সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে সরকার উদ্যোগী হয়েছে—এই আশঙ্কায় চেকিয়ার রাজধানী প্রাগে বিক্ষোভ দেখালেন কয়েক লক্ষ মানুষ।
দেশের জনসেবা সম্প্রচার সংস্থাগুলির অর্থের জোগান দেয় যে বাধ্যতামূলক লাইসেন্স ফি, তা বহাল রাখার দাবিতে রবিবারের সমাবেশে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ যোগ দেন বলে আয়োজকদের দাবি। তাঁদের বক্তব্য, দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জমায়েত এটি।
বিক্ষোভকারীদের অনেকের মাথায় ছিল ত্রিকোণ কাগজের টুপি। শিশুদের ঘুমপাড়ানি গল্পের জনপ্রিয় টেলিভিশন চরিত্র ‘ভেচেরনিচেক’-এর টুপির আদলে তৈরি সেগুলি। এই অ্যানিমেশন চরিত্রটি এখন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। অন্যদের হাতে ছিল ব্যানার: ‘সংবাদমাধ্যমকে কারও হাতে তুলে দেব না।’
সমাবেশ হয় রাজধানীর লেতনা ময়দানে। ১৯৮৯ সালের ‘ভেলভেট বিপ্লব’-এর অন্যতম সূতিকাগার এই জায়গা। সেই বিপ্লবেই দেশে চার দশকেরও বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটেছিল।
প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এবং তাঁর জনতাবাদী, কট্টর দক্ষিণপন্থী জাতীয়তাবাদী ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি সংশয়ী দলগুলির জোট সরকারের সামনে এই সমাবেশ নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল। এর আগে কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন শহর ও নগরে বিক্ষোভ হয়েছে। ধর্মঘট করেছেন চেক টিভি ও চেক রেডিয়োর কর্মীরাও।
বিক্ষোভকারীদের বক্তব্য, লাইসেন্স ফি তুলে দিয়ে সরকারি বাজেট থেকে সম্প্রচার সংস্থাগুলির অর্থ জোগানোর ব্যবস্থা চালু হলে সংবাদকক্ষের উপর মন্ত্রীদের প্রভাব খাটানোর সুযোগ বাড়বে। তাঁদের মতে, এই পরিকল্পনা হাঙ্গেরি, পোল্যান্ড, সার্বিয়া ও স্লোভাকিয়ার পথ অনুসরণ করছে। ওই দেশগুলিতে বর্তমান বা পূর্ববর্তী দক্ষিণপন্থী জনতাবাদী সরকারগুলি সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষয় করেছে।
অক্টোবরের শেষ দিকে গভীর রাতে লাইসেন্স ফি বিলোপের বিলটির প্রথম পাঠের পর্ব এগিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর থেকেই একের পর এক বিক্ষোভ চলছে।
রবিবারের সমাবেশের আয়োজক ‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্র্যাসি’ সংগঠন বলেছে, বিরোধিতার ব্যাপকতা এবার কর্তৃপক্ষ বুঝতে পারবে। প্রধান সংগঠক মিকুলাশ মিনার বলেন, ‘আজ এখানে সত্যিই এক অসাধারণ ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। এ সবে শুরু।’
এক বিবৃতিতে সংগঠনটি সরকারের পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানায়। বাবিশ ও তাঁর জোটসঙ্গীরা গণতন্ত্রের পক্ষে বিপদ হয়ে উঠেছেন বলেও উদ্বেগ প্রকাশ করে তারা। সংগঠনের বক্তব্য, ‘বাবিশ ও তাঁর সরকার স্পষ্টতই মনে করছে, যা খুশি করেও তারা পার পেয়ে যাবে… বিশেষজ্ঞদের উপেক্ষা করতে পারবে, সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের সম্পত্তি বলে ব্যবহার করতে পারবে।’
একটি ব্যানারে লেখা ছিল, ‘স্লোভাকিয়ার পরিণতি আমরা মানছি না।’ অন্য একটিতে: ‘সংবাদমাধ্যম থেকে হাত সরাও।’
গায়িকা শার্কা দুমিশিনৎসোভা বলেন, তাঁর কাছে সংবাদমাধ্যম স্বাধীনতার প্রতীক। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘এখানে কেউ সেই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে—এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। সে কারণেই আজ আমি এখানে এসেছি।’
সমাবেশে কম্পিউটার প্রোগ্রামার ইয়ান স্নাসেল এএফপিকে বলেন, ‘সংবাদমাধ্যমকে স্বাধীন রাখতে হবে। সরকার তাদের নিয়ন্ত্রণ করতে, অর্থ বরাদ্দ ছাঁটতে এবং তারা কী সম্প্রচার করবে, তার উপর প্রভাব ফেলতে পদক্ষেপ করছে।’
প্রস্তাবিত পরিবর্তনের ফলে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিয়োর বাজেট প্রায় ১৫ শতাংশ কমবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম-সংক্রান্ত সংগঠনগুলিও এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে।
ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন, ইউরোপিয়ান ফেডারেশন অব জার্নালিস্টস, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো এবং হাঙ্গেরির প্রাক্তন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিতর্কিত পদক্ষেপগুলির সঙ্গে এর তুলনাও করেছে তারা।
গত বছর ক্ষমতায় ফেরা ধনকুবের বাবিশের পাল্টা অভিযোগ, সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হওয়ার ভিত্তিহীন দাবি তুলে বিক্ষোভকারীরা মানুষকে উত্তেজিত করছেন।
গত সপ্তাহে প্রকাশিত একটি মতামত নিবন্ধে তিনি দাবি করেন, লাইসেন্স ফি নিয়ে বিরোধীরা ‘সাতটি মিথ্যা’ প্রচার করছে। টেলিভিশন ও রেডিয়োর এই ফি মিলিয়ে মাসে দিতে হয় ২০৫ কোরুনা, অর্থাৎ প্রায় সাত ব্রিটিশ পাউন্ড।
বাবিশ লেখেন, ‘যাঁরা [জনসেবা সংবাদমাধ্যমের] “জাতীয়করণ”-এর কথা বলছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন।’ সমালোচনাকে তিনি ‘উন্মত্ত চিৎকার’ বলে বর্ণনা করেন। তাঁর প্রতিশ্রুতি, ‘কোনও পরিস্থিতিতেই আমরা সম্পাদকীয় কাজে হস্তক্ষেপ করব না।’
বাবিশের নেতৃত্বাধীন জোটে রয়েছে তাঁর নিজের ‘আনো’—অর্থাৎ ‘হ্যাঁ’—আন্দোলন, দক্ষিণপন্থী ‘মোটরিস্টস ফর দেমসেলভস’ এবং অভিবাসনবিরোধী ও রাশিয়াপন্থী ‘ফ্রিডম অ্যান্ড ডিরেক্ট ডেমোক্র্যাসি’ দল। এত বিক্ষোভ সত্ত্বেও জনমত সমীক্ষায় এখনও প্রায় ৩০ শতাংশ মানুষের সমর্থন পাচ্ছে আনো।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।