দারিদ্রসীমার নীচে থাকা (বিপিএল) পরিবারের মহিলা, প্রবীণ ও দুঃস্থদের জন্য বছরে ৪০ হাজার টাকা পেনশনের প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। উত্তরপ্রদেশের শহরে শহরে ‘পিডিএ ক্যান্টিন’ ও ‘দাম বাঁধো বাজার’ খোলার প্রস্তাবও রয়েছে। সেখানে গরিব মানুষ, নির্মাণশ্রমিক ও গৃহহীনেরা ভর্তুকি দামে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবেন। সাংবাদিক, ইউটিউবার ও সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জন্য একটি কল্যাণনীতি আনার কথাও বলেছে দল। মহিলাদের জন্য আলাদা ইস্তাহার পরে প্রকাশ করা হবে।
আইনশৃঙ্খলা
সংগঠিত অপরাধ ও ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে একটি নির্দিষ্ট নীতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ যাদব। মহিলা, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), দলিত ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধকে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অখিলেশের কথায়, “রাজ্যে কোনও মাফিয়া বা গুন্ডাকে মাথা তুলতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনও মাফিয়া বা বাহুবলী ব্যবসায়ী, দোকানদার বা শিল্পোদ্যোগীদের হয়রান করতে পারবে না। সে জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।” তিনি জানান, এসপি সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে একটি বিশেষ টাস্ক ফোর্স ও একটি নজরদারি বাহিনী গড়বে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এসপি প্রধানের আরও বক্তব্য, “আমি কথা দিচ্ছি, আগামী বছর ক্ষমতায় এলে মাফিয়ারাজ, জমি দখল, তোলাবাজি, হুমকি, ভয় দেখানো বা মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। জাত, ধর্ম বা রাজনৈতিক রং যা-ই হোক, অপরাধী জেলে যাবেই।”
সামাজিক ন্যায়
এসপি-র প্রচারের মূল সুর প্রান্তিক মানুষের সামাজিক ন্যায় ও আর্থিক ক্ষমতায়ন। সেই সুরেই ইস্তাহারে ২০২৮ সালের মধ্যে জাতগণনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গণনার পরে এক বছরের মধ্যে তার ভিত্তিতে সামাজিক ন্যায় ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হবে।
পিডিএ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যক) ভোটব্যাঙ্ককে এককাট্টা করার রাজনৈতিক বার্তার সঙ্গে ইস্তাহারে রয়েছে বিরাট কল্যাণমূলক কর্মসূচি। তার মধ্যে আছে পাঁচ হাজার কোটি টাকার দলিত স্টার্টআপ তহবিল, রাজ্য বাজেটের ২০ শতাংশ দলিত কল্যাণে বরাদ্দ, মহিলাদের বছরে ৪০ হাজার টাকার সহায়তা এবং ১০ লক্ষ সরকারি শূন্যপদ পূরণের অঙ্গীকার। তফসিলি জাতি (এসসি), তফসিলি জনজাতি (এসটি) ও ওবিসি-দের জন্য সংরক্ষিত সব শূন্য সরকারি পদ ২০২৮ সালের মধ্যে পূরণ করার প্রতিশ্রুতিও দিয়েছে দল। বেসরকারি ক্ষেত্রেও সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ইস্তাহারের ‘দলিত সংকল্প’ অংশে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি দলিত উন্নয়ন পরিষদ গড়ার প্রস্তাব আছে। এসসি, এসটি ও ওবিসি সংরক্ষণ ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, তা দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সংরক্ষণ নিয়ন্ত্রক কমিশনের প্রস্তাবও রয়েছে। দলিত যুবকদের ব্যবসা শুরু করতে উৎসাহ দেবে দলিত স্টার্টআপ তহবিল। এক হাজার কোটি টাকার একটি বিদেশে শিক্ষা তহবিলেরও প্রস্তাব দিয়েছে দল। তা থেকে প্রতি বছর চার হাজার দলিত ছাত্রছাত্রী বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাবেন।
দলিত মহিলাদের সামাজিক ও আর্থিক ক্ষমতায়নের জন্য মহিলা বাজেটের ২০ শতাংশ আলাদা করে রাখা হবে। তাঁরাও বছরে ৪০ হাজার টাকার সহায়তা পাবেন। দলিত শিশুদের জন্য দলিত-প্রধান বসতিগুলিতে ‘হ্যাপিনেস সেন্টার’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে প্রাক্-প্রাথমিক শিক্ষা, পুষ্টি ও প্লে-স্কুলের ব্যবস্থা থাকবে। সংরক্ষিত শ্রেণির পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ভর্তি ও পরীক্ষায় কোনও ফি লাগবে না।
