ঠাকুমা চরণ কৌরের মরদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা দেবে ট্রাক্টর-ট্রলি। অমৃতপাল সিংও উঠে বসলেন তাতে। গ্রামের সরু রাস্তা ধরে ট্রলি যত এগোল, সাংসদকে এক ঝলক দেখতে পাশের খেতের মধ্য দিয়ে ছুটলেন সমর্থকেরা। পিছনে কয়েকশো মানুষ, কেউ হেঁটে, কেউ গাড়িতে। শ্মশান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ। মিনিট পনেরোর সেই যাত্রায় পারিবারিক শবযাত্রা ক্রমেই চেহারা নিল এক বিরাট রাজনৈতিক মিছিলের।
ভিড়ের চাপে অস্থায়ী ব্যারিকেড ভেঙে পড়ল। লোক সামলাতে হিমশিম খেল পুলিশ। তবে শ্মশানের ভিতরের লোহার বেড়া অক্ষত ছিল। শেষ একশো মিটার অমৃতপালকে নিরাপদে নিয়ে যেতে পুলিশ আলাদা নিরাপত্তাবলয় তৈরি করেছিল। দাহের জন্য নির্দিষ্ট উঁচু বেদিতে তিনি উঠতেই চারদিক থেকে তাঁর সমর্থনে স্লোগান উঠল। পরনে প্রথাগত পোশাক। উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দিলেন অমৃতপাল। তবে বক্তৃতা করলেন না। প্রকাশ্যে কোনও রাজনৈতিক ইঙ্গিতও দিলেন না। সমাবেশের চেহারা রাজনৈতিক জনসভার, অথচ যাঁকে ঘিরে এত লোক, সেই সাংসদই নীরব।
আজনালা থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ২০২৩ সালের এপ্রিল থেকে অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি অমৃতপাল। দীর্ঘ অসুস্থতার পর গত ৮ নভেম্বর তাঁর ঠাকুমা চরণ কৌরের মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৪ বছর। নাতি যাতে শেষকৃত্যে যোগ দিতে পারেন, সে জন্য পরিবার সৎকার পিছিয়ে দিয়েছিল। অমৃতসরের একটি আদালত ২১ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তিন ঘণ্টার জন্য পুলিশি হেফাজতে অমৃতপালকে প্যারোলে মুক্তি দেয়। পরবর্তী আচার-অনুষ্ঠানে ভিডিয়োযোগে অংশ নেওয়ার অনুমতিও দেয় আদালত।
এ দিন প্রকাশ্যে অমৃতপালের হাতে হাতকড়া ছিল না। সঙ্গে ছিলেন স্ত্রী কিরণদীপ কৌর। তাঁর কাকা হরজিৎ সিংও শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে হরজিতের হাতে গোটা সময়ই হাতকড়া ছিল। অমৃতপালদের পৈতৃক বাড়িতে নিরাপত্তার কড়াকড়ি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। যাঁরা ভিতরে ঢুকেছিলেন, তাঁদের মোবাইল ফোন সঙ্গে নেওয়া বা ভিডিয়ো তোলার অনুমতি ছিল না।
বাড়ির বাইরে তখন পাঞ্জাবের নানা জেলা থেকে মানুষ এসে জড়ো হয়েছেন। রাস্তার ধারে দাঁড়ানো নারী-পুরুষের অনেকের হাতে পতাকা, কারও হাতে অমৃতপালের ছবি দেওয়া প্ল্যাকার্ড। উপস্থিত অনেকেরই বক্তব্য, তাঁরা স্বেচ্ছায় এসেছেন। বাসে এসেছেন খুব কম লোক। বেশির ভাগই নিজের খরচে নিজের গাড়িতে এসেছেন।
বারনালা জেলা থেকে আসা কাশ্মীর কৌরের মতে, অমৃতপালকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। এই ভিড় দেখে বোঝা যায়, মানুষ তাঁকে কতটা ভালবাসেন। ফতেগড় সাহিব থেকে এসেছিলেন হরদেব সিং। জানালেন, জীবনে কোনও রাজনৈতিক জনসভায় যাননি। কিন্তু সাংসদকে এক বার চোখের দেখা দেখবেন বলেই জল্লুপুর খেরায় আসার তাগিদ অনুভব করেছিলেন।
এত মানুষের ভিড় সামলাতে গাড়ি রাখার জন্য বেশ কয়েকটি জায়গা নির্দিষ্ট করেছিল প্রশাসন। গ্রামে ঢোকার চার কিলোমিটার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণেরও চেষ্টা চলে। হাজার হাজার মানুষ গ্রামে জড়ো হওয়ার পর মোবাইল ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটছিল বলে খবর। এমনকি কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মীকেও নিজেদের মোবাইলে অমৃতপালের ভিডিয়ো তুলতে দেখা যায়।
শেষকৃত্যে হাজির ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও। শিরোমণি অকালি দলের বিধায়ক মনপ্রীত সিং আয়ালি এখন অকালি দল (ডব্লিউপিডি)-এর সঙ্গে রয়েছেন। ট্রাক্টর-ট্রলিতে তাঁকে অমৃতপালের পাশে দেখা যায়। এসেছিলেন শিরোমণি অকালি দল (পুনর সুরজিৎ)-এর নেতা সুচা সিং ছোটেপুর ও সান্তা সিং উমেদপুরী।
আরও এক জনের উপস্থিতি নজর কেড়েছে। পাঞ্জাব সরকারের মুখ্য ইঞ্জিনিয়ার জিতেন্দর সিং ভাঙ্গুকে শ্মশানের মূল বেদিতে অমৃতপাল ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে শিরোমণি অকালি দল অভিযোগ করেছিল, সরকারি পদে থেকেও ভাঙ্গু ওই সাংসদের হয়ে কাজ করছেন।
এত ভিড় আর উত্তেজনার মধ্যেও শেষকৃত্য শান্তিতেই শেষ হয়। আইনশৃঙ্খলার বড় কোনও সমস্যার খবর পাওয়া যায়নি। সৎকারের পর শেষ প্রার্থনার জন্য অমৃতপালকে স্থানীয় একটি গুরুদ্বারে নিয়ে যায় পুলিশ। তিন ঘণ্টার মেয়াদ ফুরোলে সরকারি গাড়িতে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলীয় নেতার দাবি, হাজার হাজার মানুষ যে ভাবে শান্তি বজায় রেখেছেন, তা থেকেই বোঝা যায়, অমৃতপালের উপস্থিতি পাঞ্জাবের আইনশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক নয়। তাঁর আর্জি, মানুষের এই সাড়া দেখে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য অমৃতপালকে পাঞ্জাবে ফেরার অনুমতি দিক প্রশাসন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।