যৌন নিগ্রহ থেকে দুর্নীতি, একাধিক অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, যে তথ্য ও সংস্কৃতি দফতরের কথা উঠেছে, তার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর প্রভাব খাটানোর কোনও সুযোগ ছিল না। ব্রাত্যর দাবি, অভিযোগকারীকে তিনি কখনও দেখেননি, তাঁর সঙ্গে কথাও হয়নি। তাঁর মতে, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই অভিযোগ করা হয়েছে।
শনিবার সাংবাদিকদের ব্রাত্য বলেন, “যে তথ্য ও সংস্কৃতি দফতরের কথা বলা হচ্ছে, তা কখনও আমার অধীনে ছিল না। তার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমি কী করে প্রভাব খাটাব?”
তিনি আরও বলেন, “অভিযোগকারীর সঙ্গে আমার কখনও কথা হয়নি। তিনি যদি আমার অফিসে এসে থাকেন, তা হলে তো সিসিটিভি ফুটেজ থাকবে। সেটা খতিয়ে দেখা হোক। অভিযোগ যে কেউ করতে পারেন, কিন্তু তা প্রমাণ করতে হবে। আমি জানতে চাই, ওঁরা কেন এটা করছেন, কার নির্দেশে করছেন। আমার মনে হয়, ব্যক্তিগত আক্রোশ থেকেই এটা করা হয়েছে। এফআইআরে তো প্রায় ৪০–৫০ জনের নাম আছে। আমার নামটাই এত করে তুলে ধরা হচ্ছে কেন?”
গত ১৭ নভেম্বর সমাজকর্মী রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কর্মরত মহিলা কর্মী ও শিল্পীদের যৌন নিগ্রহের চেষ্টা করা হয়েছে। তাঁদের ওপর জোরজবরদস্তি করা হয়েছে, অন্যায় প্রলোভন দেখানো হয়েছে। কর্মক্ষেত্রে হেনস্থা ও শোষণের অভিযোগও করেছেন তিনি।
পুলিশ সূত্রের খবর, দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা, তোলাবাজি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, মহিলাদের যৌন নিগ্রহ, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিনেতা ও নাট্যকার ব্রাত্য আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ, মন্ত্রী থাকাকালীন তিনি বলপ্রয়োগ করে যৌন নিগ্রহের চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করেছিলেন।
ব্রাত্য বলেন, “ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক বা সরাসরি যোগ না থাকলে তো যে কেউ এফআইআর করতে পারেন না। আমি আদালতে যাব।”
ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি কেন, সেই প্রশ্নে ব্রাত্য বলেন, “আমি যে দলে ছিলাম, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর নেই। নিজের দিকে ফিরে তাকানো দরকার বলেই আমি রাজনীতি থেকে দূরে আছি।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।