‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে পুণেতে পরের ছবির শুটিং শুরু করেছেন সলমন খান। বংশী পাইডিপল্লির পরিচালনায় এই ছবিতেই প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন সলমন ও নয়নতারা। খবর, ১৫ নভেম্বর থেকে পুণেতে দশ দিনের শুটিং শুরু হয়েছে। এই পর্বে সলমনের সঙ্গে শুটিং করছেন সীমা বিশ্বাসও।

একটি সূত্র জানিয়েছে, ছবির গল্পে বিশেষ গুরুত্ব রয়েছে, এমন কয়েকটি নাটকীয় দৃশ্যের শুটিং চলছে পুণেতে। সলমন ও নয়নতারাকে কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও প্রকাশ করেননি নির্মাতারা। ছবির কাহিনিও তাঁরা গোপন রেখেছেন।

ফিল্মফেয়ারের খবর, ছবির নাম চূড়ান্ত হয়েছে ‘মনস্টার’। আগামী ২৭ ডিসেম্বর, সলমনের জন্মদিনে, টিজার প্রকাশের কথাও ভাবছেন নির্মাতারা। পরিকল্পনা ফলপ্রসূ হলে সে দিনই দর্শক ছবিটির প্রথম ঝলক দেখতে পাবেন। তবে প্রযোজনা সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ছবির নাম বা টিজার প্রকাশের দিন ঘোষণা করেনি।

‘মহর্ষি’ ও ‘ভারিসু’-র পরিচালক বংশী পাইডিপল্লি ছবিটি তৈরি করছেন হিন্দি, তেলুগু ও তামিল ভাষায়। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে ছবিটি উপস্থাপনা করছেন দিল রাজু। সহ-প্রযোজক শিরীষ, কুলদীপ রাঠোর ও রফি কাজি।

এর আগেও সলমনের একাধিক ছবি ঈদে মুক্তি পেয়েছে। খবর অনুযায়ী, এই ছবির জন্যও ২০২৭ সালের ঈদের কথাই ভাবছেন নির্মাতারা। মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।