আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঙিনায় সাফল্যের পর এবার অস্কারের মঞ্চে জোরালো প্রচার শুরু করতে চলেছে ভারতীয় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উই ওয়্যার হেয়ার’ (We Were Here)। আর সেই অভিযানে ছবিটির এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত হলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে একই ভূমিকায় শামিল হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু স্কট এবং টনি অ্যাওয়ার্ড জয়ী নাট্যকার-সমাজকর্মী ভি (পূর্বে ইভ এন্সলার)।

তরুণ পরিচালক প্রণব ভাসিনের রচনা ও পরিচালনায় তৈরি এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৮০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ২০টির বেশি পুরস্কার জিতে নিয়েছে। পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল শর্টফেস্টে সেরা কমেডি শর্ট ও সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মের সম্মান জিতে ছবিটি অ্যাকাডেমি পুরস্কারের (অস্কার) যোগ্যতা অর্জন করে। এছাড়া মর্যাদাপূর্ণ ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (SXSW) এবং ক্লারমন্ট-ফেরান্ড উৎসবেও প্রশংসিত হয়েছে এটি। সম্প্রতি বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য নিউ ইয়র্কার’ ছবিটি অধিগ্রহণ করেছে এবং তাদের ইউটিউব প্ল্যাটফর্মে এটি মুক্তি পেতে চলেছে।

ছবির গল্প ভারতের এক মফস্‌সল শহরের তিন অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিকে ঘিরে। তাঁরা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক যন্ত্রপাতি মানুষের কাজ কেড়ে নিচ্ছে। এই আশঙ্কায় এক অদ্ভুত প্রতিবাদের পথ বেছে নেন তাঁরা—নিজেদের বিভিন্ন গৃহস্থালি যন্ত্রপাতি হিসেবে সাজিয়ে শুরু করেন প্রতিরোধ। কিন্তু জটিলতা তৈরি হয় যখন তাঁদেরই এক সন্তান একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংস্থায় চাকরিতে যোগ দেয়। কমেডির মোড়কে প্রযুক্তির দাপট ও বেকারত্বের ভয় নিয়ে সমাজের বাস্তব চিত্রটি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

ছবিটির সঙ্গে যুক্ত হয়ে প্রিয়ঙ্কা চোপড়া এক বিবৃতিতে বলেন, “সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়ের ওপর খুবই সতেজ ও বুদ্ধিদীপ্ত গল্প বলেছে এই ছবি। তরুণ ও প্রতিভাবান এই নির্মাতাদের পাশে দাঁড়াতে এবং তাঁদের অসাধারণ কাজকে বিশ্বমঞ্চে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি।” বিশ্বমঞ্চে প্রিয়ঙ্কার সমর্থন ছবিটির অস্কার প্রচারকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।