কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আদনান ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি ভারতের জম্মু-কাশ্মীরে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে গিয়ে সেটি আদনানের মরদেহ বলে শনাক্ত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই আদনানকে বাংলাদেশে নিয়ে আসেন। গত ৩১ অক্টোবর তিনি তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এবং তার মা মঙ্গলবার বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল। এরই মধ্যে বুধবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ওসি লুৎফুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং বিষয়টি পরিষ্কার হবে।