অতীতের সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বাম জমানায় রাজবংশী মানুষের জমির মালিকানা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়ে তাঁদের জমি থেকে বঞ্চিত করা হয়েছে। এই মন্তব্যে সীমান্তবর্তী কোচবিহার জেলায় জমির অধিকার ও জনবিন্যাসের বদল নিয়ে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গের বিভিন্ন অংশের ভূমিপুত্রদের ভাষা রাজবংশীকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। বিজেপির বিধানসভা নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি ছিল।

বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেন, “আমার অবস্থান খুবই স্পষ্ট। ২০১৯ সাল থেকে রাজবংশী সম্প্রদায় জাতীয়তাবাদীদের সঙ্গে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির উপর আস্থা রেখেছে। ওঁদের ভাষা, সংস্কৃতি, আর্থিক অবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে আমরা অত্যন্ত যত্নশীল।”

তিনি আরও বলেন, “বৈঠকে বেশ কয়েকজন প্রতিনিধি তাঁদের যন্ত্রণার কথা জানিয়েছেন। একসময় এই অঞ্চলে তাঁদের পরিবারের হাতে বিপুল পরিমাণ জমি ছিল, ধীরে ধীরে তার বেশিরভাগেরই মালিকানা হাতছাড়া হয়ে গিয়েছে। তাঁরা বলেছেন, যে আদি বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম এখানে বাস করছেন, তাঁদেরই জমি থেকে বঞ্চিত করা হয়েছে। এর জন্য মূলত সিপিএম দায়ী। বর্গা আইনের মাধ্যমে ভূমি সংস্কারের নামে সিপিএম কুলবাসীদের (আদিবাসী বা জনজাতি) জমি কেড়ে নিয়েছে এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে বিপুল পরিমাণ জমি তুলে দিয়েছে। এগুলো এখন আর ফেরানো যাবে না, কিন্তু ভবিষ্যতে যা করার, তা অবশ্যই করা হবে।”

রাজবংশী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, আর্থিক স্বার্থ ও রাজনৈতিক আকাঙ্ক্ষা রক্ষার অঙ্গীকারও করেন মুখ্যমন্ত্রী। অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতির কথা ফের মনে করিয়ে দেন তিনি। শুভেন্দুর কথায়, “বাম সরকার বা তৃণমূল সরকার, কেউই রাজ্য মন্ত্রিসভায় রাজবংশী সম্প্রদায়কে বর্তমান সরকারের মতো এতটা প্রতিনিধিত্ব দেয়নি। যতদূর জানি, এর আগে কোনও মুখ্যমন্ত্রী রাসমেলার উদ্বোধনে আসেননি। আমাদের (বিজেপির) সংকল্পপত্রে যা যা বলা হয়েছে, সবই আমরা করব, রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা-সহ। ভাষার নাম নিয়ে (রাজবংশী ও কামতাপুরী) নানা প্রস্তাব রয়েছে। সেগুলি আমরা কেন্দ্রের কাছে পাঠাব, স্বরাষ্ট্র মন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ১৯ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে আমরা বিষয়টি তুলেছি। রাজ্যের মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে আমি সেই বৈঠকে ছিলাম।”

এ ছাড়া ২৯টি ঐতিহ্যবাহী ভবনের উন্নয়ন, রাজবংশী স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ, লোকশিল্পীদের ভাতা এবং ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজবংশী সমাজের নেতৃবৃন্দ, বিশিষ্ট লেখক, চিকিৎসক, বুদ্ধিজীবী, সমাজকর্মী এবং জনপ্রতিনিধিরা।

অনুপ্রবেশকারীদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ

বাংলাদেশ থেকে অবৈধ ভাবে কোচবিহার জেলায় ঢুকেছেন বলে অভিযোগ, এমন মুসলিম অনুপ্রবেশকারীদের “এক এক করে” খুঁজে বার করে ফেরত পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশ দেওয়া হয় কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশীকে। শুভেন্দু বলেন, “এই জেলায় বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের এক এক করে চিহ্নিত করতে হবে, খুঁজে বার করতে হবে। যে পথে ওরা ঢুকেছে, সেই পথেই ফেরত পাঠাতে হবে। ওদের তাড়াতে হবে।”

তবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা উচিত নয় বলেও জানান তিনি। তাঁর যুক্তি, ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে, প্রাণ বাঁচাতে তাঁরা সীমান্ত পেরিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “সীমান্তের ওপার থেকে যে হিন্দুরা এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী। নিজেদের ধর্ম রক্ষা করতে, প্রাণ বাঁচাতে তাঁরা এখানে এসেছেন। তাঁদের আশ্রয় দিতে হবে।”

মহিলাদের বিরুদ্ধে হিংসা তাঁর সরকার বরদাস্ত করবে না বলেও জানান শুভেন্দু, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ বাহিনী ‘দুর্গা বাহিনী’র সদস্যদের সংবর্ধনা দেন তিনি। মাঠে-ময়দানে তাঁদের উপস্থিতি বাড়াতে বাহিনীর সদস্যদের হাতে ৩০টি স্কুটারও তুলে দেন মুখ্যমন্ত্রী।