কেন্দ্রের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (পিএমজিকেএওয়াই) উপভোক্তাদের মধ্যে ১৩.২ শতাংশ ‘অন্তর্ভুক্তি-ত্রুটি’ রয়েছে। প্রকল্পটি চলে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ), ২০১৩-র অধীনে। কেন্দ্রের দেওয়া দায়িত্বে হওয়া একটি মূল্যায়ন সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
২০২৫-২৬ অর্থবর্ষে হওয়া এই সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যগুলির ঠিক করা যোগ্যতার শর্ত পূরণ করে না, এমন বহু পরিবারও বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে চলেছে। এদের মধ্যে আছে তিন বা তার বেশি ঘরের বাড়ি, গাড়ি বা এসি থাকা পরিবার। আছে এমন পরিবারও, যাদের কোনও সদস্য সরকারি চাকরি করেন।
সমীক্ষাটি করিয়েছে কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন দফতর (ডিএফপিডি)। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রাম ও শহর মিলিয়ে মোট ৫১,৩০৩টি উপভোক্তা পরিবারকে এর আওতায় আনা হয়েছিল।
সমীক্ষা অনুযায়ী, বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্য নয় এমন উপভোক্তার অনুপাত, অর্থাৎ অন্তর্ভুক্তি-ত্রুটির হার, বেশ কয়েকটি রাজ্যে জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এই তালিকায় সবার উপরে পশ্চিমবঙ্গ (৩৯.৫ শতাংশ)। তার পরেই আছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ) ও তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ)। যে সব রাজ্যে ত্রুটির হার বেশি, সেখানে এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে তিন বা তার বেশি ঘরের পাকা বাড়ি, এসি, মোটরগাড়ি আর সরকারি চাকরি।
মোট ৫১,৩০৩ জন উপভোক্তার নমুনা রাজ্যভিত্তিক কী ভাবে ভাগ করা হয়েছিল, সমীক্ষায় তার হিসাব নেই। তবে বলা হয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্তত ৫৫০ জন উপভোক্তাকে বেছে নেওয়া হয়েছিল। সমীক্ষায় ‘অন্তর্ভুক্তি-ত্রুটি’ বলতে বোঝানো হয়েছে সেই পরিবারগুলিকে, যারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করেও ভর্তুকির খাদ্যশস্য পেয়ে চলেছে।
এই তথ্যের গুরুত্ব বোঝা যায় ভর্তুকির অঙ্ক থেকে। ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রের মোট ভর্তুকি ছিল ৪.৬৯ লক্ষ কোটি টাকা। তার প্রায় অর্ধেক, ২.২৮ লক্ষ কোটি টাকা, গিয়েছে শুধু খাদ্য ভর্তুকিতে।
ডিএফপিডি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীন দফতর। খাদ্য সুরক্ষা আইন রূপায়ণের দায়িত্ব তাদেরই। সমীক্ষার ফল নিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ দফতরকে ইমেলে প্রশ্ন পাঠিয়েছিল, কোনও উত্তর মেলেনি।
এনএফএসএ অনুযায়ী, সরকার গ্রামের ৭৫ শতাংশ এবং শহরের ৫০ শতাংশ পরিবারকে খাদ্য সুরক্ষা দেয়। সংখ্যার হিসাবে আইনের আওতায় সর্বোচ্চ প্রায় ৮১.৩৫ কোটি মানুষ আসতে পারেন। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সেই সংখ্যা ছিল ৭৮.৬৩ কোটি।
সম্প্রতি খাদ্য দফতরে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে, “এনএফএসএ-তে অন্তর্ভুক্তি-ত্রুটি তখনই ঘটে, যখন নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করা পরিবারও ভর্তুকির খাদ্যশস্য পেয়ে চলে। উপভোক্তা চিহ্নিত করার ব্যবস্থা কতটা কার্যকর, আর প্রকল্পের সুবিধা কতটা প্রকৃত দুর্বল পরিবারের কাছে পৌঁছচ্ছে, তা বোঝার জন্য এই ত্রুটি মাপা জরুরি।”
রিপোর্টে আরও বলা হয়েছে, “এই সমীক্ষায় এনএফএসএ-তে সার্বিক অন্তর্ভুক্তি-ত্রুটি ১৩.২ শতাংশ বলে অনুমান করা হয়েছে। গ্রাম ও শহরে এই হারে কিছু ফারাক আছে, গ্রামে ১২.৫ শতাংশ আর শহরে ১৫.৬ শতাংশ। এতে বোঝা যায়, বিভিন্ন এলাকায় উপভোক্তা বাছাইয়ের মান মোটামুটি একই রকম। উপভোক্তার শ্রেণি ধরলে, এএওয়াই পরিবারে ত্রুটির হার (১২.২ শতাংশ) পিএইচএইচ পরিবারের (১৩.৪ শতাংশ) চেয়ে সামান্য কম। শহরের পিএইচএইচ পরিবারে এই হার খানিকটা বেশি (১৫.৭ শতাংশ)।”
