আমেরিকায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ৬.৫ শতাংশ কমে হয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৪৩৫। টানা তিন বছর বৃদ্ধির পর এই প্রথম বার্ষিক হিসাবে ভারতীয় পড়ুয়ার সংখ্যা কমল। সোমবার প্রকাশিত ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এ এই তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্কের বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন বা আইআইই এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আন্তর্জাতিক পড়ুয়ার মোট সংখ্যা ২.৭ শতাংশ কমেছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ১১ লক্ষ ৭৭ হাজার ৭৬৬। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে তা নেমে হয়েছে ১১ লক্ষ ৪৬ হাজার ১৬৩। নতুন আন্তর্জাতিক পড়ুয়াদের ক্ষেত্রে পতন আরও তীব্র। আগের শিক্ষাবর্ষে তাঁদের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৭ হাজার ১১৮। সেখান থেকে ১৭.৭ শতাংশ কমে হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ১২৩।
এই পতন শুধু ভারতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। আমেরিকায় আন্তর্জাতিক পড়ুয়াদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চিনের পড়ুয়ার সংখ্যাও কমেছে ৪.৩ শতাংশ। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে চিনা পড়ুয়ার সংখ্যা ছিল ২ লক্ষ ৬৫ হাজার ৯১৯। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে তা কমে হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ৪৫৮।
ভারত ও চিন মিলিয়ে আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়ার সংখ্যা ৫ লক্ষ ৯৩ হাজার ৮৯৩। অর্থাৎ, মোট আন্তর্জাতিক পড়ুয়ার প্রায় ৫২ শতাংশই এই দুই দেশের।
স্নাতকোত্তর স্তরে পতন আরও তীব্র
পরিসংখ্যান বলছে, স্নাতক স্তরের তুলনায় স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রমে পড়ুয়ার সংখ্যা অনেক বেশি হারে কমেছে। আন্তর্জাতিক স্নাতকোত্তর পড়ুয়ার সংখ্যা ১৩.৪ শতাংশ কমে হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৭৮। অন্যদিকে, স্নাতক স্তরে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা সামান্য, ০.৩ শতাংশ কমে হয়েছে ৩ লক্ষ ৫৬ হাজার ১৬৫।
তবে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি-তে অংশ নেওয়া আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৭৮৫। এই ব্যবস্থায় যোগ্য বিদেশি শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর আমেরিকায় কাজের বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পান।
ভারতীয়দের ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে পতন বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্তরে পড়ুয়ার সংখ্যা ৩৪.৪ শতাংশ কমে হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৬০৯। বিপরীতে, ওপিটি-তে থাকা ভারতীয় পড়ুয়ার সংখ্যা ২৬.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ৮২ হাজার ২০১-এ। এর থেকে বোঝা যায়, পড়াশোনা শেষ করার পরও বহু ভারতীয় ব্যবহারিক প্রশিক্ষণের জন্য আমেরিকায় থেকে যাচ্ছেন।
অভিবাসন ও ভিসানীতিতে কড়াকড়ি
বর্তমান মার্কিন প্রশাসনের অভিবাসন ও ভিসানীতিতে কড়াকড়ির আবহেই পড়ুয়ার সংখ্যায় এই পতন ঘটেছে। ছাত্রভিসার আবেদন আরও কঠোরভাবে যাচাই, আন্তর্জাতিক যাতায়াতে বিধিনিষেধ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ নিয়ে অনিশ্চয়তা—সবই এর পটভূমিতে রয়েছে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা কমার কথা জানিয়েছে, তাদের ৮৮ শতাংশ ভিসার আবেদন প্রক্রিয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান দায়ী করেছে যাতায়াতের বিধিনিষেধকে। প্রায় ৬০ শতাংশ জানিয়েছে, পড়ুয়ারা উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে ক্রমশ অন্য দেশগুলির কথা বিবেচনা করছেন।
তবে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমলেও, প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার উচ্চশিক্ষা ব্যবস্থা ও অর্থনীতির আয়ের ক্ষেত্রে ভারতীয় পড়ুয়ারাই এখনও সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎস। মোট আন্তর্জাতিক পড়ুয়ার ২৯.৬ শতাংশ ভারতীয়। ফলে তাঁরাই আমেরিকার বৃহত্তম আন্তর্জাতিক ছাত্রসমাজ।
পছন্দের শীর্ষে গণিত ও কম্পিউটার বিজ্ঞান
বিষয় নির্বাচনের ক্ষেত্রে আন্তর্জাতিক পড়ুয়াদের পছন্দের শীর্ষে এখনও গণিত ও কম্পিউটার বিজ্ঞান। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এই বিষয়গুলিতে ভর্তি ছিলেন ২ লক্ষ ৮৬ হাজার ১৬৮ জন। সংখ্যাটি মোট আন্তর্জাতিক পড়ুয়ার প্রায় এক-চতুর্থাংশ।
তবে আগের শিক্ষাবর্ষের তুলনায় এই বিষয়গুলিতে ভর্তি কমেছে ৬.৩ শতাংশ। দ্বিতীয় জনপ্রিয় বিষয় ইঞ্জিনিয়ারিং। সেখানে পড়ুয়ার সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ১৯৩, যা আগের বছরের তুলনায় ১.৩ শতাংশ কম।
ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে পড়ুয়ার সংখ্যা ছিল ১ লক্ষ ৬০ হাজার ৯ জন। এই ক্ষেত্রে সামান্য, ০.১ শতাংশ বৃদ্ধি হয়েছে। ভৌত ও জীববিজ্ঞান এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত পেশার পাঠ্যক্রমে পড়ুয়ার সংখ্যা বেড়েছে যথাক্রমে ২.৮ ও ৩.৮ শতাংশ।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে আমেরিকায় সশরীরে উপস্থিত থেকে পড়াশোনা করা ১১ লক্ষ ৪৬ হাজার ১৬৩ জন আন্তর্জাতিক পড়ুয়ার পাশাপাশি, আমেরিকার বাইরে থেকে অনলাইন পাঠ্যক্রমে ভর্তি ছিলেন আরও ১৭ হাজার ২৫০ জন।
বিদেশে পড়তে যাচ্ছেন আরও বেশি মার্কিন শিক্ষার্থী
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শিক্ষাগত ক্রেডিট অর্জনের জন্য বিদেশে পড়তে যাওয়া মার্কিন শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
প্রতিবেদনের ভাষায়, “২০২৪–২৫ শিক্ষাবর্ষে ৩ লক্ষ ১৩ হাজার ৮২৪ জন মার্কিন শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য শিক্ষাগত ক্রেডিট পেয়েছেন। এর পাশাপাশি, ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ৩২ হাজার ৯৯২ জন শিক্ষার্থী বিদেশে কাজ, ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবা ও গবেষণার মতো অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে অংশ নিয়েছেন, যেগুলির জন্য শিক্ষাগত ক্রেডিট দেওয়া হয় না।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “১০৮টি মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ২০ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অনলাইনে আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে ছিল দূর থেকে ইন্টার্নশিপ, যৌথ প্রকল্পভিত্তিক শিক্ষা এবং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনা।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।