ষোলো বছর বয়সে রাসেল ব্র্যান্ড তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেছেন যে মহিলা, তিনি এবার যৌনসম্পর্কে সম্মতির জন্য বয়সভিত্তিক পৃথক বিধান চালুর দাবিতে প্রচার শুরু করতে নিজের পরিচয় গোপন রাখার অধিকার ছেড়ে দিলেন।

মিয়া ল্যাটার জানিয়েছেন, ব্র্যান্ডের সঙ্গে তিন মাসের এক নির্যাতনমূলক সম্পর্কে ছিলেন তিনি। তখন ব্র্যান্ডের বয়স ৩০, তাঁর ১৬।

এত দিন তাঁকে ‘অ্যালিস’ ছদ্মনামে উল্লেখ করা হচ্ছিল। এক সাক্ষাৎকারে ল্যাটার বলেন, জিজেল পেলিকোর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি আজীবন পরিচয় গোপন রাখার অধিকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর কথায়, “এ লজ্জা আমার নয়। এই বোঝাও আর আমার বয়ে বেড়ানোর নয়। মিথ্যে আমি বলছি না, কোনও অপরাধও আমি করিনি।”

ল্যাটার ব্রিটিশ সরকারের কাছে যৌনসম্পর্কে সম্মতির বিষয়ে এমন একটি বয়সভিত্তিক আইন চালুর দাবি জানাচ্ছেন, যাতে নির্দিষ্ট বয়সের বেশি কোনও প্রাপ্তবয়স্কের পক্ষে ১৬ ও ১৭ বছরের কিশোর-কিশোরীদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন বেআইনি হয়।

কার্যত উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা লুইজ হেই বলেছেন, ল্যাটারের “হৃদয়বিদারক অভিজ্ঞতা”র পরিপ্রেক্ষিতে আইন পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত।

তিনি বলেন, “মিয়া এবং তাঁর মতো যাঁরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, সেই সব নির্যাতিত মানুষের কথা আমাদের শুনতে হবে। কারণ আইনপ্রণেতা হিসেবে আমরা যা বিবেচনা করব, তার কেন্দ্রে তাঁদের অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি।

“যৌনসম্পর্কে সম্মতির বয়স বদলানো যে বিরাট পদক্ষেপ হবে, তা স্পষ্ট। কিন্তু বিষয়টি যথাযথ বিবেচনা ও খতিয়ে দেখার দাবি রাখে। কেন তিনি এই দাবি জানাচ্ছেন, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।”

ব্রিটেনের আইন অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সিদের সম্মতি থাকলে যে কোনও বয়সের প্রাপ্তবয়স্ক তাঁদের সঙ্গে আইনত যৌনসম্পর্ক স্থাপন করতে পারেন।

ল্যাটার বলেন, “প্রতিবারই বিষয়টি আমাকে স্তম্ভিত করে—ব্র্যান্ডকে নিয়ে যখনই নতুন করে খবর হয়, মন্তব্যে বারবার উঠে আসে ষোলো বছরের একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা।

“কিন্তু সেটাই তো সবচেয়ে জঘন্য অংশ নয়। তা হলে কেন সবাই মিলে ওই একটি জায়গাতেই আটকে যাই? আমার মনে হয়, আমরা মোটামুটি সবাই একমত যে… শিশুদের সঙ্গে, আঠারো বছরের কম বয়সি কারও সঙ্গে, প্রাপ্তবয়স্কদের যৌনসম্পর্কের অনুমতি থাকা উচিত নয়। এটা মেনে নেওয়া তো খুব বিরাট কোনও পদক্ষেপ বলে মনে হয় না।”

ল্যাটারের বর্তমান বয়স ৩৭। ব্র্যান্ডের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তাঁর বয়স ছিল ১৬। কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে মধ্য লন্ডনের লেস্টার স্কোয়ারে তাঁদের দেখা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্র্যান্ড তাঁর ফোন নম্বর নেন। পরে বার্তা পাঠিয়ে জানতে চান, তিনি তাঁর সঙ্গে নৈশভোজে যেতে চান কি না।

ল্যাটার জানিয়েছেন, নিজের বয়স জানানোর পরেও ব্র্যান্ড তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ব্র্যান্ড তখন এমটিভিতে কাজ করতেন।

ল্যাটারের অভিযোগ, তিন মাসের সম্পর্কের শেষ দিকে ব্র্যান্ড তাঁকে মুখমৈথুনে বাধ্য করে ধর্ষণ করেন। ২০২৩ সালে এই অভিযোগগুলি প্রথম প্রকাশিত হওয়ার সময় ল্যাটারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন ব্র্যান্ড।

তথ্যচিত্রটি প্রকাশের পরে ল্যাটার পুলিশের সঙ্গে কথা বলেন। কিন্তু সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ব্র্যান্ডের বিচার চলাকালীন তাঁর অভিযোগটি সেই মামলায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএস।

ব্র্যান্ডের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন ছয়জন মহিলা। তাঁদের মধ্যে চারজনের ওপর হামলার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। ধর্ষণের একটি এবং যৌন নিগ্রহের তিনটি অপরাধে তিনি এখন সাড়ে দশ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

