প্রেস বিজ্ঞপ্তি, যার লক্ষ্য অনুতাপের প্রকাশ যতটা সম্ভব বাড়ানো এবং আইনি ঝুঁকি যতটা সম্ভব কমানো। হুয়াং সমস্ত কর্মীকে যে ইমেলটি পাঠিয়েছেন, তাতে মিশে গিয়েছে বিশ্বাসভঙ্গকারী স্বামীর আতঙ্কিত বাঁধাবুলি—“যা করেছি, তা আর ফিরিয়ে নিতে পারব না”—এবং কলঙ্কিত নেতার চেনা বুলি—“আমার জীবনের পরম সৌভাগ্য”। সমস্ত বিবৃতিতে ‘স্বাধীন’ শব্দটি যত ঘন ঘন এবং যত উদার ভাবে সম্ভব ব্যবহার করতেই হবে: এনভিডিয়ার ‘স্বাধীন পরিচালকেরা’ একটি ‘স্বাধীন তদন্ত’ চালানোর দায়িত্ব দিয়েছেন ‘স্বাধীন আইনজীবীদের’। দ্রুত পক্ষ বেছে নেওয়াও শুরু হয়ে যায়। ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছেন হুয়াংকে রক্ষা করতে। পুরুষালি বন্ধুবৃত্তের আড্ডার মেজাজে চলা প্রযুক্তিবিষয়ক পডকাস্ট ‘অল-ইন’-এর এক সঞ্চালক বলেছেন, “যে কোনও মূল্যে ওঁকে ওই চেয়ারে রাখতেই হবে।” হুয়াংকে বাঁচাতে এবং শেয়ারবাজারকে রক্ষা করতে ‘অল-ইন’ সত্যিই সর্বস্ব পণ করেছে।
কোনও কেলেঙ্কারির গতিপ্রকৃতি বুঝে উঠতে বিনিয়োগকারীদের বরাবরই হিমশিম খেতে হয়। খারাপ খবরের পিছু পিছু প্রায়ই আরও খারাপ খবর আসে। তেল ছড়িয়ে পড়ার ঘটনার দু’মাস পরে গিয়ে বিপি-র শেয়ারের দাম সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। অনেক কিছু নির্ভর করে কর্তা কত দিন পদ আঁকড়ে থাকেন তার উপর। ২০১৫ সালে গাড়ির দূষণ-নিঃসরণের পরীক্ষায় কারচুপির কেলেঙ্কারি ফাঁস হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফোক্সভাগেনের প্রধান নির্বাহী পদত্যাগ করেন। ২০১৬ সালে হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট খোলার জন্য ওয়েলস ফার্গো ব্যাঙ্ককে জরিমানা করার পরে তার প্রধান টিকেছিলেন এক মাস। আর ২০১৮ সালে একটি ৭৩৭ ম্যাক্স বিমান ভেঙে পড়ার পরে বোয়িংয়ের কর্তা থেকে গিয়েছিলেন এক বছর।
সবচেয়ে খারাপ সংকটগুলি সহজে পিছু ছাড়ে না। একই সমস্যার জেরে বোয়িংয়ের পরবর্তী কর্তাকেও বিদায় নিতে হয়েছিল। আরও ভয়াবহ কেলেঙ্কারি গড়ায় দীর্ঘ বিচারপ্রক্রিয়ায়। এই শতকের গোড়ায় ফরাসি মন্ত্রী রোলাঁ দ্যুমার বিচার হয়েছিল একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার হয়ে তাঁর প্রেমিকার তদবিরকে ঘিরে; শেষ পর্যন্ত তিনি খালাস পান। কোনও কোনও কেলেঙ্কারি আবার শেষ হয় রগরগে বইয়ে। সেই প্রেমিকাই তাঁদের সম্পর্কের সব কথা ফাঁস করে বই লিখেছিলেন—‘দ্য হোর অব দ্য রিপাবলিক’, অর্থাৎ ‘প্রজাতন্ত্রের বেশ্যা’।
হুয়াংয়ের পরকীয়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যৌনসম্পর্ক হিসেবে জায়গা করে নিতে পারে। শেয়ারের দাম এখন কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও, গত সপ্তাহের শেষের তুলনায় এনভিডিয়ার বাজারমূল্য এখনও প্রায় ৩০ হাজার কোটি ডলার কম। ফলে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল কর্পোরেট সংকটগুলির মধ্যে এই ঘটনাও স্থান পাচ্ছে। বাকি বাজার যে উঠেছে, তা হিসাবের মধ্যে ধরলে ক্ষতির অঙ্ক আরও বড়। শেষ পর্যন্ত আর্থিক মাশুল কত দাঁড়াবে, তা নির্ভর করছে দু’টি কঠিন প্রশ্নের উপর। হোয়াইট হাউসে হুয়াংয়ের প্রভাবের আর্থিক মূল্য আসলে কত ছিল? আর এনভিডিয়ায় কোনও নতুন কর্তা এলে, হুয়াং যে আর্থিক চুক্তিগুলি সতর্ক ভারসাম্য বজায় রেখে গড়ে তুলেছেন, সেগুলি কি তিনি অটুট রাখতে পারবেন? প্রশ্ন দু’টি শুধু এই চিপ নির্মাতা সংস্থার শেয়ারহোল্ডারদের জন্য নয়, গোটা সিলিকন ভ্যালির জন্যই গুরুত্বপূর্ণ। হুয়াং এই শিল্পের সবচেয়ে সরব তদবিরকারী এবং অর্থ জোগানোর ক্ষেত্রেও সবচেয়ে উৎসাহী পৃষ্ঠপোষক।
