৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোগায় আসছেন। জোট ঘোষণার পরে এটিই তাঁর প্রথম পঞ্জাব সফর। এই সফরে কিছু প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে ২০২০-২১ সালে আন্দোলন হয়েছিল। তার পর থেকেই পঞ্জাবের কৃষকদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে চলেছে বিজেপি। দিল্লির সীমানায় সেই আন্দোলন চলেছিল ১৩ মাস ধরে। কৃষকদের অন্যতম প্রধান দাবি ছিল এমএসপি-র আইনি নিশ্চয়তা।

শিবরাজ সিংহ চৌহানের সফরগুলিতে একটা নির্দিষ্ট ধাঁচ দেখা গিয়েছে। ২৮ অগস্ট অমৃতসর জেলার উমরা নাঙ্গল গ্রামে একটি কিসান চৌপালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে কেন্দ্র কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না। ২১ সেপ্টেম্বর ভাটিন্ডা সফরে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রে (কেভিকে) একটি কিসান মেলায় যোগ দেন। ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা নিয়ে একটি কিসান সংবাদেও উপস্থিত ছিলেন। ১৭ নভেম্বর তিনি যান মোহালির বদরপুর গ্রামে এবং কেভিকে সামরালায়। সেখানে ফসল বৈচিত্র্য, মাটির স্বাস্থ্য, কৃষি যন্ত্রায়ন ও নাড়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ২৪ নভেম্বর তরন তারন জেলার বুহ হাভেলিয়াঁ গ্রামে আরও একটি কিসান চৌপাল করেন তিনি।

বুহ হাভেলিয়াঁয় শিবরাজ আবার জানান, এমএসপি-তে ফসল কেনার প্রতিশ্রুতি থেকে কেন্দ্র সরছে না। তাঁর দাবি, কৃষকেরা যত গম ও ধান বিক্রি করতে এনেছিলেন, কেন্দ্র তার পুরোটাই কিনেছে। পাশাপাশি ডাল ও তুলো সংগ্রহেও সাহায্য করেছে। সামরালায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, পিএম-আরকেভিওয়াই (রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা) প্রকল্পে ২০২৬-২৭ সালের জন্য পঞ্জাবকে ২৫৪.২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সঙ্গে আরও সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট মূল্য ৯৮.৪৪ কোটি টাকা।

দিল্লি ও আশপাশের বায়ুদূষণের জন্য শুধু পঞ্জাবের কৃষকদের দায়ী করা হয়। সামরালাতেই সেই অভিযোগের বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়ান শিবরাজ। নাড়া পোড়ানো কমানোর চেষ্টার জন্য তাঁদের প্রশংসাও করেন। একই সুরে বুহ হাভেলিয়াঁর কৃষকদের তারিফ করে তিনি বলেন, টানা ছ'বছর তাঁরা ফসলের অবশিষ্টাংশ না পুড়িয়ে সামলেছেন, যা গোটা দেশের কাছে দৃষ্টান্ত। যন্ত্রপাতি ও ভর্তুকি নিয়েও কৃষকদের উদ্বেগ রয়েছে। তিনি আশ্বাস দেন, সেই বিষয়গুলি তোলা হবে এবং দিল্লিতে তা নিয়ে আলোচনা হবে।

কেন্দ্র এই আলাপচারিতাগুলিকে 'খেত বাঁচাও অভিযান'-এর অংশ বলছে। এই অভিযানে মন্ত্রী শুধু বড় সভা করছেন না, সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলছেন। অভিযানের ঘোষিত লক্ষ্য চারটি: মাটির স্বাস্থ্যের উন্নতি, চাষের খরচ কমানো, ফসল বৈচিত্র্য এবং কৃষকের আয় বাড়ানো।

