বেলা ‘বে’ চৌধুরীর চরিত্রে ফিরছেন অনন্যা পাণ্ডে। প্রাইম ভিডিও জানিয়েছে, ১৭ ডিসেম্বর ২০২৬ ভারত-সহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে মুক্তি পাবে হিন্দি সিরিজ ‘কল মি বে’-র দ্বিতীয় সিজন। আট পর্বের এই সিজন দেখা যাবে একমাত্র প্রাইম ভিডিওতে। আগের মতোই থাকছে হাস্যরস, গ্ল্যামার আর বন্ধুত্ব। এ বার গল্পের কেন্দ্রে বে-র ব্যক্তিগত জীবন।
কাজের জগতে বে এখন সাফল্যের সিঁড়ি ভাঙছে। তার আত্মবিশ্বাস বেড়েছে, উচ্চাকাঙ্ক্ষাও। প্রেমে অবশ্য হিসেবটা অত সহজ নয়। দু’জন মানুষ তাকে চাইছে, আর দু’জনের প্রতি টান তাকে নিয়ে যাচ্ছে দু’দিকে। প্রেম, মন ভাঙা আর কঠিন কিছু সিদ্ধান্তের মুখে বে-র ভরসা তার বান্ধবীরা। তাদের বন্ধুত্বের অলিখিত নিয়ম, প্রয়োজনে একে অন্যের পাশে দাঁড়াবে। এরই নাম ‘বেহেন কোড’। এ বার সেই দলে আসছে আরও এক জন। তার আগমনে বান্ধবীদের নিজেদের মধ্যেকার সম্পর্কও নতুন মোড় নেবে।
বীর দাস, গুরফতেহ পিরজাদা ও বরুণ সুদ ছাড়াও আগের সিজন থেকে ফিরছেন বিহান সামত, মুসকান জাফরি, নীহারিকা লায়রা দত্ত, লিসা মিশ্র ও মিনি মাথুর। এ বার অভিনেতাদের দলে যোগ দিয়েছেন শ্রুতি কমল হাসান।
প্রাইম ভিডিও ও অ্যামাজন এমজিএম স্টুডিয়োজ ইন্ডিয়ার অরিজিনালস বিভাগের (এসভিওডি) ডিরেক্টর ও প্রধান নিখিল মাধোক বলেন, “কোনও সিরিজ কতটা সফল, তা সবচেয়ে ভাল বোঝা যায় তার চরিত্রগুলোর সঙ্গে, তাদের জীবনের ওঠাপড়ার সঙ্গে দর্শকের কতটা যোগ তৈরি হল, তা দেখে। মনে রাখার মতো অভিনয়, একটু অন্য রকমের রসিকতা আর দর্শকের চেনা অভিজ্ঞতার কথা বলেই ‘কল মি বে’ জনপ্রিয় সংস্কৃতির আলোচনায় জায়গা করে নিয়েছে।”
তাঁর কথায়, “বিশেষ করে ‘বেহেন কোড’ তো সিরিজের বাইরেও নিজের জায়গা করে নিয়েছে। মেয়েদের বন্ধুত্ব আর একে অন্যের পাশে থাকার এই ভাবনা ছড়িয়ে পড়েছে বহু মানুষের মধ্যে। ধর্ম্যাটিক এন্টারটেনমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা। সেই সূত্রেই দর্শকের কাছে নতুন নতুন গল্প পৌঁছে দিতে পারছি। বে-র এই প্রাণবন্ত দুনিয়ায় দর্শককে ফের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”
প্রযোজক করণ জোহর বলেন, “প্রথম সিজন যে ভালবাসা আর সাড়া পেয়েছে, তাতে বুঝেছি, বে-র জীবনের ঝড়ঝাপটা দর্শককে ছুঁয়েছে। নিজের শর্তে বাঁচে বে, তার জন্য কোনও কৈফিয়ত দেয় না। ওর এই স্বভাবটাও দর্শক আপন করে নিয়েছেন। দ্বিতীয় সিজনে আমরা বে-র আরও কিছু দিক তুলে ধরতে চেয়েছি। সেই সঙ্গে ধরে রাখতে চেয়েছি গল্পের রসিকতা, আবেগ আর কোনও কিছুকে খুব একটা তোয়াক্কা না করার সেই মেজাজ, যা দর্শকের এত প্রিয়। প্রাইম ভিডিওর সঙ্গে আবার বে-র জীবনের নতুন অধ্যায় নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। বে আর তার প্রিয় ‘বেহেন’দের এই অধ্যায়ে হাসি আছে, আবেগ আছে, আর বিস্তর হুলুস্থুলও আছে।”
দ্বিতীয় সিজনের পরিচালক কলিন ডি’কুনহা। ধর্ম্যাটিক এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন করণ জোহর, আদার পুনাওয়ালা ও অপূর্ব মেহতা। নির্বাহী প্রযোজক সোমেন মিশ্র ও কলিন ডি’কুনহা। সিরিজটির স্রষ্টা ঈশিতা মৈত্র। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সামিনা মোতলেকর, রোহিত নায়ার ও নিট্টল চন্দারানা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।