মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজধানী দিল্লিতে উত্তেজনার পারদ তুঙ্গে। ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়া এবং ‘ভোট চুরি’র বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A) এবং যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র যৌথ আহ্বানে আগামী রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত হতে চলেছে মেগা সমাবেশ ও ‘দিল্লি চলো’ অভিযান। এই কর্মসূচিকে এক ঐতিহাসিক রূপ দিতে রাজনৈতিক দলমত নির্বিশেষে দেশের সমস্ত ছাত্র ও যুব সংগঠনকে রবিবারের মিছিলে যোগ দেওয়ার উন্মুক্ত আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সম্প্রতি এক ভিডিয়োবার্তায় ছাত্রসমাজকে আশ্বস্ত করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “এটা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মিছিল নয়। এটি দেশের গণতন্ত্র বাঁচানোর, জনগণের ভোটাধিকার রক্ষার এবং ভারতের সংবিধানকে সুরক্ষার আন্দোলন।” অতীতে বিভিন্ন ছাত্র আন্দোলনে দিল্লি পুলিশের দমনপীড়ন ও গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুলে রাহুল ছাত্র-যুবদের উদ্দেশে বলেন, “পুলিশ বা লাঠিচার্জের ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে রাজপথে হাঁটব। বিজেপির আর ভয় দেখানোর বা বলপ্রয়োগ করার সাহস হবে না।”

প্রসঙ্গতঃ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইভিএম জালিয়াতি ও ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সিজেপির তরুণ সমাজ ও বিরোধীরা আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি এই আন্দোলনের দুই তরুণ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারি ও পরবর্তীতে জামিনে মুক্তির পর রাহুলের এই সমর্থন আন্দোলনকে আরও অক্সিজেন জুগিয়েছে। রবিবারের রামলীলা ময়দানের মহাসমাবেশে চার প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ বিরোধীদের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি হাজার হাজার ছাত্র-যুব এক মঞ্চে শামিল হয়ে নির্বাচন কমিশন ও মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে চলেছে।