মেটেনি সমস্যা

তবে এই আলাপচারিতায় হাজির কৃষকেরা অন্য কথা বলছেন। তাঁদের মতে, পুরনো সমস্যাগুলির সুরাহা না হলে শুধু স্বীকৃতি আর আশ্বাসে কাজ হবে না।

সামরালার আলোচনায় উপস্থিত ছিলেন কৃষক সুখজিৎ সিংহ দিওয়ালা। তিনি আলোচনাটিকে "ইতিবাচক" বলেছেন। তবে কৃষকসমাজের মূল দাবিগুলি নিয়ে "নীরবতা" কেন, সেই প্রশ্নও তুলেছেন। তাঁর মতে, এমন আলাপচারিতা বড়জোর "১-২ শতাংশ কৃষককে" প্রভাবিত করতে পারে। বিজেপি-অকালি দল জোটকেও তিনি বিশেষ আমল দেননি। তাঁর কথায়, এমএসপি এবং বন্দি সিংহদের (রাজনৈতিক বন্দি) মুক্তির দাবি না মেটানো পর্যন্ত এই জোটের কোনও মানে নেই।

তরন তারনের আলোচনায় যোগ দিয়েছিলেন কৃষক সুখবিন্দর সিংহ কীর্তোয়াল। তিনি বলেন, তাঁরা চান সরকার আগে এমএসপি ও ভর্তুকির বিষয়ে নজর দিক।

পঞ্জাবের বৃহত্তম কৃষক সংগঠন বিকেইউ (উগ্রাহাঁ)। তার সাধারণ সম্পাদক, কৃষক নেতা সুখদেব সিংহ কোকরিকলাঁ প্রশ্ন তুলেছেন, ২০২০-২১ সালের আন্দোলনের পরে তাঁদের অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, তার পরেও কেন কোনও বাস্তব পদক্ষেপ হয়নি। এ বিষয়ে তিনি দিওয়ালার সঙ্গে একমত। তাঁর মতে, বিজেপির এই কৃষক-সংযোগ উদ্যোগ বা অকালি দলের সঙ্গে জোট, কোনওটাই সংখ্যাগরিষ্ঠ কৃষকের মত বদলাতে পারবে না।

বিকেইউ (ডাকোন্দা) সংযুক্ত কিসান মোর্চার (এসকেএম) শরিক। এই সংগঠনের সাধারণ সম্পাদক জগমোহন সিংহ বলেন, "২০২২ সালের জুলাইয়ে কেন্দ্র একটি এমএসপি কমিটি গড়েছিল। সেই কমিটি এখনও রিপোর্ট দেয়নি। এমএসপি-কে আরও কার্যকর ও স্বচ্ছ করার উপায় বাতলানো ছিল তার দায়িত্ব। প্রাকৃতিক চাষ এবং ফসলের ধরনে বদল খতিয়ে দেখার দায়িত্বও ছিল... কিন্তু প্রায় চার বছর পরেও কমিটি একটিও রিপোর্ট জমা দেয়নি।"

ডাকোন্দা গোষ্ঠীর এই নেতা আরও জানান, এসকেএম-এর বেশির ভাগ শরিক সংগঠন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবু তারা বিজেপির থেকে দূরত্ব বজায় রাখবে।

কয়েকটি কৃষক সংগঠন অকালি দলকে সমর্থন জানিয়েছিল। তাদের মধ্যে রয়েছে বিকেইউ (কাদিয়াঁ) ও বিকেইউ (লাখোয়াল)। তারা বলছে, বিজেপির সঙ্গে অকালিদের জোট হলেও তাদের সেই অবস্থান বদলাবে না।

