আগামী গরমে সন্ধ্যার চাহিদা মেটানোর মতো বিদ্যুৎ হাতে থাকবে তো? একটানা বিদ্যুৎ জোগাতে পারে, এমন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনক্ষমতায় ঘাটতির আশঙ্কায় কেন্দ্রে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। রাজ্যগুলিকে বলা হয়েছে, যে মূল্যেই হোক, বিদ্যুতের জোগান নিশ্চিত করতে হবে। আগামী কয়েক মাসের জন্য স্বল্পমেয়াদি চুক্তিতে আগাম বিদ্যুৎ কিনতে নেমেছে একাধিক রাজ্য। কোথাও কোথাও দর উঠেছে ইউনিটপিছু ১৯ থেকে ২০ টাকা।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের ‘ডিপ’ পোর্টালের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের বিভিন্ন সময়ের জন্য বাড়তি বিদ্যুৎ কিনতে অন্তত পাঁচটি রাজ্য এবং কয়েকটি বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থা দরপত্র ডেকেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, রাজস্থান ও গুজরাত। আগামী বছরের গোড়ায় বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশও বাড়তি বিদ্যুতের জোগান নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

স্বল্পমেয়াদি চুক্তিতে এত দাম উঠছে কেন?

নয়ডা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং আদানি ইলেকট্রিসিটি মুম্বই লিমিটেডও দরপত্র ডেকেছে। কয়েকটি দরপত্রে ইউনিটপিছু যে ১৯–২০ টাকা দর উঠেছে, তা বিদ্যুৎ এক্সচেঞ্জের সাধারণ স্পট বাজারের ঊর্ধ্বসীমার অনেক উপরে। ওই বাজারে সর্বোচ্চ দর ইউনিটপিছু ১০ টাকা। তবে বেশি দামের বিদ্যুৎ পরের দিনের জন্য কেনাবেচার বিশেষ বাজারে (এইচপি-ডিএএম) দর ২০ টাকা পর্যন্ত উঠতে পারে।

চিন্তা সবচেয়ে বেশি গরমের সন্ধ্যা নিয়ে। সূর্য ডুবে গেলে সৌরবিদ্যুতের জোগান বন্ধ হয়ে যায়, অথচ তখনও বিদ্যুতের চাহিদা বেশি থাকে। চলতি বছরে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় ঘাটতি কিছুটা সামলানো গিয়েছে। আগামী গরমের গোড়া থেকেই পরিস্থিতি কঠিন হতে পারে। গ্রিড ইন্ডিয়ার দৈনিক তথ্য বলছে, চাহিদা তুলনায় কম থাকার এই মাসগুলিতেও দিনের বেলায়, যখন সৌরবিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তখনও কখনও কখনও গ্রিডের ফ্রিকোয়েন্সি নির্ধারিত নিম্নসীমা ৪৯.৯ হার্টজের নীচে নেমে যাচ্ছে। সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কতটা কমেছে কয়লার মজুত?

বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লার উপর নির্ভরতা বেড়েছে। এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুত প্রায় ৬৬ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ে তা কমেছিল প্রায় ২৩ শতাংশ। সে বার এপ্রিলের গোড়ায় ৫ কোটি ৫২ লক্ষ টন কয়লা ছিল। সেপ্টেম্বরের শেষে ছিল ৪ কোটি ২৬ লক্ষ টন। ২০২৪ ও ২০২৩ সালের একই সময়ে মজুত কমেছিল যথাক্রমে ৩১.৮ ও ৩৬.৮ শতাংশ।

এ বছর এপ্রিলের গোড়ায় দেশীয় কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত ছিল প্রায় সাড়ে পাঁচ কোটি টন কয়লা। ১৫ নভেম্বর তা দাঁড়িয়েছে ২ কোটি ৭ লক্ষ ৯০ হাজার টনে। বিদ্যুৎ মন্ত্রকের কর্তাদের বক্তব্য, আগামী গরমের আগে এই মজুত আবার বাড়ানো এখন অগ্রাধিকার পাচ্ছে।

নিয়ম অনুযায়ী, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রায় ৫ কোটি ৯০ লক্ষ টন কয়লা মজুত রাখার কথা। বর্তমানে সেখানে সর্বোচ্চ ৮ কোটি টন রাখা যায়, যা দিয়ে প্রায় ৩০ দিন চলতে পারে। মন্ত্রক মজুতের জায়গা বাড়ানোর উপায় খতিয়ে দেখছে বলে জানা গেছে। ধারণক্ষমতা দ্বিগুণ করে ১৬ কোটি টনে নিয়ে যাওয়ার কথাও আলোচনায় রয়েছে। তাতে প্রায় ৬০ দিনের কয়লা হাতে থাকবে। তবে এত কয়লা রাখতে হলে কেন্দ্রগুলিতে বাড়তি জায়গা লাগবে।

আগের পরিকল্পনায় কোথায় ফাঁক ছিল?

দেশে সৌরবিদ্যুৎ-সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন দ্রুত বাড়ছে। কিন্তু দিনের বেলার বাড়তি বিদ্যুৎ জমিয়ে রেখে সন্ধ্যায় ব্যবহারের ব্যবস্থা সেই হারে গড়ে ওঠেনি। এতে গ্রিডে জোগানের ভারসাম্য বজায় রাখা কঠিন হচ্ছে। তার উপরে প্রায় এক দশক আগে তাপবিদ্যুতের সম্প্রসারণ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। গরমের সন্ধ্যায় সৌরবিদ্যুৎ কমে এলে একটানা জোগান বজায় রাখতে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিরই বড় ভূমিকা থাকে।

বিদ্যুৎ মন্ত্রকের ২০১৭–২২ সালের জাতীয় বিদ্যুৎ পরিকল্পনায় তখন নির্মীয়মাণ ৫০ গিগাওয়াট ক্ষমতার প্রকল্পগুলি ছাড়া ২০২২-এর পরে নতুন তাপবিদ্যুৎ ক্ষমতা যোগ করার কথা রাখা হয়নি। জোর দেওয়া হয়েছিল পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর। বিশ্ববাজারে কয়লার দাম বেড়ে যাওয়ায় আমদানি করা কয়লার উপর নির্ভরশীল প্রকল্পগুলিকেও নিরুৎসাহ করা হয়েছিল।

এখন কতটা নতুন কয়লাভিত্তিক উৎপাদনক্ষমতা দরকার, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) তা নতুন করে পর্যালোচনা করতে বলেছে। বর্তমান পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে ৯৭ গিগাওয়াট ক্ষমতা যোগ করার কথা। অথচ ১৩ অক্টোবরের এক বৈঠকে সিইএ-র চেয়ারম্যান ঘনশ্যাম প্রসাদ জানান, ওই সময়ের মধ্যে মোট ১০৫ থেকে ১৫০ গিগাওয়াট কয়লাভিত্তিক উৎপাদনক্ষমতা যোগ করার প্রয়োজন হতে পারে।

২০১৬–১৭ সালের পরিকল্পনার ঘাটতি সামলাতে ইতিমধ্যেই কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। একই নকশায় একসঙ্গে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন করে জোর দেওয়া হচ্ছে। বড় তাপবিদ্যুৎ প্রকল্প গড়ার কাজও ফের গুরুত্ব পাচ্ছে। বন্ধ পড়ে থাকা কেন্দ্র চালু করতে কয়লা আমদানি করা হয়েছে। গত বছর সিইএ নির্দেশ দিয়েছে, সমস্ত নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থাও রাখতে হবে।