ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বা রাজ্যে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে রাজ্য সরকারের প্রধান নীতি ও অগ্রাধিকারের কথা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অশান্তির ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখাই তাঁর সরকারের সর্বাগ্রে কাম্য।
সরকারের তিন প্রধান কর্তব্য: শুভেন্দু
বেলডাঙার মঞ্চ থেকে রাজ্য সরকারের কাজের রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সুরক্ষাকে সর্বদাই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাজ হল দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র প্রথম। ভারতমাতা যাতে সুরক্ষিত থাকে, ভারতমাতার বিরুদ্ধে যাতে কোনও ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে না হয়, এটা দেখা আমাদের প্রথম কর্তব্য। আমাদের দ্বিতীয় কর্তব্য, নারীসুরক্ষা ফিরিয়ে আনা। তৃতীয় কর্তব্য, জনগণকে সুরক্ষিত রাখা। সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ সুবিধা পৌঁছে দেওয়া। তার সঙ্গে সঙ্গে রয়েছে সংস্কৃতি এবং আধ্যাত্মিক জাগরণ।’’
মুর্শিদাবাদের অতীতের অশান্তি ও কড়া প্রশ্ন
ভাষণের এক পর্যায়ে মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক বেশ কিছু অশান্তির ঘটনার কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বছর সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভের সময় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হিংসা ছড়ায়। সেই সময় হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পডেছিল। যদিও পুলিশ পরে জানিয়েছিল যে ওই মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল।
এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ধর্ম পালন করতে গেলে কোর্টে যেতে হবে? কেন হরগোবিন্দ, চন্দন দাসকে বামপন্থী হওয়া সত্ত্বেও খুন হতে হবে? কেন ধুলিয়ান, সামশেরগঞ্জ (অশান্তির ঘটনা) হবে? কেন কথায় কথায় বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ হবে? কেন দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়া হবে?’’ পূর্বতন সরকারের জমানার সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো অপচেষ্টা বর্তমান সরকার বরদাস্ত করবে না। সীমান্ত সুরক্ষা ও বাংলাদেশ প্রসঙ্গ টেনেও রাজ্যের সুরক্ষার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।