২০০ কোটি টাকার হাইপ্রোফাইল অর্থ তছরুপ ও তোলাবাজির মামলায় নতুন মোড়। মহাপ্রতারক সুকেশ চন্দ্রশেখরের মামলায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে প্রোসিকিউশন বা সরকারি সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিচারক আগামী ২ নভেম্বর নোরাকে আদালতে হাজির হয়ে নিজের বয়ান ও সাক্ষ্য প্রদানের জন্য সমন পাঠিয়েছেন।
দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) ও কেন্দ্রীয় সংস্থাগুলির দায়ের করা সম্পূরক চার্জশিটে নোরা ফাতেহিকে সরকারি সাক্ষী (LW-3) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাটি মূলত রণবাক্সি (Ranbaxy)-র প্রাক্তন প্রোমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা প্রতারণা ও তোলাবাজির অভিযোগ কেন্দ্রিক। বন্দি অবস্থায় রোহিণী জেল থেকে প্রশাসনিক কর্তার ছদ্মবেশ ধরে সুকেশ ওই অর্থ আদায় করেছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের মুখোমুখি হয়ে নোরা আগেই স্পষ্ট করেছিলেন যে, সুকেশের সঙ্গে তাঁর সরাসরি কোনো যোগাযোগ ছিল না; যা যোগাযোগ হয়েছিল তা সুকেশের স্ত্রী লীনা মারিয়া পলের মাধ্যমেই হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইয়ের একটি ইভেন্টে নোরার উপস্থিতি এবং দামি উপহার লেনদেন সংক্রান্ত বিষযে ম্যাজিস্ট্রেটের সামনে ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দিও নথিভুক্ত করা হয়েছিল। ২ নভেম্বর আদালতে নোরার জবানবন্দি গ্রহণ আইনি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন আইনজীবীরা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।