মেটা তাদের কয়েক জন সদস্যের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ায় আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব শাখা। তার এক দিন আগে ওই প্রযুক্তি সংস্থার একাধিক স্থানীয় দফতরের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল যুব কংগ্রেস কর্মীদের।

ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, শুক্রবার হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা মেটার দফতর যে ভবনে, সেখানে ঢুকে পড়েন। গাছের টব আছড়ে ভাঙেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।

শনিবার এক্স-এ যুব কংগ্রেস হুঁশিয়ারি দেয়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরানো না হলে তারা "দেশ জুড়ে আপনাদের দফতরে ঢুকে পড়বে এবং বিক্ষোভ দেখাবে।"

শুক্রবারের বিক্ষোভের পরে এমন দু'টি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে যুব কংগ্রেসের সমাজমাধ্যমের দায়িত্বে থাকা মনু জৈন শনিবার রয়টার্সকে জানান, সরকারের সমালোচক হাজার হাজার সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টে এখনও নিয়ন্ত্রণ জারি আছে। তাঁর দাবি, মেটার অ্যালগরিদম কী ভাবে পোস্টের নাগাল কমায়, তা সংস্থাকে ব্যাখ্যা করতে হবে। সরকারি নির্দেশে সরানো অ্যাকাউন্টগুলিও ফিরিয়ে দিতে হবে।

ব্যবহারকারীর সংখ্যার নিরিখে ভারতই মেটার বৃহত্তম বাজার। শুক্রবারের বিক্ষোভ নিয়ে সংস্থাটি কোনও মন্তব্য করতে চায়নি।

নরেন্দ্র মোদীর সরকার যে সব সমাজমাধ্যম কনটেন্টে আপত্তি তোলে, সেগুলি সরাতে তাদের তৎপরতা ক্রমশ কঠোর হচ্ছে। তাতে বাক্‌স্বাধীনতা কতটা ঝুঁকিতে পড়ছে, তা নিয়ে দেশে বিতর্ক বাড়ছে। মন্তব্যের অনুরোধে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক তখনই সাড়া দেয়নি।

মেটা জানিয়েছে, স্থানীয় আইন মেনে চলতেই তারা ভারতে কনটেন্ট নিয়ন্ত্রণ করে।

মোদী সরকারের বক্তব্য, কোনও কনটেন্ট স্থানীয় আইন ভাঙলে, অথবা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে পারলে তবেই তা সরানোর নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে কংগ্রেস দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে, মেটা-সহ সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি অ্যাকাউন্ট সরিয়ে অনলাইনে ভিন্নমতের কণ্ঠরোধ করছে।

শুক্রবারের আর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ে মেটার দফতর যে ভবনে, তার বাইরের দেওয়ালে স্প্রে-রং দিয়ে মেটা-বিরোধী স্লোগান লিখছেন বিক্ষোভকারীরা। বাধা দিতে আসা নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়।

দিল্লি-লাগোয়া গুরুগ্রামেও কংগ্রেস কর্মীরা স্লোগান দেন। সমাজমাধ্যমের পোস্টে দেখা গিয়েছে, তাঁদের হাতে "যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফেরাও" লেখা ব্যানার।

হায়দরাবাদে মেটার দফতরে যাকে তিনি "ভাঙচুর" বলেছেন, তা নিয়ে কংগ্রেস কর্মীদের সমালোচনা করেছেন তেলঙ্গানার এক বিরোধী রাজনীতিক। তাঁর মতে, এই ঘটনায় ব্যবসার নিরাপদ গন্তব্য হিসেবে শহরের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

শনিবার কংগ্রেসের সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও। তাঁর অভিযোগ, কংগ্রেস কর্মীরা "শুধু হায়দরাবাদে মেটার দফতর ভাঙচুর করে তছনছই করেননি", সেটা "সমাজমাধ্যমে জাহিরও করে বেড়াচ্ছেন।" এক্স-এ তিনি লেখেন, "এটাই কংগ্রেস মডেল: বেসরকারি সংস্থার দফতরে ভাঙচুর।"

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, চলতি বছরে ভারতে সমাজমাধ্যম থেকে সাংবাদিকতা-সংক্রান্ত কনটেন্ট সরানোর ঘটনা বেড়েছে। বাক্‌স্বাধীনতা নিয়ে কাজ করা কর্মীরা বলছেন, সরকারের একটি নতুন নিয়মের ফলে কনটেন্ট সরানোর অনুরোধ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার সময় সমাজমাধ্যম সংস্থাগুলি প্রায় পাচ্ছেই না।

ফেব্রুয়ারিতে মোদী সরকার নির্দেশ দেয়, বেআইনি কনটেন্টের কথা জানানোর তিন ঘণ্টার মধ্যে সমাজমাধ্যম সংস্থাগুলিকে তা সরাতে হবে। আগে এই সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।

মেটার নিজস্ব হিসেব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছ'মাসে স্থানীয় আইনের আওতায় ভারতে ৫৪ লক্ষেরও বেশি পোস্ট বা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেছে সংস্থাটি। এই সংখ্যায় ভারতের উপরে আছে কেবল ইন্দোনেশিয়া। গোটা ২০২৫ সালে সংখ্যাটা ছিল প্রায় ৭০ হাজার।

মেটার বক্তব্য, "এর সিংহভাগ ক্ষেত্রেই স্থানীয় আইনের শর্ত মেনে আমরা আগাম কনটেন্ট নিয়ন্ত্রণ করতে বাধ্য ছিলাম।"