এএওয়াই পরিবার বলতে অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা পরিবারগুলিকে বোঝায়। এরা দরিদ্রতম পরিবার, মাসে পরিবারপিছু ৩৫ কেজি খাদ্যশস্য পাওয়ার অধিকারী। অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার (পিএইচএইচ) মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য পায়।
রিপোর্টের পর্যবেক্ষণ, “সব মিলিয়ে ফারাক খুব বেশি না হলেও এই ফলাফল দেখাচ্ছে, এনএফএসএ-তে উপভোক্তা বাছাই আরও নিখুঁত করতে চিহ্নিতকরণ ব্যবস্থা মজবুত করা, নিয়মিত তথ্যভান্ডার যাচাই করা এবং তালিকা সময়মতো হালনাগাদ করার ব্যবস্থা দরকার।”
রিপোর্ট অনুযায়ী, ত্রুটির হার সবচেয়ে বেশি পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। রিপোর্টে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গ (৩৯.৫ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), ত্রিপুরা (৩৯.২ শতাংশ) ও মেঘালয়ের (২৮.৫ শতাংশ) মতো কয়েকটি রাজ্যে অন্তর্ভুক্তি-ত্রুটি খুবই বেশি। এতে বোঝা যায়, যোগ্যতা যাচাই, আধার সংযুক্তি এবং উপভোক্তা তালিকার নিয়মিত পর্যালোচনা আরও জোরদার করা দরকার।”
রিপোর্টে আরও বলা হয়েছে, “বিহার (২৫.৫ শতাংশ), ওড়িশা (২২.৯ শতাংশ), সিকিম (২১.৯ শতাংশ), পঞ্জাব (২০.৬ শতাংশ) ও মহারাষ্ট্রে (২০.৩ শতাংশ) ত্রুটির হার মাঝারি থেকে বেশি, যা ব্যবস্থার আংশিক অদক্ষতার ইঙ্গিত দেয়… অন্য দিকে মধ্যপ্রদেশ (০.৫ শতাংশ), জম্মু-কাশ্মীর (০.৩ শতাংশ), হরিয়ানা (১.০ শতাংশ), দিল্লি (১.০ শতাংশ) ও রাজস্থানে (১.৮ শতাংশ) ত্রুটির হার কম। এর পিছনে আছে মজবুত বাছাই কাঠামো, উন্নত ডিজিটাল ব্যবস্থা এবং উপভোক্তা যাচাইয়ের কার্যকর পদ্ধতি।”
রিপোর্টের কথায়, “একটা স্পষ্ট আঞ্চলিক ছবি ফুটে উঠছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ের মতো পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যে ত্রুটির হার বেশি। অন্য দিকে হরিয়ানা, রাজস্থান ও গুজরাতের মতো উত্তর ও পশ্চিমের রাজ্যগুলি তুলনায় ভাল করছে। এতে বোঝা যায়, প্রশাসনিক সক্ষমতা, তথ্য-ব্যবস্থা এবং রূপায়ণের নিষ্ঠায় রাজ্যগুলির মধ্যে ফারাক রয়েছে।”
খাদ্য সুরক্ষা আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী মোট উপভোক্তার সংখ্যা ঠিক করে কেন্দ্র। কিন্তু ১০ নম্বর ধারা অনুযায়ী মাঠে নেমে পরিবার চিহ্নিত করা এবং তার নির্দেশিকা তৈরির দায়িত্ব রাজ্যের।
উপভোক্তা চিহ্নিত করার মাপকাঠিও রাজ্যভেদে আলাদা। রিপোর্টে বলা হয়েছে, “এই সমীক্ষায় অন্তর্ভুক্তি-ত্রুটির হিসাব করা হয়েছে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব যোগ্যতার মাপকাঠি ধরে। এনএফএসএ-র সার্বিক পরিধি কেন্দ্র ঠিক করলেও যোগ্য পরিবার চিহ্নিত করে রাজ্যগুলি, আর তাদের মাপকাঠি এক এক জায়গায় এক এক রকম। সাধারণত এর মধ্যে থাকে আয়ের ঊর্ধ্বসীমা, সম্পদের মালিকানা, জমির পরিমাণ, কর্মসংস্থান ও আয়কর-সংক্রান্ত অবস্থা এবং বাদ দেওয়ার অন্যান্য শর্ত।”
রিপোর্টে অন্তর্ভুক্তি-ত্রুটির কারণ হিসাবে দেখানো হয়েছে রাজ্যগুলির মধ্যে যোগ্যতার মাপকাঠির নকশা, পরিধি ও হালনাগাদের ফারাককে। রিপোর্টের বক্তব্য, “সেই অনুযায়ী, কোনও পরিবার সংশ্লিষ্ট রাজ্যের যোগ্যতার শর্ত পূরণ না করেও উপভোক্তা তালিকায় থাকলে তাকে অন্তর্ভুক্তি-ত্রুটি হিসাবে ধরা হয়েছে। রাজ্যগুলির মধ্যে যোগ্যতার মাপকাঠির নকশা, পরিধি ও হালনাগাদের ফারাক এনএফএসএ-তে ত্রুটির হার এবং বাছাইয়ের ফলাফলকে প্রভাবিত করতে পারে। গ্রাম ও শহরের ত্রুটির হার থেকে উপভোক্তা বাছাইয়ের আঞ্চলিক ছবিটাও আরও স্পষ্ট বোঝা যায়।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।