উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ফের প্রকাশ্যে এল শাসক দলের অন্তর্দলীয় কোন্দল ও উত্তেজনার ছবি। স্থানীয় বাজারে এক ব্যবসায়ীকে মারধর ও বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহার। তিনি নিজেও বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন। রবিবার সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
ঠিক কী ঘটেছিল শনিবার রাতে?
নিহত অরূপ সাহার স্ত্রী রুমা সাহার বয়ান অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাজারে একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসা করতে দেখেন তিনি। অশান্তি মিটিয়ে সকলকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি বিধায়ককে জানানোর আশ্বাস দেন। কিন্তু তিনি বাড়ি ফেরার কিছুক্ষণ পরই পুনরায় গন্ডগোলের খবর পেয়ে স্বামী অরূপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
রুমার অভিযোগ, সেখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবক উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার তাঁর দিকে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে এগিয়ে গেলে অরূপের বুকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। রুমার দাবি, বাড়িতে ফেরার পরই অরূপ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাতে তাঁকে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি করা হলে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহতের স্ত্রীর অভিযোগ, প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকজনই এই হামলা চালিয়েছেন।
দলীয় নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে সরব বিধায়ক রত্না দেবনাথ
রবিবার সদ্য স্বামীহারা বিজেপি নেত্রীকে সান্ত্বনা জানাতে গিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটি-১ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলার পাশাপাশি বিজেপির উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিধায়কের অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে জেলা সভাপতি নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন, যাঁদের অধিকাংশই বিরোধী দল তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন এবং স্থানীয় বিধায়কের সঙ্গে তাঁদের কোনও সমন্বয় নেই। প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে রত্না দেবনাথ বলেন, "যে অন্যায় করবে, সে তৃণমূল নয়, বিজেপি নয়, সে অপরাধী। আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।" ইতিমধ্যেই তিন-চার দিন আগে পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলে জানান তিনি এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
এদিকে, এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির অন্য পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পুলিশ সূত্রেও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করার খবর মেলেনি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।