২০০৩ সালে একটি নোংরা, জানালাবিহীন অ্যাপার্টমেন্টে নিজের তিন শিশুসন্তানকে ছুরিকাঘাতে খুন করে শিরশ্ছেদ করার অপরাধে দোষী সাব্যস্ত টেক্সাসের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার টেক্সাসের হান্টসভিলের রাজ্য কারাগারে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে জন অ্যালেন রুবিওকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। এক শিশুকন্যা এবং আরও দুই ছোট শিশুকে হত্যার এই ঘটনা মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে, পরে সেই অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে ফেলা হয়। জায়গাটি বদলে দেওয়া হয় একটি পার্ক ও স্থানীয় বাসিন্দাদের যৌথ বাগানে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে এক আধ্যাত্মিক উপদেষ্টা সংক্ষিপ্ত প্রার্থনা করেন। তারপর রুবিও তাঁর প্রতি ‘ভালোবাসা ও সহমর্মিতা’র জন্য বন্ধু ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। বলেন, ‘আমি আগে যেমন মানুষ ছিলাম, এখন আর তেমন নেই।’ ঈশ্বরকে খুঁজে পাওয়ার পথ দেখানোর জন্য কারাগারের কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। অ্যাঞ্জেলা কামাচোর প্রতিও নিজের ভালোবাসার কথা বলেন। আনুষ্ঠানিক বিয়ে ছাড়াই তাঁর স্ত্রী হিসেবে স্বীকৃত কামাচো ওই হত্যাকাণ্ডে নিজের ভূমিকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

রুবিও বলেন, ‘আমার স্ত্রীর পরিবারের কাছে আমি ক্ষমা চাইতে চাই। অতীতকে আমি বদলাতে পারব না। তবে বলতে পারি, আমার জীবন শেষ হতে চলেছে। কিন্তু তাতেও আপনারা সুখী হবেন না।’

তিনি আরও বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার সন্তানদের কাছে চলে যাব। আমার প্রভু ও ত্রাণকর্তার কাছে, স্বর্গে যাওয়ার জন্য আমি প্রস্তুত।’

ঘুমের ওষুধ পেন্টোবারবিটালের প্রাণঘাতী মাত্রা কাজ করতে শুরু করলে রুবিও তিনবার শ্বাস নেন। তারপর তাঁর গলা থেকে নাক ডাকার মতো শব্দ শোনা যায়। এরপর শরীরের সমস্ত নড়াচড়া বন্ধ হয়ে যায়। ইনজেকশন দেওয়া শুরু হওয়ার ২১ মিনিট পরে এক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই বৃহস্পতিবার ওকলাহোমার একটি কারাগারে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ৭৩ বছরের জেমস প্যাভাটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০১ সালে প্রেমিকার আলাদা থাকা স্বামীকে গুলি করে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। থ্যাঙ্কসগিভিংয়ের আগে নিজের দুই ছোট সন্তানকে নিতে এসে খুন হন ওই ব্যক্তি।

বৃহস্পতিবারের এই দুই মৃত্যুদণ্ড কার্যকরের ফলে চলতি বছরে যুক্তরাষ্ট্রে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৭—এগুলি ছিল বছরের ৩৬তম ও ৩৭তম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। টানা দ্বিতীয় বছর সংখ্যাটি ৪০ ছাড়ানোর পথে দেশটি। এই বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রয়েছে ফ্লোরিডার।

সেপ্টেম্বরে টেনেসিতে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে মৃত্যুদণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা করেন, জানুয়ারিতে পদ ছাড়ার আগে তিনি কয়েকশো বন্দির মৃত্যুদণ্ড লঘু করবেন। বিশেষজ্ঞদের মতে, এটি হবে মার্কিন ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের দণ্ড মকুব বা লঘু করার ঘটনা।

টেক্সাসের মামলায় রুবিও ও কামাচোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্রাউনসভিলে তাঁদের একসঙ্গে থাকা অ্যাপার্টমেন্টে তাঁরা তিন বছরের জুলিসা কেসাদা, ১৪ মাসের জন ই রুবিও এবং দুই মাসের মেরি জেন রুবিওকে হত্যা করেন। কামাচো অপরাধ স্বীকার করার পর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

