বিয়ের আশ্বাস দিয়ে গোরক্ষপুর স্টেশনে ডেকেছিলেন যে যুবক, আজমগড়ের তরুণী সেখানে পৌঁছে দেখেন, তাঁকে নিতে এসেছেন এক দম্পতি। তাঁদের সঙ্গে গোরক্ষপুর থেকে বিহারের পূর্ণিয়ায় যান তিনি। সেখানে তাঁকে কাজের প্রতিশ্রুতি দেন আরও দু’জন। উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, ওই উনিশ বছরের তরুণীকে শেষ পর্যন্ত প্রায় এক লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয় পশ্চিমবঙ্গে। মা থানায় নিখোঁজের অভিযোগ জানানোর ঠিক আট মাস পরে, ১৮ নভেম্বর, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় যৌনপল্লির একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। তিন রাজ্য জুড়ে চলা তদন্তে এখনও পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৮ মার্চ আজমগড়ের অহরৌলা থানায় গিয়ে তরুণীর মা জানিয়েছিলেন, মেয়ে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়েছেন। তাঁর খোঁজ মিলছে না। পরে তদন্তকারীরা জানতে পারেন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবা মণ্ডলের সঙ্গে প্রায় দু’মাস ধরে ফোনে কথা হত তরুণীর। পুলিশের দাবি, সেই আলাপের সূত্রেই শিবা তাঁকে বিয়ে করবেন বলে গোরক্ষপুরে ডাকেন। নিজে না গিয়ে স্টেশনে পাঠান অভিষেক রাজ ও তাঁর স্ত্রী সিতারা খাতুনকে। পুলিশের বক্তব্য, ওই দম্পতি তরুণীকে পূর্ণিয়ায় নিয়ে যান। গফ্ফার মিয়াঁ নামে এক ব্যক্তিও তাঁকে সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ।

তরুণীর বয়ান অনুযায়ী, পূর্ণিয়ায় তাঁর সঙ্গে দেখা হয় মহেশ কুমার ও সুরেশ রামের। কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাঁরা তাঁকে সরিতা নামে এক মহিলার কাছে নিয়ে যান। পুলিশের অভিযোগ, সরিতাই উত্তর দিনাজপুরের বাসিন্দা মহম্মদ আলির কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেন। আর যাঁরা তরুণীকে সরিতার কাছে পৌঁছে দিয়েছিলেন, তাঁরা কমিশন বাবদ প্রত্যেকে পেয়েছিলেন আট হাজার টাকা।

পুলিশকে তরুণী জানিয়েছেন, সরিতার বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়। এর পর আলি তাঁকে পাঞ্জিপাড়ায় নিয়ে গিয়ে আটকে রাখেন এবং যৌনকর্মে বাধ্য করেন বলে অভিযোগ। তরুণীর কথায়, তিনি একাধিক বার সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাইরে বেরোলেই আলির লোকজন তাঁকে ধরে ফিরিয়ে আনতেন।

এই মামলায় প্রথম গ্রেপ্তার হন শিবা। ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ থেকে তাঁকে ধরে আজমগড় পুলিশ। তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ৫ নভেম্বর বিহারের পূর্ব চম্পারণ থেকে অভিষেক ও সিতারাকে গ্রেপ্তার করা হয়। চার দিন পরে ধরা পড়েন গফ্ফার। পুলিশ জানিয়েছে, জেরায় তিনি প্রথমে দাবি করেছিলেন, তরুণীকে বাংলাদেশে বিক্রি করা হয়েছে। পরে তাঁর কাছ থেকেই সরিতার নাম জানতে পারেন তদন্তকারীরা। সেখান থেকে খোঁজ মেলে আলির।

১৮ নভেম্বর অহরৌলা থানার পুলিশ ও আজমগড়ের মানবপাচার দমন শাখা যৌথভাবে পাঞ্জিপাড়ায় অভিযান চালায়। তরুণীকে উদ্ধারের পাশাপাশি সেখান থেকেই গ্রেপ্তার করা হয় আলি, সুরেশ ও মহেশকে। আজমগড়ের সিনিয়র পুলিশ সুপার অনিল কুমার জানান, সুরেশ বিহারের মুজফ্‌ফরপুরের বাসিন্দা। মহেশের বাড়ি পূর্ব চম্পারণে। এই তিন জনকে নিয়ে মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত। চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে আরও দু’জনকে, যাঁরা অন্য মামলায় বিহারের জেলে রয়েছেন।

ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা মন্দিরের আশপাশে ঘরছাড়া কিংবা বিপদে পড়া মেয়েদের খুঁজতেন চক্রের সদস্যেরা। কখনও কোনও সংস্থায় চাকরি দেওয়ার আশ্বাস দিতেন, কখনও ঘনিষ্ঠতা গড়ে তুলে বিয়ের কথা বলতেন। তার পর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ভার নিতেন আলাদা আলাদা লোক। তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মামলায় ইতিমধ্যে মানবপাচার, যৌন শোষণ এবং সংগঠিত অপরাধের ধারা যোগ করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, সরিতা-সহ আরও পাঁচ অভিযুক্তের খোঁজ চলছে। নিখোঁজ অন্য কোনও তরুণীও এই চক্রের হাতে পড়েছেন কি না, এখন তারই খোঁজ করছেন তদন্তকারীরা।