সপ্তাহান্তে দেশের একটি ড্রোন নির্মাতা সংস্থায় সন্দেহজনক নাশকতার চেষ্টার পর আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সমস্ত সীমান্ত পারাপারের পথ বন্ধ করে দেবে এস্তোনিয়া। বাল্টিক অঞ্চলের দেশটির কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের নির্দেশেই এই হামলার চেষ্টা হয়েছিল।

শনিবার সকালে থ্রিওড সিস্টেমস নামে একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থায় হামলার চেষ্টার সময় আটজনকে আটক করা হয়। সংস্থাটি দূরপাল্লার আক্রমণ ও নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন তৈরি করে। সংস্থার নিজস্ব নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করেন। ঘটনায় কেউ আহত হননি, কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কাপো রবিবার জানিয়েছে, “বিস্ফোরণ ঘটানো এবং ভবনে আগুন লাগানোর উদ্দেশ্যে” এই হামলার চেষ্টা করা হয়েছিল। এস্তোনিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআর জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে হেফাজতে রাখার জন্য আদালতের নির্দেশ চেয়েছে কর্তৃপক্ষ।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেছেন, আরও হামলার ঝুঁকি কমাতে এবং “এস্তোনিয়ার প্রতিরক্ষা শিল্প ও প্রতিরক্ষা সক্ষমতার উপর হামলা যে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, সেই স্পষ্ট বার্তা দিতে” সীমান্ত বন্ধ করা প্রয়োজন।

এস্তোনিয়া যে ইউক্রেনকে ধারাবাহিকভাবে সমর্থন করে চলেছে, তার সঙ্গে এই হামলার যোগ রয়েছে বলে মনে করেন মিখাল। তাঁর কথায়, “রাশিয়ার লক্ষ্য আমাদের ভয় দেখানো, আমাদের দ্বিধায় ফেলা এবং ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন দুর্বল করে দেওয়া।”

তিনি বলেন, “এস্তোনিয়ার জবাব হবে ঠিক উল্টো। আমরা আমাদের নিরাপত্তা আরও জোরদার করব, ব্যবসায়িক সংস্থা ও মিত্রদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব, রাশিয়ার উপর চাপ বাড়াব এবং ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব।”

একই সুরে সতর্ক করেছেন এস্তোনিয়ার বিদেশমন্ত্রী মার্গুস সাখনা। তিনি বলেন, “রাশিয়াকে বুঝতে হবে, এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কাজের পরিণাম ভুগতে হবে। আমাদের ভয় দেখানো, অস্থিতিশীল করা কিংবা আমাদের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।”

রাশিয়ার সঙ্গে এস্তোনিয়ার তিনটি সীমান্ত পারাপার কেন্দ্র রয়েছে—উত্তরে নারভা এবং দক্ষিণে কোইদুলা ও লুহামা। কত দিন সীমান্ত বন্ধ থাকবে, কর্তৃপক্ষ তা জানায়নি।

এই নিয়ে দ্বিতীয়বার এস্তোনিয়ার কোনও প্রতিরক্ষা সংস্থায় হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করল দেশটির কর্তৃপক্ষ। এর আগে অগস্টে মিলরেম রোবোটিক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

সেপ্টেম্বরে কাপো জানিয়েছিল, তারা নিশ্চিত যে ওই ঘটনা ছিল “রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলির হয়ে চালানো একটি ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হামলা”।

সংস্থাটি আরও বলেছিল, প্রতিরক্ষা সরঞ্জাম ও ড্রোন নির্মাতা সংস্থাগুলিকে নিশানা করে রাশিয়া যে ধরনের হামলা চালাচ্ছে, বিশেষত ইউক্রেনের সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে, এই ঘটনাও সেই ধারার সঙ্গে মিলে যায়।

সেই সময় ওই হামলার ঘটনায় রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল এস্তোনিয়া। কিন্তু ক্রেমলিন রাশিয়ার কোনও যোগ থাকার কথা অস্বীকার করে। অভিযোগটিকে “ভিত্তিহীন” ও “অবিবেচনাপ্রসূত” আখ্যা দিয়ে তারা বলেছিল, এর “সঙ্গে বাস্তবের কোনও সম্পর্কই নেই”।

ইউরোপের একাধিক গোয়েন্দা সংস্থা বারবার সতর্ক করেছে যে প্রতিরক্ষা সংস্থাগুলিতে হামলা হতে পারে। পাশাপাশি, নাশকতা চালানোর জন্য অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোভুক্ত দেশগুলির নাগরিকদের নিয়োগ করার রুশ প্রচেষ্টাও বাড়ছে বলে তারা জানিয়েছে।

মিখাল উল্লেখ করেছেন, নিরাপত্তা সংস্থাগুলি প্রতিরক্ষা শিল্পকে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করার পরই সপ্তাহান্তে এই আটকের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমরা অকারণে এই ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করি না। প্রস্তুতি থাকা জরুরি, আর এবার স্পষ্টতই তার সুফল মিলেছে।”

রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, “সীমান্ত বন্ধ করাই যদি সত্যিই ওদের পরিকল্পনা হয়, তা হলে সেটি আক্রমণাত্মক ও লাগামছাড়া রাশিয়াবিদ্বেষের আরও একটি উদাহরণ