সরকারি দফতরে জমে থাকা শূন্যপদ পূরণে বিশেষ নিয়োগ অভিযানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বাছাই প্রক্রিয়া হবে স্বচ্ছ এবং ইন্টারভিউয়ের ভিডিয়ো রেকর্ড করা হবে। জনসংখ্যার অনুপাতে এসসি ও এসটি-দের জন্য বাজেট বরাদ্দ নিশ্চিত করতে একটি আইন আনার প্রস্তাবও রয়েছে। ভূমিহীন দলিত পরিবারগুলিকে যে বসতজমি ও চাষের জমি দেওয়া হয়েছে, তার মালিকানা তাদের দেওয়া হবে। সেই দখল রক্ষার নিশ্চয়তা দেবে সরকার।
পাঁচ কোটি টাকা পর্যন্ত সরকারি ঠিকায় পিডিএ ঠিকাদারদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিয়েছে দল। ৫০ কোটি টাকা পর্যন্ত ঠিকাতেও বিশেষ সুবিধা থাকবে। নির্যাতন ও বৈষম্যের শিকার দলিতদের আইনি সহায়তা, কাউন্সেলিং ও পরামর্শ দিতে এক জানলা অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র খোলারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মহিলা ও মেয়েদের জন্য
বিপিএল পরিবারের মহিলা, প্রবীণ ও দুঃস্থদের বছরে ৪০ হাজার টাকা পেনশনের পাশাপাশি সরকার গড়ার এক বছরের মধ্যে সব বিপিএল পরিবারের রেশন কার্ড মহিলাদের নামে করার প্রস্তাব দিয়েছে এসপি। মহিলাদের সম্পত্তির অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও আছে। জমির মালিকানা হবে স্বামী-স্ত্রীর যৌথ নামে, এবং মহিলাদের উত্তরাধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হবে।
কন্যাসন্তান জন্মালে তার নামে ৪০ গ্রাম পর্যন্ত সোনা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বিধবা, প্রতিবন্ধী বা অনাথ মেয়েকে বিয়ে করলে সেই পরিবার দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য ও একটি বাড়ি পাবে। নবম শ্রেণি থেকে ছাত্রীদের সাইকেল ও সৌরচালিত টেবিল ল্যাম্প দেওয়া হবে। অন্তঃসত্ত্বা মহিলা ও অপুষ্ট শিশুদের জন্য ‘হৌসলা পোষণ মিশন’ আবার চালু হবে, এবং প্রতিটি জেলায় ‘আশা জ্যোতি কেন্দ্র’ খোলা হবে। মহিলাদের নিরাপত্তা ও আর্থিক স্বাবলম্বনের জন্যও বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। দল জানিয়েছে, মহিলাদের জন্য বিস্তারিত ইস্তাহার আলাদা করে প্রকাশ করা হবে।
বেকারত্বের মোকাবিলা
কর্মসংস্থান এসপি-র আর একটি বড় ভরসা। ১০ লক্ষ সরকারি শূন্যপদ পূরণের প্রতিশ্রুতির সঙ্গে স্বচ্ছ নিয়োগব্যবস্থার প্রস্তাব রয়েছে। পরীক্ষা হবে বার্ষিক ক্যালেন্ডার মেনে, আর নিয়োগ শেষ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। বেকার স্নাতকেরা উপযুক্ত চাকরি না পাওয়া পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা বেকার ভাতা পাবেন। শহরাঞ্চলের জন্য একটি কর্মসংস্থান নিশ্চয়তা আইন আনার প্রস্তাবও আছে।
কৃষকদের জন্য সরকার গড়ার তিন মাসের মধ্যে সম্পূর্ণ কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বকেয়া বিদ্যুতের বিলও মকুব হবে। দুধ-সহ সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তা দেওয়া হবে স্বামীনাথন সূত্র মেনে। দশ হাজার কোটি টাকার একটি ঘূর্ণায়মান তহবিল থেকে আখচাষিরা ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাবেন।
কারিগর ও শ্রমিকদের জন্য বছরে ৪০ হাজার টাকা পেনশন, ১০ লক্ষ টাকার বিমা ক্ষতিপূরণ এবং একটি ‘লিভিং ওয়েজ’ (জীবনধারণযোগ্য মজুরি) প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুরুতর অসুখ ও দুর্ঘটনাজনিত আঘাতে বিপিএল পরিবারগুলি ২০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবে। বছরে দেড় লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলির জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা হবে বিনামূল্যে।
গরিবের জন্য ‘সমাজবাদী থালি’
পিডিএ ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় মিলবে ‘সমাজবাদী থালি’। অন্ত্যোদয় প্রকল্পে বিনামূল্যে গম ও চাল দেওয়া চলবে, তার সঙ্গে ডাল ও ভোজ্য তেলও যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।