‘কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন, “চার বছর হয়ে গেল, জোরাবরের সঙ্গে আমার কথা হয়নি। ওর সঙ্গে যোগাযোগ নেই। কিন্তু আমার নম্বর ব্লক করা থাকলেও আমি মেসেজ পাঠিয়ে যাই। আমি যা চাই, মনে মনে তার ছবি আঁকি। জোরাবরকে আবার আমার জীবনে ফিরে পেতে চাই। সেই আশা নিয়েই ভাল কিছু ভাবি। এটাই করে চলেছি। নিঃশর্ত ভালবাসা কাকে বলে, এখন বুঝি। আমি ভাল বাবা।”

বিচ্ছেদের পর সন্তানের সঙ্গে যোগাযোগ ছিন্ন হলে কষ্টটা শুধু তাকে দেখতে না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মনোচিকিৎসক ও সম্পর্কবিষয়ক পরামর্শদাতা, কিনৎসুগি রেডিয়্যান্স অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ডেলনা রাজেশের কথায়, “মানুষ নিজেকে অসহায় বোধ করেন। কত প্রশ্নের উত্তর মেলে না। ভয় হয়, সন্তান হয়তো একদিন তাঁকে ভুলে যাবে।”

মনোবিজ্ঞানে এমন অভিজ্ঞতাকে কখনও ‘অ্যামবিগুয়াস লস’ বলা হয়। এ এমন এক হারানোর বেদনা, যার কোনও স্পষ্ট পরিণতি নেই। সন্তান চোখের আড়ালে, কবে আবার দেখা হবে তা-ও অনিশ্চিত, অথচ মনের মধ্যে সম্পর্কটি আগের মতোই জায়গা জুড়ে থাকে। ডেলনা বলেন, “মৃত্যুশোকের ক্ষেত্রে অন্তত হারানোর মুহূর্তটি চেনা যায়। এ ক্ষেত্রে মা বা বাবা ভেবেই চলেন, সন্তানের কি এখনও আমার কথা মনে পড়ে? আমার জন্য ওরও কি মন কেমন করে? কোনও দিন কি ও ফিরে আসবে? প্রতিটি জন্মদিন, প্রতিটি উৎসব, সন্তানের বেড়ে ওঠার প্রতিটি বিশেষ দিন মনে করিয়ে দেয়, কত মুহূর্তে তিনি পাশে থাকতে পারলেন না।”

আশা আর অসহায়তা পাশাপাশি থাকে বলেই এই শোক সামলানো এত কঠিন। ডেলনার কথায়, “মা বা বাবা হয়তো প্রাণপণে নিজের জীবনে এগোতে চাইছেন। অথচ মনে হচ্ছে, এগিয়ে যাওয়া মানেই সন্তানের জন্য আশা ছেড়ে দেওয়া। বিচ্ছেদের কষ্ট সামলে উঠলে সন্তানের প্রতি ভালবাসা এতটুকু কমে না। মানুষ আস্তে আস্তে শেখেন কী ভাবে ওই কষ্ট বুকে নিয়েও বাঁচা যায়, যাতে তা জীবনের আর সব কিছু গ্রাস না করে।”

পরিবারে দীর্ঘদিন বিবাদ চললে সন্তানও কখনও দোটানায় পড়ে। মা-বাবা দু’জনকেই সে ভালবাসে, অথচ প্রত্যক্ষ বা পরোক্ষ চাপে তার মনে হতে পারে, কোনও এক জনের পক্ষ নিতে হবে। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘লয়্যালটি কনফ্লিক্ট’। ডেলনা মনে করিয়ে দেন, যোগাযোগ বন্ধ হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। কোনও পরিবারের পুরো ইতিহাস না জেনে তাদের সম্পর্কে সিদ্ধান্ত টানা অন্যায়।

ধাওয়ানের মেসেজ পাঠিয়ে যাওয়ার মধ্যে বহু বিচ্ছিন্ন মা-বাবার চেনা একটি আকুতি দেখতে পান ডেলনা। “কখনও এমন হয়, ভালবাসা জানাবার আর কোনও পথ খোলা নেই বলেই মানুষ একটা মেসেজ লেখেন। তাতে স্মৃতিগুলো ধরে রাখা যায়, আশাটুকু বেঁচে থাকে। মনে হয়, নিজের দিক থেকে সম্পর্কটা ছেড়ে দিইনি। এটুকু সান্ত্বনাও অনেক। আবার প্রতিবার মেসেজ পাঠিয়ে এমন এক উত্তরের অপেক্ষায় থাকা, যা আর আসে না, মানুষকে বড় ক্লান্তও করে দিতে পারে।”

ডেলনার মতে, চিঠি লেখা, স্মৃতি যত্নে তুলে রাখা কিংবা নিজের অনুভূতি একান্তে লিখে ফেলা মনের ভার কিছুটা হালকা করতে পারে। মা-বাবা নিজেরা মানসিক সহায়তা পেলে দুঃখ, রাগ আর অসহায়তা সামলানো সহজ হয়। সেই ভার সন্তানের উপর গিয়ে পড়ার আশঙ্কাও কমে। কোনও দিন আবার যোগাযোগ হলে সন্তানের এই সময়টা কেমন কেটেছে, তা ধৈর্য ধরে শুনতে হবে। পুরনো বিশ্বাস ফিরে আসতে সময় লাগতে পারে।

দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে আশা মানুষকে টিকে থাকতে সাহায্য করে। কারও কাছে প্রার্থনা, আধ্যাত্মিক বিশ্বাস কিংবা নিজের মতো করে পালন করা কোনও আচার সান্ত্বনা নিয়ে আসে। ডেলনার কথায়, “এই মুহূর্তে যা নিজের হাতে নেই, তা মেনে নেওয়া আর যেখানে যতটুকু করার সুযোগ আছে, ভেবেচিন্তে তা করা—এর সঙ্গে আশা মিললে তবেই তা সবচেয়ে বেশি কাজে আসে।”