সবচেয়ে ভয়াবহ কেলেঙ্কারিগুলির দিকে পরে ফিরে তাকালে মনে হয়, লক্ষণগুলি তো স্পষ্টই ছিল। ‘ডিজেলগেট’ নিয়ে মার্কিন সরকার ফোক্সভাগেনের বিরুদ্ধে মামলা করার এক বছর আগেই গবেষকেরা সংস্থাটির সন্দেহজনক দূষণ-নিঃসরণের পরিসংখ্যানের দিকে নজর টেনেছিলেন। হুয়াংয়ের প্রেমিকার সঙ্গে তাঁর লেনদেন নিয়ে শেয়ারের দরপতনে লাভ করেন এমন এক বিনিয়োগকারীর প্রতিবেদন প্রকাশিত হয়েছিল মে মাসে। ওই নারী যে চিনের গুপ্তচর হতে পারেন, তাঁর অতীত সম্পর্কে একটু খোঁজ নিলেই সে সম্ভাবনা হুয়াংয়ের কাছে স্পষ্ট হয়ে যেত। ব্যবসায় নামার আগে মিস হুয়াং কাজ করতেন চিনের একটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে, যার সংক্ষিপ্ত নামটি এর চেয়ে মানানসই আর হতেই পারত না—‘সিসিটিভি’।
কৌতূহলের অভাবে হুয়াংকে টেক্কা দিয়েছেন বোধ হয় একমাত্র নিল বুশ—এক মার্কিন প্রেসিডেন্টের ছেলে এবং আর এক প্রেসিডেন্টের ভাই। নব্বইয়ের দশকে এশিয়ায় সফরের সময় কখনও কখনও নারীরা বিনা আমন্ত্রণে তাঁর হোটেলের ঘরে এসে হাজির হতেন এবং তাঁর সঙ্গে যৌনসম্পর্ক করতেন। পরে বিবাহবিচ্ছেদের মামলায় বুশ বলেছিলেন, “ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল।”
একটি বড় কেলেঙ্কারি স্পঞ্জের মতো—আশপাশের সব কিছু শুষে নেয়। ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের দুর্নীতি-তদন্তের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে হুয়াং-কাণ্ড। কী ভাবে ঘটনাটি ঠেকানো যেত, তা-ও ভেবে দেখার মতো। চিনারা যাতে সংস্থা কিনে গোপন তথ্য হাতাতে না পারে, সে জন্য সাম্প্রতিক বছরগুলিতে বিনিয়োগের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু সংস্থার কর্তাদের সঙ্গে শুয়ে পড়া ঠেকানোর কোনও কার্যকর নিয়ম নেই। শেয়ারবাজার এর আগে কখনও এত অল্পসংখ্যক মানুষের উপর নির্ভর করেনি, যাঁরা আবার প্লেবয়ের জীবনে এতটাই অনভ্যস্ত।
হুয়াং-কাণ্ডের সবচেয়ে মানানসই পূর্বদৃষ্টান্তটির সঙ্গে সিলিকন ভ্যালির কোনও সম্পর্ক নেই। সেই কেলেঙ্কারি ফেটেছিল অনেক আগে, ১৯৬৩ সালে—যে বছর হুয়াংয়ের জন্ম। জন প্রফিউমো ছিলেন এক ফুর্তিবাজ ব্রিটিশ মন্ত্রী, যাঁর দায়িত্বের মধ্যে ছিল জাতীয় নিরাপত্তা। মঞ্চের এক তরুণী নৃত্যশিল্পীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বলা হত, ওই তরুণীর সম্পর্ক ছিল সোভিয়েত নৌ-অ্যাটাশে ইয়েভগেনি ইভানভের সঙ্গেও। একটি সরকারি—বস্তুত ‘স্বাধীন’—তদন্তে সিদ্ধান্ত হয়েছিল, ওই সম্পর্কের কারণে রাষ্ট্রের কোনও গোপন তথ্য ফাঁস হয়নি। কিন্তু তাতে বিশেষ কিছু এসে যায়নি। অল্প দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান পদত্যাগ করেন। প্রফিউমো জনজীবন থেকে সরে যান এবং বাকি জীবন কাটান লন্ডনের ইস্ট এন্ডের গরিব মানুষদের সেবা করে।
হুয়াং তাঁর বাকি জীবন কী ভাবে কাটাবেন?
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।