যৌন অপরাধে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টিনকে কারাগারে হত্যা করা হয়েছিল বলে মনে করেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ। তাঁর এই দাবি এপস্টিনের মৃত্যু আত্মহত্যা বলে দেওয়া সরকারি সিদ্ধান্তের বিরোধী। অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বিবিসির ‘নিউজ়নাইট’ অনুষ্ঠানে বলেছেন, নিউ ইয়র্ক সিটির মেডিক্যাল এগ্জামিনারের দফতরের নথি ও ছবি পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এপস্টিনকে সম্ভবত পিছন থেকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তবে ফ্রিম্যানের গবেষণা এখনও অন্য বিশেষজ্ঞদের স্বাধীন মূল্যায়ন বা ‘পিয়ার রিভিউ’-এর মধ্য দিয়ে যায়নি। তিনি নিজেও এপস্টিনের দেহ পরীক্ষা করেননি।
মার্কিন অর্থলগ্নিকারী এপস্টিনকে ২০১৯ সালের ১০ অগস্ট নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে মৃত অবস্থায় পাওয়া যায়। যৌন পাচারের অভিযোগে তখন তিনি বিচারের অপেক্ষায় ছিলেন। যে চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন, তিনি মৃত্যুকে আত্মহত্যা বলে চিহ্নিত করেন। তাঁর বক্তব্য ছিল, দেহের আঘাতগুলি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
আমেরিকার মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর মামলায় কাজ করেছিলেন ফ্রিম্যান। সোমবার লন্ডনে তিনি এপস্টিনের মৃত্যু নিয়ে তাঁর বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর দাবি, এই বিশ্লেষণ স্বাধীন ভাবে করা হয়েছে এবং এপস্টিনের ভাই মার্ক এপস্টিনের কাছ থেকে তিনি কোনও পারিশ্রমিক নেননি। ফরেন্সিক পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথিগুলি শুধু তাঁকে দিয়েছিলেন মার্ক। ভাইকে হত্যা করা হয়েছিল বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন মার্ক এপস্টিন।
ফ্রিম্যানের বক্তব্য, নথি ও ছবিতে শারীরিক হামলার কিছু চিহ্ন রয়েছে। তার মধ্যে আছে এপস্টিনের বাম কাঁধের গভীরে রক্তক্ষরণ। মুখেও এমন কিছু আঘাতের চিহ্ন তিনি পেয়েছেন, যা ঘুষি বা অন্য কোনও আঘাতের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে তাঁর মনে হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এপস্টিনের গলায় রশি বা তারজাতীয় বস্তু চেপে বসার দাগের উপরের অংশে আরও কিছু চিহ্নের কথাও বলেছেন ফ্রিম্যান। একই জায়গায় নখের আঁচড়ের মতো দাগ ছিল বলেও তাঁর ধারণা। তাঁর মতে, ধস্তাধস্তির সময় এপস্টিন গলার বাঁধন সরানোর চেষ্টা করে থাকতে পারেন—ওই দাগ তার ইঙ্গিত হতে পারে।
ফ্রিম্যানের দাবি, প্রমাণগুলি থেকে মনে হচ্ছে, প্রথমে গলায় কোনও বাঁধন পেঁচিয়ে এপস্টিনের শ্বাসরোধ করা হয়। পরে সম্ভবত সেই বাঁধন ব্যবহার করেই তাঁর দেহ কারাগারের দোতলা খাট থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
বিবিসিকে তিনি বলেন, “দেহে যে ধরনের আঘাত ছিল এবং যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল, দু’টি পরস্পরের সঙ্গে মেলে না। সে ক্ষেত্রে একটিই ব্যাখ্যা বাকি থাকে—তাঁর মৃত্যু হয়েছিল হত্যার ফলে।”
অন্য দিকে, ময়নাতদন্তকারী চিকিৎসক মার্কিন বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের দফতরকে জানিয়েছিলেন, এপস্টিনের আঘাতগুলি গলা টিপে বা গলায় বাঁধন পেঁচিয়ে হত্যার তুলনায় ফাঁস দিয়ে আত্মহত্যার সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ। তাঁর বক্তব্য ছিল, শ্বাসরোধ করে হত্যার শিকার ব্যক্তিদের দেহে সাধারণত আত্মরক্ষার চেষ্টায় যে ধরনের আঘাত দেখা যায়, এপস্টিনের দেহে তার প্রমাণ পাওয়া যায়নি।
সেই সময় নিউ ইয়র্ক সিটির মুখ্য মেডিক্যাল এগ্জামিনার ছিলেন ডা. বারবারা স্যাম্পসন। তিনি আগেও জানিয়েছেন, মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে তাঁদের সিদ্ধান্তেই তিনি অটল। বিবিসি জানিয়েছে, নতুন করে তাঁর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছে।
ফ্রিম্যান আরও বলেছেন, হেফাজতে ঝুলন্ত অবস্থায় কারও দেহ পাওয়া গেলে, দেহ নামানোর আগে তদন্তকারীরা তার ছবি তুলবেন—এটাই তাঁর প্রত্যাশা ছিল। তবে বিচার বিভাগের পর্যালোচনায় বলা হয়েছে, যে কারারক্ষী প্রথম এপস্টিনকে ওই অবস্থায় দেখতে পান, তিনি এক সহকর্মীকে ডাকেন। তার পর দেহ মেঝেতে নামিয়ে জীবনরক্ষার চেষ্টা শুরু করা হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর প্রায় এক মাস আগে আত্মহত্যার আশঙ্কায় এপস্টিনকে কিছু দিনের জন্য বিশেষ নজরদারিতেও রাখা হয়েছিল।
তাঁর সিদ্ধান্ত সঠিক ধরে নিলেও, এপস্টিনকে কে হত্যা করে থাকতে পারেন, সে সম্পর্কে তাঁর “কোনও ধারণা নেই” বলে জানিয়েছেন ফ্রিম্যান। বিবিসিকে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনও মতামত নেই। আমি যে অনুসন্ধান করেছি, তার কোনও অংশই এটি নয়।”
তাঁর সিদ্ধান্ত ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিচ্ছে—এমন বক্তব্যের জবাবে ফ্রিম্যান বলেছেন, সংশ্লিষ্ট নথিগুলি যাচাই ও পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকা উচিত। তাঁর বিশ্লেষণে ভুল থাকলে অন্যদের তা চিহ্নিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
২০০৮ সালে এক নাবালিকাকে অর্থের বিনিময়ে যৌনকর্মে প্ররোচিত করার অপরাধে এপস্টিন দোষী সাব্যস্ত হন এবং তাঁর নাম যৌন অপরাধীদের নিবন্ধনে ওঠে। দোষ স্বীকারের একটি সমঝোতার ফলে দীর্ঘ কারাবাস এড়াতে পেরেছিলেন তিনি। ২০১৯ সালে নাবালিকাদের নিয়ে যৌন পাচারের চক্র চালানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলায় বিচারের অপেক্ষায় থাকাকালীনই তাঁর মৃত্যু হয়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।