২০২৪ সাল বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধাক্কার বছর। ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশে আসে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ৫ আগস্ট আসলে কী ঘটেছিল? কেন গোয়েন্দারা ফেইল করল? আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? আর শেখ হাসিনাই বা কবে দেশে ফিরছেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই 'বাংলাস্ফিয়ার'-এর মুখোমুখি হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল।

এই খোলামেলা সাক্ষাৎকারে তিনি কোটা আন্দোলন, ৫ আগস্টের পেছনের ঘটনা, বর্তমান সরকার এবং তরুণদের নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

কোটা আন্দোলন যেভাবে সরকার পতনের ডাক হলো

সাক্ষাৎকারের শুরুতেই বাংলাস্ফিয়ারের পক্ষ থেকে এফ এম শাহীন তাকে জিজ্ঞেস করেন, একটা সাধারণ কোটা আন্দোলন কীভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নিল?

জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, “কোটা আন্দোলন কিন্তু কয়েক বছর আগেও হয়েছিল। তখন প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেন। পরে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে আদালত নতুন রায় দেয়। সেখান থেকেই আবার আন্দোলন শুরু।”

তিনি জানান, শেখ হাসিনা প্রথমে আন্দোলনটাকে খুব সিরিয়াসলি নেননি, কারণ তিনি তো আগেই কোটা বাতিলের সিদ্ধান্ত দিয়ে রেখেছিলেন। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। আসাদুজ্জামান খান কামালের দাবি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই আন্দোলন কাজে লাগিয়েছেন।

তিনি বলেন, “তার (ড. ইউনূস) সম্পর্কে মানুষের অনেক ভালো ধারণা ছিল, কিন্তু মানুষ এখন বুঝতে পারছে তিনি কীভাবে এত টাকার মালিক হলেন। তিনি নিজেই তো বলেছেন, এটা একটা সাজানো পরিকল্পনা (মেটিকুলাস ডিজাইন), যার পেছনে তিনি বছরের পর বছর সময় ও অনেক টাকা খরচ করেছেন। এ কারণেই আন্দোলন অন্যদিকে মোড় নেয়।”

তিনি আরও বলেন, এই সুযোগে বিএনপি আর জামায়াতও মাঠে নামে। তার ভাষায়, “জামায়াত সবসময় জোর খাটানোর রাজনীতি করে। তারাই একসময় রগ কাটার রাজনীতি শুরু করেছিল। সোশ্যাল মিডিয়াতেও তারা নানা মিথ্যা কথা ছড়িয়েছে। আমরা হয়তো সেদিকে ঠিকমতো নজর দিতে পারিনি, এটাই আমাদের বড় ভুল ছিল।”

৫ আগস্ট আসলে কী ঘটেছিল? গোয়েন্দারা কি ফেইল করেছিল?

৫ আগস্টের ঘটনা নিয়ে তিনি গোয়েন্দাদের ব্যর্থতার কথা কিছুটা স্বীকার করেন। তবে তিনি সেনাপ্রধান আর গোয়েন্দা প্রধানদের দিকে আঙুল তোলেন।

৩ আগস্টের কথা মনে করে তিনি বলেন, “আমি সকালে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম তিনি দেশে জরুরি অবস্থা (ইমার্জেন্সি) দেবেন কি না। প্রধানমন্ত্রী তখন ডিজিএফআই চিফের দিকে তাকান। ডিজিএফআই চিফ জেনারেল হামিদ খুব জোর দিয়ে বলেন, ‘সবকিছু আমাদের কন্ট্রোলে আছে’।”

৪ আগস্ট রাতের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি সেনাপ্রধান, নৌপ্রধান ও পুলিশের বড় কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম। সেনাপ্রধানকে জিজ্ঞেস করি, ৫ তারিখে তো তারা ঢাকা দখলের ডাক দিয়েছে, আপনারা কী ভাবছেন? তিনি আমাকে দুবার আশ্বস্ত করে বলেন, ‘আমার ওপর ছেড়ে দিন, প্রধানমন্ত্রী আর ঢাকা শহর রক্ষার দায়িত্ব আমার’। কিন্তু পরে তার কথার সাথে কাজের কোনো মিল আমরা দেখিনি। হয়তো আমাদের কাছে সঠিক তথ্যটাই পৌঁছানো হয়নি।”

বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা

বর্তমান ড. ইউনূস সরকারের আমলের আইনশৃঙ্খলা নিয়ে তিনি বেশ শঙ্কা প্রকাশ করেন। তার দাবি, বর্তমান সরকার দেশ সামলানোর চেয়ে লুটপাট আর আওয়ামী লীগের অর্জন নষ্ট করতেই বেশি ব্যস্ত।

তিনি বলেন, “শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেওয়ার সময় জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন। আইন সবার জন্য সমান ছিল। কিন্তু এখনকার সরকার তো ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। দেশে লুটপাট আর সহিংসতা চলছে, আর সরকার বসে বসে দেখছে।”

পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশকে তো নিজেদের জানমাল রক্ষার জন্য গুলি করার আইনি অধিকার দেওয়া আছে। কিন্তু এখন দেখছি, উপরের নির্দেশে কাজ করা পুলিশ সদস্যদেরও ফাঁসির ভয় দেখানো হচ্ছে। এভাবে তো পুলিশ কাজ করতে পারবে না। দেশে এখন একটা অরাজকতা চলছে।”

বিচার ও একাত্তরের প্রসঙ্গ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের প্রসঙ্গে তিনি এটাকে একাত্তরের হারের বদলা বলে দাবি করেন। তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, একাত্তরের বদলা শুরু হয়েছে। জামায়াতের আমিরও বলেছেন পাকিস্তান তাদের অনেক টাকা দিয়েছে। এসব বিচার আসলে সেই বদলা নেওয়ারই একটা অংশ।”

কবে ফিরছেন শেখ হাসিনা?

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন—এই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল খুব আত্মবিশ্বাসের সাথে বলেন, তিনি ফেরার জন্য তৈরি।

“বঙ্গবন্ধুর রক্ত তার শরীরে। তিনি যা বলেন, তাই করেন। পঁচাত্তরের পর তিনি যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন, এবারও ফিরবেন। দেশের মানুষ এখন নিজেদের ভুল বুঝতে পারছে।”

তিনি জানান, কিছুদিন আগেও শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। শেখ হাসিনা তাকে বলেছেন, “দেশের এই অবস্থায় আমি বিদেশে থাকতে পারি না, আমি যাবই।”

নেত্রীকে বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “দরকার হলে আমরা মানবঢাল তৈরি করব। আমরা মরব, কিন্তু তাকে বাঁচিয়ে রাখব।”

আওয়ামী লীগ কি বদলা নেবে?

আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রতিশোধ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে না।

“শেখ হাসিনা কখনোই প্রতিশোধ নেননি। যারা বেশি অন্যায় করেছে, মানুষ মেরেছে বা আগুন দিয়েছে, তাদের আইনি বিচার হবে। কিন্তু আমরা কোনো বদলা নেব না। আমরা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই। যারা ভুল বুঝেছিল, তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছে—এটাই আমাদের জন্য অনেক।”

তরুণদের প্রতি বার্তা

শেষ দিকে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। আমরা তো বিদায় নেব, দেশ তো তারাই চালাবে। আজকের তরুণরা অনেক মেধাবী। তাদের যদি একটু সুযোগ আর গাইডলাইন দেওয়া যায়, তারা অনেক ভালো কিছু করবে। আমাদের স্বপ্নের সোনার বাংলা তারাই গড়বে।”