চলতি সপ্তাহের গোড়ায় জানানো হয়, গার্ডিয়ান ও আইটিভি নিউজের অনুসন্ধানের পরে কৌতুকাভিনেতা ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অপরাধের একাধিক “গুরুতর” অভিযোগ খতিয়ে দেখছে মেট্রোপলিটন পুলিশ।

এক মহিলা জানিয়েছেন, তাঁর বয়স যখন ১৫, তখন ওয়ালিয়ামসের সঙ্গে কথিত ঘটনাটি ছিল “যৌন নিগ্রহ”। কোনও রকম অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালিয়ামস।

ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগকারী এক মহিলাকে তথ্য গোপন রাখার চুক্তি বা নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে—এনডিএ—সই করতে বলা হয়েছিল বলে যে খবর সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে হেই আরও বলেন, যৌন নিগ্রহ ও হয়রানির অভিযোগের ক্ষেত্রে এই ধরনের চুক্তি নিষিদ্ধ করার বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত।

তিনি বলেন, “ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগগুলির কথা বিবেচনা করলে দেখা যায়, তাঁর কিশোর বয়সি অনুরাগীরা বর্তমান পরামর্শপ্রক্রিয়ার আওতায় পড়বেন না।

“হয়রানি বা বৈষম্যের সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিস্থিতিতে এনডিএ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনার পক্ষে অত্যন্ত জোরালো যুক্তি রয়েছে বলে আমি মনে করি। ঘটনা যেখানেই ঘটুক, কিংবা অভিযুক্তের সঙ্গে নির্যাতিতের সম্পর্ক যা-ই হোক, কোনও নির্যাতিত মানুষকে যাতে কখনও চুপ করিয়ে রাখা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

যৌনসম্পর্কে সম্মতির বয়স সংক্রান্ত আইন পরিবর্তনের বিল লেবার পার্টির বাইরের সাংসদদেরও সমর্থন পেতে পারে বলে মনে করা হচ্ছে। লিবারেল ডেমোক্র্যাটদের বিচারবিষয়ক মুখপাত্র জেস ব্রাউন-ফুলার ইতিমধ্যেই এই আইন পর্যালোচনার পক্ষে মত দিয়েছেন।

পরিচয় গোপন রাখার অধিকার ছেড়ে দিতে ল্যাটার যে “অসাধারণ সাহস” দেখিয়েছেন, তার প্রশংসা করে ব্রাউন-ফুলার বলেন, “তরুণী ও মেয়েদের সুরক্ষা বাড়াতে আমাদের আরও এগোতে হবে বলে আমি মনে করি। বয়সভিত্তিক পৃথক সম্মতির বিধান বিবেচনা করা সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“বিভিন্ন পেশায় ক্ষমতার ভারসাম্যহীনতাকে স্বীকৃতি দেয়, এমন নিয়ম আমাদের ইতিমধ্যেই রয়েছে—শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে, কিংবা ব্যারিস্টার ও তাঁদের জুনিয়র সহকর্মীদের মধ্যে। কিশোরীদের তুলনায় বেশি বয়সি পুরুষদের যে অন্তর্নিহিত ক্ষমতাগত প্রাধান্য থাকে, সরকারের এখন তা স্বীকার করার সময় এসেছে।”

ল্যাটারের প্রকাশ্যে আসার সিদ্ধান্তের প্রশংসা করেছেন নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ব্রিজেট ফিলিপসনও। তাঁর বক্তব্য, তিনি নিজে এবং “দেশের আরও হাজার হাজার মানুষ তাঁর সাহস ও দৃঢ়সংকল্প দেখে মুগ্ধ হবেন”।

ফিলিপসন বলেন, “যৌন হিংসার শিকার নারী ও মেয়েদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার—লজ্জা আপনাদের নয়। মিয়ার মতো মহিলারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তকে পরিবর্তনের মুহূর্ত করে তুলতে আমরা আরও অনেক কিছু করতে পারি, এবং তা আমাদের করতেই হবে।”

ল্যাটারের অভিযোগ মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ওই অভিযোগের তদন্ত এখনও চলছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, “ধর্ষণের একটি অভিযোগ পাওয়ার পরে ২০২৬ সালের জানুয়ারিতে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকেরা।

“কীভাবে সবচেয়ে উপযুক্তভাবে এগোনো যায়, তা নির্ধারণ করতে তদন্তকারীরা ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পরামর্শ চেয়েছিলেন। তাঁদের জানানো হয়, আনুষ্ঠানিক অভিযোগ আনার সিদ্ধান্ত নেওয়ার আগে আরও তথ্য প্রয়োজন।

“এই তদন্ত এখনও চলছে। আমরা বুঝতে পারছি, এই বিলম্ব নির্যাতনের শিকার মহিলার জন্য কষ্টকর হয়েছে। তবে যথাসম্ভব শক্তিশালী প্রমাণ হাজির করার দিকেই আমরা মনোযোগ দিয়েছি।”

সিপিএস বলেছে, “পরামর্শ দেওয়া এবং মামলাগুলি যাতে যত দ্রুত সম্ভব এগোয়, তা নিশ্চিত করতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।”