২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস ১৭টি আসনে লড়ে ছ’টিতে জিতেছিল, সমাজবাদী পার্টি (সপা) জিতেছিল ৩৭টিতে। বিজেপির আসন ২০১৯-এর ৬২ থেকে কমে দাঁড়ায় ৩৩-এ। উত্তরপ্রদেশে মোট লোকসভা আসন ৮০টি, বিধানসভা কেন্দ্র ৪০৩টি।
এক কংগ্রেস নেতা বলেন, “লোকসভা ভোটের ফলের ভিত্তিতেই আমরা আসনের দাবি জানিয়েছি। ২০২২-এ আরএলডি এবং এসবিএসপি (তখন সপা-র জোটসঙ্গী) যে আসনগুলি জিতেছিল, তার কয়েকটিও চেয়েছি। এমন কিছু আসনও তালিকায় আছে, যেখানে সপা-র বিধায়ক রয়েছেন।”
২০২২-এর বিধানসভা ভোটে সপা-র সঙ্গে জোট বেঁধে লড়ার পরে ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) এবং জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) সেই জোট ছেড়ে বেরিয়ে যায়।
সপা সূত্রের দাবি, সোমবারের বৈঠকে তারা ‘খোলা মনে’ গিয়েছিল, কংগ্রেস ঠিক কী চাইছে তা বুঝে নেওয়াই ছিল উদ্দেশ্য। এক সপা নেতার কথায়, “আমরা খোলা মন নিয়েই গিয়েছিলাম, কংগ্রেস নেতারা কী বলতে চান সেটুকুই শুনতে চেয়েছিলাম। এ বার আমাদের নেতা (অখিলেশ যাদব)-র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।”
দুই দলের নেতারাই জানিয়েছেন, বৈঠক হয়েছে ‘ইতিবাচক আবহে’। কংগ্রেস সূত্রের খবর, দলের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা সপা সভাপতি অখিলেশ যাদবকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এক কংগ্রেস নেতা বলেন, “আমরা ওঁদের বলেছি, অখিলেশজিকেই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। সপা নেতারাও একমত যে রাজ্যে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে।”
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের তালিকায় রায়বরেলী ও অমেঠির সব আসন রাখা হয়েছে, যেগুলি কংগ্রেস তথা গাঁধী পরিবারের দুর্গ বলে পরিচিত। বিনিময়ে সপা-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফিরোজাবাদ, কনৌজ, মৈনপুরী ও আজমগড়ের সব আসনে সপা-কে লড়তে দেওয়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেস।
বৈঠক শেষে এক প্রবীণ কংগ্রেস নেতা বলেন, “কংগ্রেস ও সপা দু’পক্ষই কিছু মতামত বিনিময় করেছে। দুই দলের অন্য সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে সেগুলি নিয়ে আলোচনা হবে, তার পরে মঙ্গলবার ফের বৈঠকে বসে জোট ও আসন রফার আলোচনা এগোবে। এই জোটের প্রথম বড় ধাপ আসন ভাগাভাগি। আমরা নিশ্চিত, আগামী কয়েক দিনের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ ভাবে তা মিটে যাবে, যাতে দুই দলই প্রচারে মন দিতে পারে। আজকের বৈঠক থেকে একটা বিষয় স্পষ্ট, উত্তরপ্রদেশের ভোটে সপা ও কংগ্রেস জোট বেঁধেই লড়বে।”
আলোচনার নেতৃত্বে কারা?
আসন রফার আলোচনার জন্য দুই দলই চার জন করে নেতাকে বেছে নিয়েছে। সপা-র তরফে রয়েছেন প্রবীণ নেতা রামগোপাল যাদব, সাংসদ ইকরা চৌধুরী ও রাজীব রাই এবং রাজ্য সভাপতি শ্যামলাল পাল। কংগ্রেসের তরফে রয়েছেন উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা রাজেন্দ্রপাল গৌতম, প্রদেশ সভাপতি আরাধনা মিশ্র, কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধুরী। বৈঠকটি হয় কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে। প্রমোদ তিওয়ারি আরাধনা মিশ্রের বাবা।
মঙ্গলবার ফের বৈঠকে বসবেন নেতারা, চলবে আলোচনা। সূত্রের খবর, দুই দলই আশা করছে দু’-তিন দিনের মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে।
বৈঠকের পরে রামগোপাল যাদব বলেন, “বৈঠক ইতিবাচক হয়েছে। বিষয় জটিল হলে সময় তো লাগেই।”
কংগ্রেস প্রথমে ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছিল। কিন্তু জানা গিয়েছে, রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের অতীত ফলাফলের কথা মাথায় রেখে এত বড় অংশ ছাড়তে নারাজ ছিল সপা। কংগ্রেস সূত্রের খবর, প্রথমে ১৮১টি আসনের দাবি জানালেও সোমবারের বৈঠকে তা কমিয়ে ১৩১-এ এনেছে দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকেই এই সংশোধিত দাবির ভিত্তি করেছে কংগ্রেস।
২০২২-এর বিধানসভা ভোটে কংগ্রেস একাই লড়েছিল। ৩৯৯টি আসনে প্রার্থী দিয়ে জিতেছিল মাত্র দু’টিতে, সেখানে সপা পেয়েছিল ১১১টি আসন। ২০১৭-য় দুই দল জোট বেঁধে লড়েছিল, সে বার সপা জেতে ৫৪টি আসনে, কংগ্রেস সাতটিতে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।