সমাবর্তনের মতো বিশেষ শিক্ষা অনুষ্ঠানে প্রচলিত গাউনের বদলে দেশি তাঁতের পোশাক চালু করতে রাজ্যের সব সরকার-পোষিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী হতে বলল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। তবে কোনও নির্দিষ্ট নকশা বা পোশাকবিধি সরকার বেঁধে দেয়নি।
সোমবার উপাচার্যদের পাঠানো চিঠিতে উচ্চশিক্ষা দফতর লিখেছে, “ইউজিসি যেমন জানিয়েছে, দেশি তাঁতের কাপড়ে তৈরি আনুষ্ঠানিক পোশাক ভারতের আবহাওয়ায় অনেক বেশি উপযোগী ও আরামদায়ক। তা আমাদের দেশজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গভীর গর্ববোধ জাগায় এবং গ্রামীণ তাঁতশিল্প ও তাঁতিদের জীবিকাকে উল্লেখযোগ্য ভাবে সাহায্য করে।” চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৫, ২০১৯ ও ২০২৪ সালের নির্দেশিকার উল্লেখ রয়েছে, যেখানে সমাবর্তনের গাউনের বদলে তাঁতের পোশাক ব্যবহারের সুপারিশ করা হয়েছিল।
চিঠিতে আরও বলা হয়েছে, “এ-ও লক্ষণীয় যে, ইউজিসি এই পোশাকের কোনও কঠোর বা অভিন্ন নকশা নির্ধারণ করেনি। ফলে উত্তরীয়ের মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক অন্তর্ভুক্ত করার এবং বিশিষ্ট অতিথি ও স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিপ্রাপকদের জন্য আলাদা আনুষ্ঠানিক পোশাক তৈরির স্বাধীনতা বিশ্ববিদ্যালয়গুলির রয়েছে। ভারতীয় ঐতিহ্য, আবহাওয়া ইত্যাদি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য নকশা বেছে নিতে পারে।” ইউজিসি-র নির্দেশিকা মেনে এ বিষয়ে কী পদক্ষেপ করা হল, সমাবর্তনের পোশাকের ছবি ও ভিডিয়ো-সহ তা ইউজিসি-র ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি মনিটরিং পোর্টাল’-এ আপলোড করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়েছে।
এই নির্দেশিকা এল উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি পোস্টের কয়েক দিন পরে। এক্স-এ তিনি লিখেছিলেন, “জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রচলিত অ্যাকাডেমিক গাউনের বদলে ঐতিহ্যবাহী উত্তরীয় বেছে নিয়ে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরলাম… আত্মনির্ভর ভারত গড়ার পথে আমাদের শিক্ষাব্যবস্থাতেও সভ্যতার মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন থাকা উচিত।”
সূত্রের খবর, প্রচলিত অ্যাকাডেমিক গাউনের বদলে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক চালু করতে বিশ্ববিদ্যালয়ের নিয়মবিধি সংশোধনের প্রয়োজন হবে কি না, তা উপাচার্যদের কাছে জানতে চেয়েছিল উচ্চশিক্ষা দফতর। প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক আইআইটি সমাবর্তনে কালো গাউনের বদলে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক চালু করেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।