এক্সে পিত্রোদার একটি ভিডিও-বিবৃতির প্রতিক্রিয়ায় মোদী লেখেন, “স্যাম ভাই, আপনাকে এবং অঞ্জনা বেনকে দীপাবলি ও নববর্ষের শুভেচ্ছা। আগামী বছর আনন্দে ও সুস্বাস্থ্যে কাটুক, এই প্রার্থনা করি। জয় জগন্নাথ!”
পিত্রোদা বলেছিলেন, “উনি একজন গুজরাতি বন্ধু। মানুষ হিসেবে আমি ওঁকে শ্রদ্ধা করি। আমার স্ত্রী এবং আমি ওঁর সঙ্গে দেখা করেছি। ব্যক্তিগত স্তরে উনি অত্যন্ত আন্তরিক, দয়ালু, স্নেহশীল ও যত্নবান। অবশ্যই উনি একজন ভাল বক্তা এবং পরিশ্রমী মানুষ। আমাদের মধ্যে সম্পর্কও ভাল। আমাদের কোনও ব্যক্তিগত বিরোধ নেই। একজন গুজরাতি নেতা, বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবে মিস্টার মোদীর বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমার প্রতি উনি অত্যন্ত আন্তরিক থেকেছেন, এবং আমি তার কদর করি। গুজরাতে ওঁর বাড়িতে আমি বেশ কয়েক বার গিয়েছি।”
এই প্রবীণ কংগ্রেস নেতা বলেন, মোদীর বিশ্ববীক্ষা ও মতাদর্শের সঙ্গে তাঁর মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই বিরোধ ব্যক্তি মোদীর সঙ্গে নয়।
তাঁর কথায়, “বিরোধটা ভাবনার সঙ্গে। আর এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আমি মিস্টার মোদীর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, আবার ওঁর সঙ্গে বসে নৈশভোজ করতে এবং হাসিঠাট্টাও করতে পারি…”
এর আগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘দীপাবলি মিলন’ অনুষ্ঠানে বিভিন্ন মতামত তুলে ধরার ক্ষেত্রে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কখনও কখনও মনে হয়, ভারতে যত মানুষ, তত মত। আর এই বিভিন্ন মতামতই আমাদের গণতন্ত্রকে জীবন্ত ও প্রাণবন্ত রাখে। এর পিছনে ভারতীয় সংবাদমাধ্যমের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
সমাজে ইতিবাচক ও অভূতপূর্ব পরিবর্তন আনার কাজে ভারতীয় সংবাদমাধ্যমের অবদানের স্বীকৃতি দেন মোদী। মাদকাসক্তির বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও সংবাদমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার যে লক্ষ্য তাঁর সরকার নিয়েছে, সে কথাও ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত ১২ বছরে বিভিন্ন ক্ষেত্রের সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, এই লক্ষ্য অর্জন “অবশ্যই অসম্ভব নয়”।
মোদী বলেন, “…২০৪৭ সালের সময়সীমার অর্থ এই নয় যে, আমাদের তত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১২ থেকে ১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন।
প্রযুক্তি, বিপুল তরুণ জনগোষ্ঠী, প্রতিভা এবং সস্তায় ইন্টারনেট ডেটার সুযোগ কাজে লাগিয়ে ‘ভারতের কাহিনি’ বিশ্বের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমকে আহ্বান জানান তিনি।
মোদী বলেন, “সমাজমাধ্যম ও অ্যালগরিদম এই শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ভেবে দেখা দরকার, আমরা যে বিষয়বস্তু তুলে ধরছি, তাতে ভারতের সাফল্য, প্রতিভা এবং ইতিবাচক পরিবর্তনগুলি যথেষ্ট জায়গা পাচ্ছে কি না।”
প্রাকৃতিক বিপর্যয়ের খবর সংগ্রহ করতে গিয়ে যে সব সাংবাদিক জীবনের ঝুঁকি নেন, তাঁদের ভূমিকারও স্বীকৃতি দেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মোদী বলেন, গত ২৫ বছরে অনেক কিছু বদলে গিয়েছে। প্রযুক্তি সংবাদজগৎকে বদলে দিয়েছে। এর ফলে এক দিকে প্রচলিত সংবাদমাধ্যমগুলির কাজ সহজ হয়েছে, অন্য দিকে তাদের সামনে নতুন চ্যালেঞ্জও এসে দাঁড়িয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।