আসল কথা ছিল তাঁর গুপ্তচরের নামটাই। ১৯৫২ সালে ইয়ান ফ্লেমিং নামে তেমন নামডাক না-হওয়া এক সাংবাদিক—যাঁর আবার পাখি দেখারও নেশা ছিল—নিজের টেবিলে লিখতে বসলেন, “এমন এক গুপ্তচর-কাহিনি, যা বাকি সব গুপ্তচর-কাহিনিকে ছাপিয়ে যাবে।” বইটি সম্পর্কে কয়েকটি ব্যাপারে ফ্লেমিংয়ের ধারণা পরিষ্কার ছিল। নায়ককে হতে হবে পুরুষালি, নায়িকাদের সুন্দরী, আর তাঁর নিজের উপার্জন হতে হবে বিপুল। শুধু জানা ছিল না, গুপ্তচরটির নাম কী হবে। এমন সময় টেবিলের উপরের তাকে রাখা একটি বইয়ে তাঁর চোখ পড়ল।
বইটির নাম—‘ফিল্ড গাইড টু দ্য বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’—নিতান্ত নিরস। পাতায় পাতায় ‘পাইড-বিল্ড গ্রিব’ নামের জলচর পাখি নিয়ে বিস্তর কথাবার্তা; সে সব আরও নিরস। আর সবচেয়ে নিরস ছিল লেখকের নাম। ফ্লেমিংয়ের মনে হল, নামটি “ছোট, রোমান্টিকতাবর্জিত, অ্যাংলো-স্যাক্সন, অথচ খুবই পুরুষালি।” নিজের নতুন বইয়ের ৫৬ নম্বর পাতায় ফ্লেমিং যে নামটি লিখবেন, সেটি হল—“বন্ড—জেমস বন্ড।”
বন্ডের ক্ষেত্রে নামের গুরুত্ব আছে। ১৬ নভেম্বর আরও একটি নাম ঘোষণা করা হল—বন্ডের সরকারি চলচ্চিত্রমালার ২৬তম ছবিতে ব্রিটিশ গুপ্তচরের ভূমিকায় যিনি অভিনয় করবেন, তাঁর নাম। আদি নামটির মতো এই নতুন নামটিও রোমান্টিকতাবর্জিত এবং পুরুষালি: রবার্ট প্যাটিনসন।
কয়েকটি দিক থেকে প্যাটিনসনকে বেছে নেওয়াটা চমকপ্রদ। সাধারণত বন্ডের ভূমিকায় যাঁদের নেওয়া হয়, তাঁরা তখনও খুব একটা পরিচিত নন। অথচ প্যাটিনসন ২০০৮ সাল থেকেই বক্স অফিসে দর্শক টানছেন। সে বছর ‘টোয়াইলাইট’ সিরিজে কামনাময় এক ভ্যাম্পায়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। শুধু এ বছরই চারটি বড় ছবিতে তাঁর অভিনয় রয়েছে। বন্ডের বিশুদ্ধতাবাদী ভক্তদের আশঙ্কা হতে পারে, এই ভ্যাম্পায়ার গোটা সিরিজের প্রাণরসই চুষে নেবেন। এমনকি মার্টিনি ছেড়ে হয়তো ধরবেন ‘ব্লাডি মেরি’।
অথচ চেহারার বর্ণনায় তিনি একেবারে খাপে খাপ: লম্বা, কালো চুল, চৌকো চোয়াল। বন্ডের মতো তাঁর মধ্যেও নায়ক ও খলনায়ক—দুয়েরই ছাপ আছে। ‘হ্যারি পটার’-এ তিনি ছিলেন এক সাহসী প্রিফেক্ট; আর এ বছরের ‘ওডিসি’-র চলচ্চিত্ররূপে দেখিয়েছেন খলনায়কের দিকটি। বন্ডের পক্ষে তা সুবিধাজনক, কারণ বন্ড নিজেও দুটোই। যদিও প্যাটিনসনের সেরা অভিনয়ে যে সূক্ষ্মতা থাকে, বন্ড চরিত্রটি তার তুলনায় অনেক স্থূল—খানিকটা গবেটও। ফ্লেমিং নিজেই তাঁর সৃষ্টিকে বলেছিলেন, “পিচবোর্ডের এক হাঁদারাম”।
প্যাটিনসনকে নিয়ে এত মাথাব্যথা, কারণ বন্ডকে নিয়ে মাথাব্যথা আছে। বন্ডের সাম্রাজ্য বিরাট: ফ্লেমিংয়ের লেখা মূল ১৪টি বই, অন্য লেখকদের হাতে সেই ধারার আরও কয়েক ডজন বই, এবং ২৫টি চলচ্চিত্র। মূল্যস্ফীতির হিসাব ধরলে এই ছবিগুলির মোট আয় ২,৩০০ কোটি ডলারেরও বেশি। মনে করা হয়, পৃথিবীর অর্ধেক মানুষ অন্তত একটি বন্ডের ছবি দেখেছেন।
ব্রিটেনের কাছে বন্ডের মনস্তাত্ত্বিক গুরুত্বও আছে। বইগুলি যখন লেখা হয়েছিল, তখনকার মতো আজও ব্রিটেনের মনে হয়, আন্তর্জাতিক মঞ্চে সে অতীতের গৌরবে বেঁচে থাকা একটি দেশ। গুপ্তচরের বেশে বন্ড তাকে সান্ত্বনা দেন। ব্রিটেনের সেনাবাহিনী ক্ষুদ্র হতে পারে, অর্থনীতি টলমল করতে পারে—কিন্তু তার হাতে এখনও এমন একজন মানুষ আছেন, যিনি জানেন কী করে দুষ্টু লোকেদের শায়েস্তা করতে হয়। আর পানীয় মেশাতেও যাঁর জুড়ি নেই। বন্ডের অভিনেতা নির্বাচনকে তাই প্রায় জাতীয় গুরুত্বের বিষয় বলে দেখা হয়। যেন বন্ডের জন্য নয়, ব্রিটেনের মূর্ত প্রতীক ব্রিটানিয়ার জন্য অভিনেতা বাছা হচ্ছে। এখন এই নির্বাচনের তাৎপর্য আরও বেশি, কারণ সিরিজটির সৃজনশীল নিয়ন্ত্রণ চলে গিয়েছে আমেরিকান স্টুডিয়ো অ্যামাজন এমজিএমের হাতে।
সাহিত্য থেকে পর্দায় আসা প্রতিটি চরিত্র দু’টি যুগের বাসিন্দা: যে যুগে বইটি লেখা হয়েছিল, আর যে যুগে ছবিটি তৈরি হচ্ছে। শিল্পের কৃতিত্ব হল, কোনও যুগের সঙ্গে বিশ্বাসঘাতকতা না-করে দু’টির প্রতিই সুবিচার করা। সফল রূপান্তরগুলি সেটাই করে—মনে করুন, ১৯৯৫ সালে অ্যান্ড্রু ডেভিসের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’। জেন অস্টেনের সংলাপ প্রায় অবিকল রেখেছিলেন ডেভিস; শুধু তার সঙ্গে মিশিয়েছিলেন বিশ শতকের কিছু চাপা যৌন উত্তাপ। হ্রদের দৃশ্যটির চিত্রনাট্যে নির্দেশ ছিল: “ডার্সির যৌনাঙ্গ উত্থিত।” অস্টেনের মূল লেখায় এই লাইনটি ছিল না।
বন্ডকে নতুন করে গড়ে তোলা আরও কঠিন। কারণ তিনি তিনটি যুগের বাসিন্দা। তৃতীয়টি সেই যুদ্ধকাল, যা ফ্লেমিংকেই গড়ে তুলেছিল। ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করতে গিয়ে যে সব “কঠিন ধাতের কমান্ডো-গোছের” মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল, তাঁদের আদলেই ফ্লেমিং চরিত্রগুলি তৈরি করেন। তাঁদের আকর্ষণ ছিল অফুরন্ত, দুঃসাহসও; নামের মধ্যে হাইফেনেরও অভাব ছিল না। বলা হয়, বন্ডের অনুপ্রেরণা ছিলেন কনরাড ও’ব্রায়েন-ফ্রেঞ্চের মতো মানুষ—দুর্দান্ত স্কি করতেন এই গুপ্তচর, আর গোঁফটি রাখতেন বেশ কায়দা করে। ছিলেন প্যাট্রিক ডালজেল-জব নামে এক অফিসারও—প্যারাশুটে নামায় সিদ্ধহস্ত, ব্রেমেন শহরের আত্মসমর্পণও যিনি নিজে গ্রহণ করেছিলেন।
নায়ক আর খেয়ালি মানুষে ভরা এক মোহময় যুগ ছিল সেটি। ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-এর কাল্পনিক প্রধান ‘এম’ চরিত্রটির অনুপ্রেরণা ম্যাক্সওয়েল নাইট বলে মনে করা হয়। ফ্লেমিং ও বন্ডের ইতিহাস নিয়ে লেখা ‘ফর ইয়োর আইজ অনলি’ বইয়ে বেন ম্যাকিনটায়ার জানিয়েছেন, এই গোয়েন্দাকর্তা নিজের বাথটবে সাপ রাখতেন। ‘হাউ টু কিপ আ গরিলা’ নামেও একটি বই লিখেছিলেন তিনি—অর্থাৎ, গরিলা পোষার উপায়। ধরে নেওয়া যায়, সাপেদের সঙ্গে একই বাথটবে নয়। এমআই৬-এর পূর্বসূরি ব্রিটেনের সিক্রেট সার্ভিস ব্যুরোর প্রতিষ্ঠাকালীন প্রধানদের একজন বলতেন, তিনি যে পুরুষদের কাজে নেবেন, তাঁদের “ঘোড়ায় চড়তে চড়তেই জামার হাতার কাফে নোট নেওয়ার” ক্ষমতা থাকতে হবে। আর মহিলাদের থাকতে হবে “সুন্দর পা”।
বন্ডের মধ্যে এঁদের প্রত্যেকের কিছু না-কিছু আছে। আছে ফ্লেমিংয়ের নিজেরও ছাপ। নারীসঙ্গের নেশার জন্য ফ্লেমিংয়ের কুখ্যাতি ছিল; অথচ সেই সঙ্গেও তাঁর বিশেষ আবেগের বালাই ছিল না। তাঁর এক প্রাক্তন প্রেমিকার কথায়, মেয়েরা তাঁর কাছে ছিলেন “মাছের কাটলেট”-এর মতো: “মাছের কাটলেট তিনি খুব পছন্দ করতেন, কিন্তু তা খাওয়ার মধ্যে যে কোনও রহস্যময় মাহাত্ম্য আছে, এমন ভান কখনও করতেন না।” বন্ডও যথারীতি বহু নারীকে ভোগ করেন, এবং প্রায়ই সেই ভোগের ভঙ্গিটি রুচিহীন। ফ্লেমিং তাঁর বইগুলিকে বলেছিলেন, “এক কিশোর মনের বালিশে মাথা রেখে দেখা কামকল্পনা।” ছবিগুলির অবস্থাও প্রায়ই তার চেয়ে খুব ভাল ছিল না। একটি ছবিতে এক চরিত্রের নাম ছিল ক্রিসমাস জোন্স—যাতে ক্রিসমাস বছরে কত বার ‘আসে’, তা নিয়ে অশ্লীল দ্ব্যর্থক রসিকতার সুযোগ তৈরি হয়। ইংরেজিতে ‘কাম্স’ শব্দের অর্থে আসা এবং যৌন চরমসুখে পৌঁছনো—দুই-ই আছে।
ফ্লেমিংয়ের ধারণা ছিল, বন্ডের চেহারাও খানিকটা তাঁর মতো, তবে “আরও সুদর্শন”। বন্ড লম্বা, কালো চুলের; আর ‘অন্ধকার’ কথাটিও তাঁর ক্ষেত্রে খাটে সব অর্থেই। উচ্চতা ছ’ফুট, “বেশ লম্বা কালো ভুরু”, “সোজা কিন্তু দৃঢ়” চোয়াল, “নিষ্ঠুর” হাসি, “নিষ্ঠুর” চোখ, আর “নিষ্ঠুর” সৌন্দর্য। এই বারবার নিষ্ঠুরতার উল্লেখের খানিকটা অবশ্য নিছক লেখার আলস্য। ফ্লেমিংয়ের লক্ষ্য ছিল কাজ চালানোর মতো গদ্য, মহৎ সাহিত্যসৃষ্টি নয়। প্রতিদিন দু’হাজার শব্দ লিখতেন তিনি। তার মধ্যে বেশ কিছু শব্দের পুনরাবৃত্তি ঘটলেও বিশেষ মাথা ঘামাতেন না।
কিন্তু বিষয়টি শুধু সেখানেই শেষ নয়। নারী-পুরুষ নির্বিশেষে নিষ্ঠুরতা ফ্লেমিংয়ের লেখার একটি বৈশিষ্ট্য। ‘ক্যাসিনো রয়্যাল’-এ বন্ড “ধর্ষণের মিঠে ঝাঁজ” উপভোগ করেন। তার কিছু পরেই রয়েছে একটি অবিস্মরণীয় দৃশ্য—একটি বেতের চেয়ার আর কার্পেট পেটানোর ঝাড়নকে ঘিরে। বন্ডকে নগ্ন করে হাত-পা বেঁধে সেই চেয়ারে বসানো হয়। তারপর খলনায়ক ল্য শিফ্র তাঁর উপর ভয়ংকর নির্যাতন চালায়। বারবার। পাঠক নিজের অস্বস্তি সত্ত্বেও চোখ ফেরাতে পারেন না।
কিন্তু পৃথিবী বদলে গিয়েছে। বাস্তবে এমআই৬-এর বর্তমান প্রধান একজন মহিলা। অধস্তনদের ঘোড়ায় চড়ার দক্ষতা কিংবা তাঁদের পায়ের সৌন্দর্য নিয়ে তিনি কোনও নির্দেশ দিয়েছেন বলে মনে হয় না। কিশোরসুলভ বালিশের কামকল্পনায় তিনি আমোদ পাবেন বলেও মনে হয় না। ‘গোল্ডেনআই’-এ জুডি ডেঞ্চ অভিনীত ‘এম’ বন্ডকে যেমন বলেছিলেন, তাঁকে দেখলে মনে হতেই পারে—“লিঙ্গবৈষম্যে বিশ্বাসী, নারীবিদ্বেষী এক ডাইনোসর।”
তবু এত ত্রুটি সত্ত্বেও বন্ডের প্রতি মানুষের ভালবাসা অটুট। ফলে তাঁকে নতুন করে গড়ে তোলা একই সঙ্গে কাম্য এবং প্রায় অসম্ভব: প্রায় প্রত্যেকেরই এ নিয়ে নিজস্ব মত আছে। প্যাটিনসন হয়তো ভরসাযোগ্য নির্বাচন, কিন্তু অভিযোগ উঠবেই—শন কনারি আর ড্যানিয়েল ক্রেগকে বেছে নেওয়ার সময়েও যেমন উঠেছিল। বন্ডকে খুব কম বদলালে আঘাত লাগবে আধুনিক মূল্যবোধে; বেশি বদলালে চটবেন পুরনো ধারার ভক্তরা। বন্ডের মতোই চিত্রনাট্যকারদেরও হাত বাঁধা। আর বন্ডের বেলাতেও যেমন হয়, তা সত্ত্বেও সবাই দেখবেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।