অসুস্থতা আর বোমা হামলার হুমকি, কোনও কিছুই ভাঙতে পারল না অমিতাভ বচ্চনের রবিবারের রীতি। জলসার বাইরে অনুরাগীদের দর্শন দিলেন অভিনেতা, পাশে ছিলেন ছেলে অভিষেক।
অসুস্থতা নিয়ে উদ্বেগ, তার উপর বোমা হামলার হুমকি! তবু অনুরাগীদের নিরাশ করলেন না অমিতাভ বচ্চন। মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে রবিবার ফের দেখা দিলেন বলিউডের শাহেনশা। কড়া নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন তিনি। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও।
দীর্ঘদিনের এই রীতি অমিতাভের অনুরাগীদের কাছে রীতিমতো আবেগের বিষয়। প্রতি রবিবার প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে জলসার সামনে ভিড় জমান অসংখ্য মানুষ। শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিলেন ৮৪ বছরের অভিনেতা। তার মধ্যেও অনুরাগীদের সঙ্গে এই সাপ্তাহিক সাক্ষাতে ছেদ পড়ল না।
অসুস্থতার মধ্যেও ভক্তদের সামনে হাজির হওয়ায় সমাজমাধ্যমে প্রশংসায় ভাসছেন অমিতাভ। এক অনুরাগী ইনস্টাগ্রামে লিখেছেন, “অসুস্থ থাকা সত্ত্বেও অনুরাগীদের ভালোবাসার টানে তিনি এসেছেন।” অন্য এক জনের প্রার্থনা, “ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন।”
আর এক অনুরাগীর কথায়, “এই পৃথিবীতে শেষ পর্যন্ত এটুকুই থেকে যায়। অমিতাভ স্যরের বয়সের ভার বাড়ছে, তবুও অনুরাগীদের জন্য প্রতি রবিবার তিনি হাজির হন।” তাঁর প্রাণশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন অনেকে।
বাবার পাশে দাঁড়িয়ে অভিষেকের উপস্থিতিও নজর এড়ায়নি ভক্তদের। বাবার প্রতি তাঁর যত্ন, ভালোবাসা ও সমর্থনের প্রশংসা করেছেন অনেকে। বাবা-ছেলের এই মুহূর্ত অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
বিশ্রাম চেয়েছিলেন বিগ বি
‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসি-র সঞ্চালক অমিতাভ সম্প্রতি জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠতে তাঁর আরও কিছু দিন বিশ্রাম প্রয়োজন।
গত ২১ অক্টোবর সমাজমাধ্যম এক্সে তিনি লেখেন, “দুঃখিত। ক্ষমা চাইছি। বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েক দিন সময় নিতে বলা হয়েছে। তাই কিছু লিখতে পারছি না।”
দু’দিন পরে, ২৩ অক্টোবর, ফের এক্সে ফিরে তাঁর সংক্ষিপ্ত বার্তা, “চলুন।” নিজের ব্লগেও শারীরিক অবস্থা নিয়ে লেখেন, “আরও বিশ্রাম প্রয়োজন… মানিয়ে নিচ্ছি… চিন্তা করছি, ভাবছি… মানবদেহ এবং তার অনন্যতা।”
তাঁর এই কথাগুলি থেকেই অনুরাগীদের একাংশের মধ্যে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তার মধ্যেই রবিবার জলসার বাইরে তাঁর উপস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ভক্তদের।
জলসায় গ্রেনেড হামলার হুমকি!
অমিতাভের এই রবিবারের দর্শনের মধ্যেই সামনে এসেছে নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর। বোমা হামলার হুমকির জেরে অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার, ২৩ অক্টোবর, মুম্বই পুরসভার কাছে একটি হুমকি-ইমেল আসে। সেখানে নিজেকে ‘স্মিথ জনসন’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি আগামী ৩১ অক্টোবর জুহুতে অমিতাভের বাড়িতে গ্রেনেড হামলার হুমকি দেয়।
ওই হুমকিতে অমিতাভের পাশাপাশি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নামও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দু’জনেই খলিস্তানপন্থী গোষ্ঠীর নিশানায় রয়েছেন। তবে হুমকির পিছনে কারা রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য সামনে আসেনি।
১৯৮৪-র বিতর্কের ছায়া
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গাকে ঘিরে বিতর্ক বহু বছর ধরেই অমিতাভকে তাড়া করে ফিরেছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখদের উপর আক্রমণে তিনি উসকানি দিয়েছিলেন বলে কয়েকটি শিখ সংগঠন ও কিছু ব্যক্তি অভিযোগ করেছেন। অমিতাভ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর কেবিসি-তে অতিথি হিসেবে এসে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দিলজিতের সমালোচনা করে। তাদের অভিযোগ ছিল, ওই আচরণের মাধ্যমে ১৯৮৪ সালের হিংসার শিকার মানুষদের অসম্মান করেছেন গায়ক।
অসুস্থতা, বিশ্রামের প্রয়োজন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে অমিতাভকে ঘিরে গত কয়েক দিনে চর্চা তুঙ্গে। তবে রবিবার জলসার বাইরে তাঁর উপস্থিতি আরও একবার বুঝিয়ে দিল, দশকের পর দশক ধরে গড়ে ওঠা এই তারকা-অনুরাগী সম্পর্কের আবেগ আজও অটুট।