বিকেইউ (কাদিয়াঁ)-র সভাপতি হরমিত সিংহ কাদিয়াঁ জানান, আঞ্চলিক দলটির কাছে কী চান, তা তাঁরা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, "অকালি দলকে পঞ্জাবের স্বার্থের কথা বলতে হবে। কেন্দ্রের কাছে আমাদের যে সব দাবি আটকে আছে, সেগুলির মীমাংসা করাতে হবে। মঙ্গলবার আমরা তার ফলও দেখেছি। অকালি সভাপতি সুখবীর সিংহ বাদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এমএসপি, বন্দি সিংহ এবং পঞ্জাবের অন্যান্য বিষয় তুলেছেন। শাহও সাড়া দিয়েছেন। কর্তারপুর সাহিব করিডর আবার খোলা নিয়েও কথা হয়েছে।" কাদিয়াঁ শিবরাজের পঞ্জাব সফরেরও প্রশংসা করেন।

বিকেইউ (লাখোয়াল)-এর সাধারণ সম্পাদক হরিন্দর সিংহ লাখোয়াল বলেন, "বিজেপি যদি কৃষকদের দাবি মেনে নেয় এবং তাঁদের স্বার্থ বোঝে, তা হলে আমাদের কোনও আপত্তি নেই। তবে আমাদের সরাসরি সমর্থন অকালি দলের প্রতিই।"

কিন্তু ক্রান্তিকারী কিসান ইউনিয়নের সভাপতি দর্শন পাল অকালি-সমর্থক কৃষক সংগঠনগুলিকে সিদ্ধান্ত ভেবে দেখার আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, "কৃষি আইন-বিরোধী আন্দোলনের কথা আমরা ভুলিনি। বৃহস্পতিবার সেই আন্দোলনের ষষ্ঠ বর্ষপূর্তি। সে দিন আমরা অবশ্যই এ নিয়েও কথা বলব।"

কিসান মজদুর মোর্চার আহ্বায়ক সরওয়ান সিংহ পান্ধের বিজেপির না-রাখা প্রতিশ্রুতির তালিকা তুলে ধরেছেন। তার মধ্যে রয়েছে কৃষকের আয় দ্বিগুণ করা, এমএসপি-র নিশ্চয়তা দিতে আইন আনা, কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা প্রত্যাহার, লখিমপুর খেরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের "সুবিচার" নিশ্চিত করা, বিদ্যুৎ (সংশোধনী) বিল না আনা এবং দূষণ আইনের আওতা থেকে কৃষকদের বাদ রাখা।

২০২৪ সালের লোকসভা ভোটের আগে সুখবীর বাদল বলেছিলেন, তিনি আবার বিজেপির হাত ধরলে খালসা যেন তাঁর "ডিএনএ পরীক্ষা" করে। সেই মন্তব্য মনে করিয়ে দিয়ে পান্ধের বলেন, "অকালি দল বিজেপিকে কৃষক-বিরোধী বলেছিল। এখন কি বিজেপি কৃষক-দরদি হয়ে গেল?... শ্রী অকাল তখ্ত সাহিবের শিখ মতাদর্শ আর আরএসএস-এর মতাদর্শের মধ্যে মিলটা কোথায়?"

বিজেপির পঞ্জাব প্রদেশ সাধারণ সম্পাদক অনিল সারিন অবশ্য আত্মবিশ্বাসী যে দল এই উদ্বেগ কাটিয়ে উঠবে। তাঁর কথায়, "২০২০-র ইস্যুর জমানা শেষ। আমরা প্রতিটি গ্রামে কৃষকদের কাছে পৌঁছচ্ছি। গম ও ধানে এমএসপি আমরা ইতিমধ্যেই দিচ্ছি। প্রতিবেশী হরিয়ানা ২৪টি ফসলে এমএসপি দিচ্ছে। এখানেও সেই পথেই হাঁটা হবে।"

কয়েকটি কৃষক সংগঠনের বিরোধিতা নিয়ে তিনি বলেন, "কয়েক জন নেতা বাদে কৃষকেরা আমাদের সঙ্গেই আছেন। যাঁরা এ সব বলছেন, তাঁদের পটভূমি কী আর এতে তাঁদের স্বার্থ কী, সেটা খতিয়ে দেখা উচিত।"