বাংলাস্ফিয়ার: কেমব্রিজের একটি ছোট গ্রিক রেস্তরাঁয় শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। রাজীব গান্ধীর সঙ্গে প্রথম পরিচয়, ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং একসঙ্গে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করলেন সোনিয়া গান্ধী। একটি ভিডিয়োয় তিনি জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয় হয়েছিল। তার পর একসঙ্গে পার্টিতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে গভীর হয়েছিল সেই সম্পর্ক।

২৪ অক্টোবর, ২০২৬-এ নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিয়োটি প্রকাশ করে সোনিয়া লেখেন, “কেমব্রিজের একটি ছোট গ্রিক রেস্তরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজীব আর আমি গড়ে তুলেছিলাম ভালোবাসা, হাসি আর স্মৃতিতে ভরা এক জগৎ। আগামী ১০ নভেম্বর সেই জগৎ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

ভিডিয়োয় কংগ্রেস নেত্রী বলেন, “তখন এখনকার মতো এত রেস্তরাঁ ছিল না। তাই আমি সব সময় এমন একটা জায়গা খুঁজতাম, যেখানে আমার নিজের দেশের খাবারের কাছাকাছি কিছু পাওয়া যাবে—ইতালীয় খাবার, ওই ধরনের কিছু। তার পর আমরা এই জায়গাটির খোঁজ পেলাম। সেটি ছিল একটি গ্রিক রেস্তরাঁ। অনেক ছাত্রছাত্রী, বিশেষ করে ইউরোপীয় ছাত্রছাত্রীরা সেখানে খেতে যেত। ভারতীয় ছাত্রছাত্রীরাও যেত। সেই রেস্তরাঁতেই রাজীবের সঙ্গে আমার দেখা হয়েছিল।”

প্রথম সাক্ষাতেই রাজীবের সঙ্গ তাঁর ভালো লেগেছিল বলে জানান সোনিয়া। তাঁর কথায়, “ওর সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল, ও এমন একজন, যার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগবে। পরে অবশ্য জানতে পারি, ওরও একই অনুভূতি হয়েছিল। আমার মনে আছে, প্রথম দিন আমাদের দু’জনের এক পরিচিত বন্ধু আলাপ করিয়ে দিয়েছিল। তার পর আমাদের বন্ধুত্ব হল। আমরা পার্টিতে যেতাম, বন্ধুদের সঙ্গে নানা জায়গা দেখতে যেতাম। আমরা একটি ভ্যালেন্টাইনস পার্টিতেও গিয়েছিলাম, যেখানে অনেক ছাত্রছাত্রী ছিল।”

সোনিয়া জানান, রাজীবের সুদর্শন চেহারার পাশাপাশি তাঁর সৌম্যতা মনে স্থায়ী ছাপ ফেলেছিল।

“ওকে দেখলেই খুব শান্ত, কোমল স্বভাবের মানুষ বলে মনে হত। অবশ্যই ও খুবই সুদর্শন ছিল। কিন্তু সেই কোমলতাটা ফুটে উঠত। সেটাই আমার মন ছুঁয়ে গিয়েছিল। তাই ওর সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তটি আমি কোনও দিন ভুলব না,” বলেন তিনি।

সোনিয়া গান্ধীর এক্স অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওই সমাজমাধ্যমে যোগ দিয়েছিলেন। তবে রাজীবকে নিয়ে স্মৃতিচারণের ভিডিয়োটিই অ্যাকাউন্টটিতে থাকা একমাত্র পোস্ট। ইনস্টাগ্রামে যোগ দেওয়ার দু’দিন পর এই পোস্টটি করেছেন তিনি।