আসামের গুয়াহাটির একটি হোটেলে পাঁচ জনকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মামলার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে মঙ্গলবার সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে হেফাজতে থাকা অবস্থায় নিজের প্রাণ ও নিরাপত্তা নিয়ে মারাত্মক আশঙ্কা প্রকাশ করেছেন অভিযুক্ত ঘনকান্ত। পুলিশের হাতে তিনি 'এনকাউন্টার'-এর শিকার হতে পারেন—আদালতে তাঁর আইনজীবী এই আশঙ্কার কথা জানানোর পরই পুলিশকে একগুচ্ছ কড়া নির্দেশনা দিয়েছে বিচারক।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন চালানো যাবে না। তাঁর দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং প্রতি ২৪ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, তদন্ত বা প্রমাণ সংগ্রহের তাগিদে অভিযুক্তকে কোথাও নিয়ে যেতে হলে ডিএসপি (DSP) পদমর্যাদার কোনো অফিসারকে সঙ্গে থাকতে হবে। সূর্যাস্তের পর বা সূর্যোদয়ের আগে কোনো অভিযান পরিচালিত হলে বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে জানা গেছে, ডিব্রুগড়ের বাসিন্দা তথা বর্তমানে গুয়াহাটির সাউকুচির বাসিন্দা ঘনকান্ত গগৈ মাসিক ১.৮ লক্ষ টাকার বিনিময়ে হেলেনা ভরালী নামক এক নারীর কাছ থেকে ৫ বছরের জন্য হোটেলটি লিজে নিয়েছিলেন। কিন্তু বকেয়া ভাড়া, বিদ্যুৎ বিল ও লিজ নবীকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিবাদ মেটাতে সোমবার রাতে হোটেলে বৈঠকে বসেন তারা। ঘনকান্তের পরিবারের দাবি, প্রতিপক্ষের ৭ জন সদস্য তাঁকে মারধরের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে লাইসেন্সপ্রাপ্ত .৩২ ক্যালিবারের পিস্তল থেকে গুলি চালান। এর জেরেই ঘটনাস্থলে প্রাণ হারান হোটেলের মালকিন হেলেনা ভরালী (৫৮), তাঁর ছেলে দেবর্ষি ঈশান কাশ্যপ (৩৯), পুত্রবধূ রিণিকা কাশ্যপ (৩০), হেলেনার দাদা ভূদেব ভরালী (৬৫) এবং তাঁর সহকারী নারায়ণ দাস (৪৮)।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার সময় ঘনকান্তের ব্যবহৃত ক্যামেরাযুক্ত ‘স্মার্ট চশমা’ এবং আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। তদন্তে আরও উঠে এসেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণা, জালিয়াতি এবং গৃহ দখলের অভিযোগ রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈনের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সিআইডি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।