আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে চড়ে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এই আগ্রহকে ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো দণ্ডিত সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

একইসঙ্গে শেখ হাসিনার এই ঘোষণা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্তবর্তী তৎপরতা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

মঙ্গলবার নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র ও যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘স্টাডি সার্কেল’ (Study Circle)-এর চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর ৭৯ বছর বয়সী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিজয় দিবসে দেশে ফিরতে চান।

মোজাম্মেল আলীর দাবি, ২০২৪ সালে যেহেতু বাংলাদেশের একটি বিমানে করেই তাকে ভারতে পাঠানো হয়েছিল, তাই এখন নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যবস্থা করা ঢাকা সরকারেরই দায়িত্ব। উল্লেখ্য, ক্ষমতাচ্যুতির পর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় সম্প্রতি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা। এর কয়েক সপ্তাহ পরই তার দেশে ফেরার এই সুনির্দিষ্ট তারিখ সামনে এলো।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় ৬০টি বিদেশি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার দেশে ফেরার খবর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা দুটি ভিন্ন বিষয়—এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।”

বিমানে বা হেঁটে দেশে ফেরার ধারণাকে ‘কল্পনা ও দুঃস্বপ্ন’ মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, “তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটুকুই বাস্তবতা।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দুই-তৃতীয়াংশের বেশি ভোটে নির্বাচিত একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিচ্ছিন্ন নাশকতায় সাধারণ মানুষ আতঙ্কিত নয়, বরং সন্ত্রাসীরাই এখন ভয়ে পালাচ্ছে। ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবেই দমন করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের সংঘর্ষে গুলি চালিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও সরকারের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি সরকারের কাছে বিমান চাইবেন, তা সম্পূর্ণ অযৌক্তিক। অন্যদিকে, মঙ্গলবারের এই ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও গত এপ্রিলে নয়াদিল্লি জানিয়েছিল, ঢাকার পাঠানো আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধটি তারা আইনিভাবে খতিয়ে দেখছে।

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সীমান্ত এলাকায় তৎপরতা নিয়েও বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সম্প্রতি বেনাপোল সীমান্ত এলাকা ঘুরে গেছেন। তাদের এই সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে।

মাঠ ছাড়বে না বিএনপি, জামায়াত ও এনসিপি

  • সতর্ক অবস্থানে বিএনপি: ডিসেম্বরকে সামনে রেখে দেশে যেন কোনো ধরনের অরাজকতা বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সেজন্য তৃণমূল নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনীতিতে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, “নিজ দেশের মানুষের রক্ত ঝরিয়ে যারা পালিয়ে যায়, তারা চাইলেই উড়ে এসে আবার ক্ষমতা দখল করতে পারে না। জনগণই হাসিনাকে প্রতিহত করবে।”

  • গভীর ষড়যন্ত্র দেখছে জামায়াত: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করছে, এই ঘোষণার আড়ালে বড় কোনো চক্রান্ত কাজ করছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক প্রতিক্রিয়ায় বলেন, এ ধরনের কথাবার্তার আড়ালে দেশকে অস্থিতিশীল করার ‘গূঢ় রহস্য ও চক্রান্ত’ লুকিয়ে আছে। অতীতের সব অপরাধের জন্য তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

  • ফাঁসির রায় কার্যকরের দাবি এনসিপির: চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে কড়া অবস্থান নিয়েছে। দলটির নেতাদের দাবি, সরকারকে কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার লক্ষ্যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। গণহত্যার দায়ে দণ্ডিত কারও সঙ্গে কোনো আপস বা তাদের রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ঢাকাসহ বেনাপোল ও আশপাশের সীমান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে প্রশাসন।