আসন্ন রাজনৈতিক কর্মসূচি, তৃণমূল স্তরের আন্দোলন এবং দলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ করতে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই উচ্চপর্যায়ের বৈঠকে দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি এবং পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি দেশজুড়ে আসন্ন প্রতিবাদ কর্মসূচিগুলির রূপরেখা তৈরি করা হয়েছে।
বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল সংবাদমাধ্যমকে জানান, আগামী ২৬ নভেম্বর ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালনের বিষয়ে কংগ্রেস এবং বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট যৌথভাবে একটি বিশেষ কৌশল তৈরি করছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে। পাশাপাশি, আসন পুনর্বিন্যাস (Delimitation) এবং মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে সংসদের সম্ভাব্য বিশেষ অধিবেশনের জল্পনা প্রসঙ্গে তিনি কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, সরকার তার আসল উদ্দেশ্য স্পষ্ট করতে ব্যর্থ হচ্ছে এবং দেশের মানুষ সরকারের কাছ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা আশা করে।
এছাড়াও সোনিয়া গান্ধীর বই প্রসঙ্গে কেসি বেণুগোপাল দাবি করেন যে, এই বইটি বিজেপির সামনে একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অতীতে বিজেপি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে যে সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলেছিল, এই বইয়ের মাধ্যমে সেই সমস্ত প্রকৃত সত্য এখন দেশের মানুষের সামনে চলে এসেছে।
এদিকে, এই বৈঠকের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফোন ট্যাপিং এবং নজরদারির বিস্ফোরক অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের (Open Debate) চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কংগ্রেসের শেয়ার করা এক ভিডিও বার্তায় রাহুল বলেন, “প্রধানমন্ত্রী সবই জানেন, কারণ তিনি আমার ফোন ট্যাপ করাচ্ছেন। যেদিন তিনি মুখোমুখি বিতর্কে বসতে রাজি হবেন, সেদিনই গোটা দেশ জানতে পারবে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলছে, কে দেশবিরোধী এবং কতদিন ধরে তারা এই দেশবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে।” রাহুলের দাবি, প্রধানমন্ত্রী যে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, তার প্রমাণ তাঁর ফোনেই রয়েছে এবং ফোন ট্যাপ করার কারণে প্রধানমন্ত্রী নিজেও সে বিষয়ে অবগত। অন্যদিকে, মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ভিত্তিহীন অভিযোগ তুললেও কেন সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছে হাত শিবির।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।