“বাবার মেয়ে বলে আমি খুব গর্বিত। চাঙ্কি পাণ্ডের নামের সঙ্গে আমার নাম জড়িয়ে থাকুক, সেটাই চাই।” বলিউডে স্বজনপোষণ নিয়ে প্রশ্নের উত্তরে এ কথা বললেন অনন্যা পাণ্ডে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের ২৪তম আসরে অভিনেত্রী স্বীকার করলেন, পারিবারিক পরিচয়ের সুবাদে তিনি সুযোগ-সুবিধা পেয়েছেন।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে অভিষেকের পর থেকেই অনন্যাকে স্বজনপোষণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনন্যার মতে, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনও মানে হয় না। বাবার সঙ্গে তাঁর সম্পর্ককে কেউ নেতিবাচক চোখে দেখুক, সেটাও তিনি চান না। অভিনয় করাই যে তাঁর বরাবরের স্বপ্ন ছিল, সে কথা জানিয়ে অনন্যা বলেন, “আমাকে নিয়ে লোকে যা-ই ভাবুক, রোজ সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে জীবনটার স্বপ্ন দেখতাম, সেটাই কাটাতে পারছি। আমি ভাগ্যবান, অনেক সুযোগ-সুবিধা পেয়েছি।”

জেন জ়ি অলস, সব কিছু পাওনা বলে ধরে নেয়, বেশিক্ষণ কাজ করতে চায় না—এই ধারণা নিয়েও কথা বলেন অনন্যা। তাঁর জবাব, “সত্যি বলতে, জেন জ়ির অকারণেই বদনাম!” তাঁর মতে, তফাতটা সাফল্যের সংজ্ঞায়। “আগের প্রজন্ম যখন বড় হচ্ছিল, তখন হয়তো সাফল্য বলতে এক রকম জিনিসই বোঝাত। সেখানে পৌঁছতে গেলে একটা নির্দিষ্ট পথেই হাঁটতে হত। আমাদের প্রজন্ম একটু আলাদা। আমি হইচইয়ের মধ্যেই ভাল কাজ করি। যত বেশি সময় পারি, কাজ করতে ভালবাসি। আবার আমার প্রজন্মেরই কেউ হয়তো আমার মতো এতটা খাটে না, অথচ সে-ও আমার মতোই সফল। ওটা তার নিজের পথ।”

টাইগার শ্রফকে হুমকি দেওয়ার পর চলচ্চিত্র জগতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। অনন্যা বলেন, “ব্যাপারটা খুবই ভয়ের। এর পর আশা করি, সকলের নিরাপত্তার ব্যাপারে ঢিলেমি কমবে। অভিনেতাদের পাশাপাশি যাঁরা অনুষ্ঠানে ভিড় করেন, তাঁদের নিরাপত্তার কথাও ভাবতে হবে।”