আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার লখনউয়ে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ফের ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বাস্তবায়িত করা হবে। উত্তরাখণ্ড, অসম ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে ইতিমধ্যেই ইউসিসি পাশ হওয়ার পর এ বার যোগী রাজ্যেও এই আইন আনার বার্তা দিলেন শাহ।

বৈঠকে সমাজবাদী পার্টির (এসপি) সুপ্রিমো অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করে অমিত শাহ ভবিষ্যদ্বাণী করেন যে, আগামী ৩০ বছর উত্তরপ্রদেশের রাজনীতিতে আর ক্ষমতায় ফিরতে পারবে না এসপি। তিনি বলেন, “জনগণ আপনাদের তৃতীয় প্রজন্মকেও ক্ষমা করবে না।” পাশাপাশি, বিরোধীদের ‘ভোট চুরি’ তত্ত্বকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, ম্যাচ হেরে যাওয়ার পর আম্পায়ারকে দোষারোপ করার মতো আচরণ করছে বিরোধী শিবির।

শাহের এই প্রতিশ্রুতির পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অখিলেশ যাদব। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “স্যার, আপনার উত্তরপ্রদেশে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ।” একই সঙ্গে তিনি দাবি করেন, শুধুমাত্র ফাঁকা বক্তৃতা দিয়ে নির্বাচনী জয়-পরাজয় নির্ধারিত হয় না, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যের সাধারণ মানুষই।

উল্লেখ্য, ২০২৯ সালের মধ্যে দেশের সমস্ত এনডিএ-শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সেই পথেই এ বার উত্তরপ্রদেশের নির্বাচনী ময়দানে ইউসিসিকে অন্যতম প্রধান রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরল গেরুয়া শিবির।