সাত বছর বয়সে বাবার পাশে ফুটপাথে বসে স্মৃতি ইরানি জানতে চেয়েছিলেন, “আচ্ছা, একদিন যদি এই রাস্তাতেই আমাদের নিজেদের একটা বাড়ি হয়?” তেতাল্লিশ বছর পরে সেই রাস্তায় নিজের বাড়ির দরজায় বাবাকে দাঁড় করিয়ে মেয়ে বললেন, “সাত বছর বয়সে তোমাকে কথাটা বলেছিলাম। আজ পঞ্চাশে এসে সেই কথা রাখলাম।”

লখনউয়ে ‘স্ক্রিন এক্সপ্রেসো’র সপ্তদশ আসরে অভিনেত্রী ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী। উত্তর দিতে গিয়ে তিনি ফিরে গেলেন দিল্লির ধৌলা কুয়াঁর এক বাসস্টপে। উল্টো দিকে আর্মি ক্লাব। বাসস্টপে একটা চাদর পেতে তাঁর বাবা হিন্দি বই বিক্রি করতেন।

সম্পাদক সৌরভ দ্বিবেদীকে স্মৃতি বললেন, “আমার বয়স তখন বছর সাতেক। সময়টার কথা খুব স্পষ্ট মনে আছে, কারণ ওই বয়সেই আমার বাবা-মা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।”

বাবার কাছে মেয়ের কত প্রশ্ন। ধৌলা কুয়াঁর বাসস্টপে তিনি হিন্দি বই বিক্রি করেন, অথচ এখন যেখানে আনন্দ নিকেতন আর শান্তি নিকেতন, সেখানে নিয়ে যান ইংরেজি বই। কেন? বাবা বুঝিয়েছিলেন, সন্ধেবেলা দিল্লি থেকে যে শ্রমিকেরা বাড়ি ফেরেন, তাঁরা ওই বাসস্টপে কম দামের হিন্দি বই কেনেন। আর ওই সব পাড়ায় সচ্ছল পরিবারগুলির বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে ইংরেজি বইয়েরও ক্রেতা আছেন। কেউ ইংরেজি পড়তে ভালবাসেন, কেউ ভাষাটা শিখতে চান।

আর কে পুরমের ছয় নম্বর সেক্টরে এক পুরনো কাগজের ব্যবসায়ীর কাছ থেকে বাবা ‘টাইম’ পত্রিকার পুরনো সংখ্যা কিনতেন। এক দূতাবাস থেকে বাতিল করা পত্রিকাগুলি ওই ব্যবসায়ীর কাছে আসত। স্মৃতির বাবা সেগুলি ফুটপাথে বিক্রি করতেন। স্মৃতি বললেন, “বাবা বলতেন, দুনিয়ার রাজনীতিতে কোথায় কী ঘটছে, সে সবও ওঁরা জানতে চান। তাই আমরা ‘টাইম’-এর পুরনো সংখ্যাও বিক্রি করতাম।”

বহু বছর পরে, ২০২৫ সালে নিউ ইয়র্কে ‘টাইম ১০০ নেক্সট’-এর অনুষ্ঠানে, নিজের পরিচয় দিতে গিয়ে স্মৃতি সেই ফুটপাথের কথাই বলেছিলেন। “আমি সেই বই বিক্রেতার মেয়ে, যিনি ‘টাইম’ পত্রিকার পুরনো সংখ্যা বিক্রি করতেন।”

‘একদিন যদি আমাদেরও কেউ এ ভাবে স্যালুট করে?’

বাবা যখন বই বেচতেন, মেয়েকে ব্যস্ত রাখতে তার হাতে একটা টিফিনের বাক্স ধরিয়ে দিতেন। স্মৃতির আজও মনে আছে বাবার কথাগুলো, “যত খুচরো পয়সা আসবে, সব এই বাক্সে রাখবে। এই হল তোমার কাজ।”

সেখানে বসেই ছোট্ট স্মৃতি দেখতেন, আর্মি ক্লাবের ফটক দিয়ে গাড়ি ঢুকছে। গাড়ির পতাকা, লোকজনের স্যালুট করা, সবই তাঁর চোখে পড়ত। ওই রাস্তায় নিজেদের একটা বাড়ির ইচ্ছের পাশাপাশি বাবার কাছে তাঁর আরও একটি প্রশ্ন ছিল, “একদিন যদি আমাদেরও কেউ এ ভাবে স্যালুট করে?”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে হেরে যাওয়ার পরে স্মৃতি অভিনয়ে ফেরেন। শুরু করেন ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের দ্বিতীয় সিজ়নের কাজ। সেই সময়েই তিনি বাড়ি কেনেন সেই রাস্তায়, যেখানে একদিন তাঁর বাবা বই বিক্রি করতেন।

“বাড়িটা তৈরি হওয়ার পরে আর কাউকে আগে পা রাখতে দিইনি,” বললেন স্মৃতি। পঁচাত্তর বছর বয়সি বাবাকে ডেকে আনলেন। তাঁকে ফটকে দাঁড় করিয়ে আঙুল তুলে দেখালেন রাস্তাটা। মনে করিয়ে দিলেন সাত বছর বয়সের সেই কথা। সৌরভকে স্মৃতি বললেন, “আপনি জানতে চেয়েছিলেন, জীবনে সাফল্য বলতে আমি কী বুঝি। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যদি একটাই বলতে হয়, তা হলে এটাই।”

নিজের একটা বাড়ি, ব্যাঙ্কে কিছু টাকা

স্মৃতি বললেন, “আমি যে আর্থিক অবস্থায় বড় হয়েছি, সেখানে আসল কথা ছিল নিজের একটা বাড়ি থাকা। কিংবা ব্যাঙ্কে অন্তত এমন কিছু টাকা থাকা, যাতে সামনের মাসের মাইনেটা না এলে দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক না হয়।”

সংবাদমাধ্যম ও রাজনীতিতে কাটানো তিরিশ বছরের কথা বলতে গিয়ে তাঁর মন্তব্য, “আমার কাছে একটা সুযোগ পাওয়াই সাফল্য।” আর ছিল দিনের শেষে বাড়ি ফেরার আনন্দ। তাঁর কথায়, “ঘরের চার দেওয়ালের বাইরে আমি কে, তা নিয়ে আমার পরিবারের কারও মাথাব্যথা ছিল না। এমন একটা পরিবারের কাছে ফিরতে পারতাম, জীবনে এই ভারসাম্যটা ছিল। সেটাও সাফল্য।”

অনুষ্ঠানের অন্য অতিথি ছিলেন ম্যাক্স হেলথকেয়ার গোষ্ঠীর এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক অম্বরীশ মিঠল। তাঁর কথায়, “আমার ভাবনা সাদামাটা, মধ্যবিত্তের ভাবনা। যে কাজ ভালবাসেন, সেই কাজ করে যদি রোজগার করতে পারেন আর তার জন্য স্বীকৃতি পান, সেটাই সত্যিকারের সাফল্য। রোজ সকালে উঠে পছন্দের কাজটা করছেন, তাতে সংসার ভাল ভাবে চলছে, মানুষ আপনার কাজের কদর করছেন। এর চেয়ে ভাল আর কী হতে পারে?”

অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা টানলে কষ্টই বাড়ে, মনে করেন মিঠল। তাঁর পরামর্শ, “ডাক্তার হলে ভাল ডাক্তার হওয়ার চেষ্টা করুন, ব্যাঙ্কে কাজ করলে ভাল ব্যাঙ্কার, অভিনয় করলে ভাল অভিনেতা।”