প্রথম বিচারে রুবিওকে মৃত্যুদণ্ডযোগ্য হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হলেও আপিল আদালত সেই রায় বাতিল করে। আদালত জানায়, তাঁর বিচারে কামাচোর বক্তব্য অনুচিতভাবে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছিল। দ্বিতীয় বিচারেও রুবিও মানসিক ভারসাম্যহীনতার যুক্তিতে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু ফের তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, বড় দুই শিশুর জৈবিক পিতা ছিলেন না রুবিও। তবে নিজের সন্তান হিসেবেই তাদের বড় করছিলেন তিনি।

বিভিন্ন সময়ে রুবিও দাবি করেছিলেন, শিশুদের ওপর অশুভ আত্মা ভর করেছে। নিজেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ‘নির্বাচিত ব্যক্তি’ বলেও দাবি করেন তিনি।

প্রতিরক্ষা পক্ষের বিশেষজ্ঞরা তাঁর প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়া আছে বলে নির্ণয় করেন। রাষ্ট্রপক্ষের বিশেষজ্ঞরা অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। প্রতিরক্ষা পক্ষের বিশেষজ্ঞরা সাক্ষ্যে আরও বলেন, পারিবারিক হিংসা, ক্ষতিকর প্রভাব বিস্তারকারী বাবা-মা, মাদক সেবন ও যৌনবৃত্তির মধ্যে কেটেছে রুবিওর শৈশব। এই অভিজ্ঞতা তাঁর মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত করেছিল।

ওকলাহোমায় জেমস প্যাভাটকে ৩৯ বছরের বিজ্ঞাপন সংস্থার কর্তা রব অ্যান্ড্রুকে হত্যার ঘটনায় প্রথম ডিগ্রির হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অ্যান্ড্রু পরিবার যে গির্জায় যেত, প্যাভাটও সেখানে যেতেন। রব অ্যান্ড্রুর স্ত্রী ব্রেন্ডা অ্যান্ড্রুর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পৃথক বিচারে ব্রেন্ডাও দোষী সাব্যস্ত হন। বর্তমানে ওকলাহোমায় মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দিদের মধ্যে তিনিই একমাত্র নারী।

গুলিচালনার কয়েক সপ্তাহ আগে রব অ্যান্ড্রুর গাড়ির ব্রেকের পাইপ কেটে দেওয়া হয়েছিল। তখন তিনি পুলিশকে জানিয়েছিলেন, কেউ তাঁকে হত্যার চেষ্টা করছে। স্বামী খুন হওয়ার পরে ব্রেন্ডা পুলিশকে বলেন, মুখোশধারী অনুপ্রবেশকারীরা তাঁর হাতে গুলি করে এবং তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে।

গুলিচালনার পর ব্রেন্ডার দুই সন্তানকে নিয়ে তিনি ও প্যাভাট মেক্সিকোয় পালিয়ে যান। তিন মাস পরে যুক্তরাষ্ট্রে ফের ঢোকার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্যাভাটকে জিজ্ঞাসা করা হয়, তিনি শেষ কোনও কথা বলতে চান কি না। মাথা নেড়ে না বলেন তিনি। এক কারা-যাজক বাইবেল পাঠ করার সময় প্যাভাটকে ঠোঁট নেড়ে কিছু বলতে দেখা যায়, কিন্তু সেই কথা শোনা যায়নি।

একই বৃহস্পতিবার ওকলাহোমায় একসময় মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দি রিচার্ড গ্লসিপ ১৯৯৭ সালের একটি হত্যাকাণ্ডে সহযোগী হওয়ার তুলনামূলক লঘু অভিযোগে দোষ স্বীকার করেন। ডিসেম্বরে তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা।

তিনবার মৃত্যুদণ্ড কার্যকরের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন গ্লসিপ। প্রায় ৩০ বছর কারাবাসের পর মে মাসে তিনি জামিনে মুক্তি পান। মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল করার পর থেকে নতুন করে বিচারের অপেক্ষায় ছিলেন তিনি।