বৈদ্যুতিক সঙ্কেতে মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণের এক বিশেষ অস্ত্রোপচারের পরে স্বাভাবিক জীবনে ফিরছেন রোগী। কী ভাবে কাজ করে এই পদ্ধতি, কারা এতে উপকৃত হতে পারেন, আর রোগীদের কী জেনে রাখা জরুরি?

ডা. বিনীত সুরি

নয় বছর ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন বছর বাষট্টির এক প্রৌঢ়। ধীরে ধীরে বাড়ছিল হাত-পায়ের কাঁপুনি, পেশির আড়ষ্টতা, হাঁটাচলার কষ্ট। একটা সময়ে বিছানা থেকে ওঠা কিংবা ঘরের রোজকার কাজটুকু সারাও তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। ওষুধে স্বস্তি মিলত মোটে ঘণ্টা তিনেক, তার পরে ওষুধের প্রভাব কমতেই ফিরে আসত উপসর্গ। তার উপরে প্রতিটি ডোজ়ের মিনিট পঁয়তাল্লিশ পরে শুরু হত অনিচ্ছাকৃত অঙ্গসঞ্চালন, যা তাঁর দৈনন্দিন জীবনকে আরও বিপর্যস্ত করে তুলছিল।

খুঁটিয়ে পরীক্ষা, তাঁর বোধশক্তি এবং অস্ত্রোপচারের ধকল নেওয়ার ক্ষমতা যাচাইয়ের পরে আমরা তাঁকে ডিপ ব্রেন স্টিমুলেশন (ডিবিএস)-এর পরামর্শ দিই। এই পদ্ধতিতে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশে ইলেকট্রোড বসানো হয়, যা যুক্ত থাকে বুকের চামড়ার নীচে বসানো একটি নিউরোস্টিমুলেটর যন্ত্রের সঙ্গে। যন্ত্রটি চালু করে প্রয়োজনমতো সেটিং বদলানোর পরে তাঁর কাঁপুনি ও আড়ষ্টতা অনেকটাই নিয়ন্ত্রণে আসে, রোজকার কাজকর্ম তিনি অনেক সহজে করতে পারছেন। তবে ওষুধ খাওয়া এবং নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া তাঁকে চালিয়ে যেতে হচ্ছে।

ওষুধ যখন আর স্থিতিশীল ভাবে নড়াচড়া নিয়ন্ত্রণে রাখতে পারে না, তখন কেন কিছু পার্কিনসন্স রোগীর ক্ষেত্রে ডিবিএস-এর কথা ভাবা হয়, এই রোগীর অভিজ্ঞতা তারই উদাহরণ। তবে একটা কথা স্পষ্ট বুঝে নেওয়া দরকার: এই অস্ত্রোপচার পার্কিনসন্স সারায় না, রোগের অগ্রগতিও থামায় না।

ডিপ ব্রেন স্টিমুলেশন কী, কী ভাবে কাজ করে?
পার্কিনসন্স রোগে আক্রান্ত হয় মস্তিষ্কের সেই স্নায়ুকোষগুলি, যারা ডোপামিন তৈরি করে। ডোপামিন এমন এক রাসায়নিক, যা শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণে ভূমিকা নেয়। ডোপামিনের মাত্রা কমতে থাকলে দেখা দেয় কাঁপুনি, আড়ষ্টতা, চলাফেরায় শ্লথতা, ভারসাম্য রাখতে অসুবিধার মতো উপসর্গ।

কিছু ওষুধ হারিয়ে যাওয়া ডোপামিনের ঘাটতি পূরণ করে চলাফেরার উন্নতি ঘটায়, বিশেষত রোগের প্রথম দিকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ওষুধের প্রভাব অনিশ্চিত হয়ে পড়তে পারে। রোগী হয়তো দেখেন, কয়েক ঘণ্টা ওষুধ ভালই কাজ করছে, তার পরে ফিরে আসছে আড়ষ্টতা আর শ্লথতা। এই পর্বগুলিকে সাধারণত ‘অফ’ পিরিয়ড বলা হয়। দীর্ঘ দিন ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কারও কারও মধ্যে অনিচ্ছাকৃত অঙ্গসঞ্চালনও দেখা দেয়, যার চিকিৎসা-পরিভাষা ‘ডিসকাইনেসিয়া’।

ডিবিএস কাজ করে ওষুধের থেকে একেবারে আলাদা পথে। এতে মস্তিষ্কের যে অংশগুলি নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে সরু ইলেকট্রোড বসানো হয়। তার দিয়ে সেগুলি যুক্ত থাকে ব্যাটারিচালিত একটি ছোট যন্ত্রের সঙ্গে, যা সাধারণত কণ্ঠার হাড়ের কাছে চামড়ার নীচে বসানো হয়। যন্ত্রটি মস্তিষ্কে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক তরঙ্গ পাঠায়, যা নড়াচড়া সংক্রান্ত উপসর্গের জন্য দায়ী অস্বাভাবিক সঙ্কেতগুলিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

এই বৈদ্যুতিক উদ্দীপনা শরীরের বাইরে থেকেই চিকিৎসক দল নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে রোগীর সাড়া দেখে প্রয়োজনমতো সেটিং সূক্ষ্ম ভাবে বদলে নেওয়া যায়। এই কারণেই অনেকে পদ্ধতিটিকে ‘মস্তিষ্কের পেসমেকার’ বলে থাকেন।

কাদের ক্ষেত্রে ডিবিএস-এর কথা ভাবা যেতে পারে?
ওষুধের প্রভাব খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেলে, অনিচ্ছাকৃত অঙ্গসঞ্চালন কষ্টদায়ক হয়ে উঠলে, কাঁপুনি বাড়তে থাকলে কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সামলানো দুঃসাধ্য হয়ে পড়লে কোনও রোগীকে এই অস্ত্রোপচারের জন্য বিবেচনা করা যেতে পারে।

একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য হল, লিভোডোপা ওষুধে রোগীর উপসর্গ অন্তত কিছুটা হলেও কমে কি না। এই সাড়া থেকেই চিকিৎসকেরা আন্দাজ করতে পারেন, ডিবিএস-এর পরে নড়াচড়া সংক্রান্ত কোন সমস্যাগুলির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু বয়স দিয়ে যোগ্যতা নির্ধারিত হয় না। রোগীর সামগ্রিক স্বাস্থ্য, উপসর্গের ধরন, বোধশক্তি এবং অস্ত্রোপচারের ধকল সইতে পারার ক্ষমতাও বিচার করা হয়।

কারা এতে উপকৃত না-ও হতে পারেন?
যাঁদের স্মৃতি ও চিন্তাশক্তিতে উল্লেখযোগ্য সমস্যা রয়েছে, বিশেষত ডিমেনশিয়া, তাঁরা সাধারণত এই অস্ত্রোপচারের উপযুক্ত নন। কারণ ডিবিএস এই উপসর্গগুলির উন্নতি ঘটায় না, উল্টে বোধশক্তির সমস্যা বাড়িয়ে দিতে পারে। গুরুতর অবসাদ বা সাইকোসিসের মতো তীব্র ও অনিয়ন্ত্রিত মানসিক সমস্যা থাকলে, যত দিন না সেগুলি যথাযথ ভাবে নিয়ন্ত্রণে আসছে, তত দিন রোগীকে অনুপযুক্ত বলে ধরা হতে পারে। মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো শারীরিক সক্ষমতা যাঁর নেই, তাঁর ক্ষেত্রেও নিরাপদে এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব না-ও হতে পারে।

এটাও বোঝা জরুরি যে, পার্কিনসন্সের সব উপসর্গে ডিবিএস সমান ভাবে কাজ করে না। যাঁদের প্রধান সমস্যা ভারসাম্যের অভাব, ঘন ঘন পড়ে যাওয়া, হাঁটতে গিয়ে আচমকা পা আটকে যাওয়া (ফ্রিজ়িং অব গেট) বা কথা বলায় অসুবিধা, তাঁদের উন্নতি সীমিত হতে পারে, বিশেষত যদি এই উপসর্গগুলি লিভোডোপাতেও সাড়া না দেয়। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা অপরিহার্য।

অস্ত্রোপচারের সময় এবং পরে কী হয়?
অস্ত্রোপচারের আগে রোগীর মস্তিষ্কের ইমেজিং, স্নায়বিক পরীক্ষা এবং স্মৃতি, চিন্তাশক্তি ও চলাফেরা যাচাইয়ের নানা পরীক্ষা করা হয়। কত দূর উন্নতি সম্ভব, তা বোঝার জন্য চিকিৎসকেরা ‘লিভোডোপা চ্যালেঞ্জ টেস্ট’ও করতে পারেন। এতে ওষুধ খাওয়ার আগে ও পরে রোগীর উপসর্গ মেপে দেখা হয়।

অস্ত্রোপচারের সময়ে রোগীর উপসর্গ ও চিকিৎসার লক্ষ্য অনুযায়ী মস্তিষ্কের সযত্নে বেছে নেওয়া অংশে ইলেকট্রোড বসানো হয়। সেগুলি যুক্ত করা হয় বুকের চামড়ার নীচে বসানো নিউরোস্টিমুলেটরের সঙ্গে। যন্ত্রটি সঙ্গে সঙ্গে চালু করা না-ও হতে পারে। চালু হওয়ার পরে পরবর্তী কয়েক বার চিকিৎসকের কাছে যাওয়ার সময়ে তার বৈদ্যুতিক সেটিং ধাপে ধাপে বদলানো হয়, যাতে উপসর্গ নিয়ন্ত্রণ আর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া যায়।

ডিবিএস এমন কোনও এককালীন চিকিৎসা নয়, যার পরে আর ফলো-আপের দরকার পড়ে না। রোগীদের নিয়মিত যন্ত্রের প্রোগ্রামিং, ব্যাটারি পরীক্ষা এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধান প্রয়োজন হয়। বেশির ভাগ রোগীকে পার্কিনসন্সের ওষুধও খেয়ে যেতে হয়, যদিও কারও কারও ক্ষেত্রে ডোজ় কমানো সম্ভব হয়।

ঝুঁকি ও সীমাবদ্ধতা কী?
মস্তিষ্কের যে কোনও অস্ত্রোপচারের মতো ডিবিএস-এরও ঝুঁকি রয়েছে। তার মধ্যে আছে মস্তিষ্কে রক্তক্ষরণ, সংক্রমণ, খিঁচুনি এবং শরীরে বসানো যন্ত্র সংক্রান্ত জটিলতা। উদ্দীপনার পরে কোনও কোনও রোগীর কথা বলা, ভারসাম্য, মেজাজ বা চিন্তাশক্তিতে পরিবর্তনও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক সেটিং বদলে এই প্রভাবগুলি সামলানো যায়।

সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা হল, ডিবিএস পার্কিনসন্সকে উল্টো পথে ফিরিয়ে দিতে পারে। তা পারে না। এটি নড়াচড়া সংক্রান্ত কিছু উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষের ক্ষয় আটকায় না। রোগীর ওষুধ ও যন্ত্রের সেটিং-এ সময়ে সময়ে বদল আনতে হতে পারে। তাই সম্পূর্ণ উপসর্গমুক্ত হয়ে যাওয়ার প্রত্যাশা নয়, নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে ঠিক কোন কোন সমস্যার উন্নতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত।

(লেখক দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট)