নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনুষ্ঠান ঘিরে আপত্তি—সব বাধা পেরিয়ে রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে কনসার্টের মঞ্চে উঠলেন দিলজিৎ দোসাঞ্জ। আর সেখানেই কবি রাহাত ইন্দোরির বিখ্যাত পঙ্‌ক্তি আবৃত্তি করে স্পষ্ট বার্তা দিলেন গায়ক—“কিসি কে বাপ কা হিন্দোস্তান থোড়ি হ্যায়”, অর্থাৎ হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়! তাঁর দাবি, ইন্দোরে অনুষ্ঠান করতে আসা আটকাতে “একাধিক চেষ্টা” হয়েছিল। কিন্তু তিনি কথা দিয়েছিলেন, তাই এসেছেন।

ইন্দোরের ডিলাইট দস্তুর ময়দানের এই কনসার্ট দিয়েই শুরু হল দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’। অনুষ্ঠানে পঞ্জাবি শিল্পী তাঁর সফর ঘিরে রাজনৈতিক বিরোধিতারও কড়া জবাব দেন বলে মনে হয়েছে।

দিলজিৎ বলেন, “এই গান গাওয়া যাবে না, ওই গান গাওয়া যাবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না।”

এর পরেই ইন্দোরেরই কবি রাহাত ইন্দোরির লেখা কয়েকটি পঙ্‌ক্তি আবৃত্তি করেন তিনি—

“আমাদের মুখ থেকে যা বেরোয়, তা-ই সত্য,
আমাদের মুখে তো তোমাদের জবান নেই।
বিরোধিতা করলে করতে দাও, তাতে প্রাণ যাচ্ছে না।
এ সবই ধোঁয়া, আকাশ তো নয়।
আমি জানি, শত্রুও কম নেই,
কিন্তু তারা কি আমাদের মতো হাতের মুঠোয় প্রাণ নিয়ে চলে?”

আবৃত্তির শেষে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে গর্জে ওঠেন দিলজিৎ—

“এই মাটিতে মিশে আছে সকলের রক্ত,
হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়!”

‘ভয় পাই না, পিছিয়েও যাই না’

দর্শকদের ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দিতে বলেন দিলজিৎ। জানান, কোনও বাধাই তাঁকে ভয় দেখাতে পারবে না। ইন্দোরে আসা থেকেও কেউ তাঁকে আটকাতে পারবেন না।

তাঁর কথায়, “ইন্দোরের মানুষ, এ মহাকালের ভূমি। এখানে আসা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। আগেও ভয় পাইনি, আজও ভয় পাই না। আর আপনাদের ভয় পাওয়ার প্রশ্নই বা উঠছে কোথায়? আপনাদের শক্তিই আজ আমাদের এখানে নিয়ে এসেছে।”

এর পরেই নিজের অনুষ্ঠান ঘিরে বাধার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার এখানে আসা আটকাতে অনেক চেষ্টা হয়েছিল। তবু আমি এসেছি। একবার কাউকে আসব বলে কথা দিলে আমি আর পিছিয়ে যাই না। এত বিধিনিষেধের পরেও আমি এখানে দাঁড়িয়ে আছি।”

গান নিয়ে আপত্তি, বোমার হুমকি

মদ্যপানের উল্লেখ রয়েছে, এমন গান নিয়ে ইন্দোর ও গুজরাতের আমদাবাদের মতো শহরে দিলজিতের কনসার্টের বিরুদ্ধে আপত্তি তুলেছে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ। গত ৬ নভেম্বরের এক নির্দেশে ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক এ ধরনের চারটি গান পরিবেশন নিষিদ্ধ করেন। অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় পুলিশের চূড়ান্ত অনুমতিও মেলে।

এর মধ্যেই দিলজিতের কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইন্দোরের মেয়রের দফতর-সহ একাধিক প্রতিষ্ঠানে ইমেল পাঠানো হয়। সংক্ষিপ্ত তদন্তের পর পুলিশ জানায়, হুমকিগুলি ভুয়ো।

বিরোধিতার মুখে দিলজিৎ

সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক মতামত এবং তাঁর গানে নেশা ও হিংসায় উৎসাহ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের বিরোধিতার মুখে পড়েছেন দিলজিৎ। ভারতে তাঁর কনসার্ট ঘিরেও একাধিকবার আপত্তি উঠেছে। তবে ইন্দোরের মঞ্চে কবি রাহাত ইন্দোরির পঙ্‌ক্তি তুলে ধরে এ বার সেই বিরোধিতার জবাব দিলেন গায়ক—অন্তত তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।