বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে তেহরান ও ওয়াশিংটনের শান্তি আলোচনা নিয়ে সংশয় আরও গভীর হয়েছে। বেড়েছে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও।

রবিবার উপসাগরীয় দেশটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা চালাল তেহরান।

এদিকে ইয়েমেনের দক্ষিণে সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়েছে ইরানের মিত্র হুথিরা। এর ফলে এডেনের দিকে এগোনোর একটি সম্ভাব্য পথ খুলে গিয়েছে তাদের সামনে। অন্যদিকে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার ডুবে গিয়েছে।

এই ঘটনাগুলি ওই অঞ্চলে কূটনৈতিক অচলাবস্থা কাটার সম্ভাবনা নিয়ে হতাশা আরও বাড়িয়েছে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি জানিয়েছে, ‘আমেরিকার শত্রুতামূলক কার্যকলাপের’ জবাবে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছ’টি ড্রোন পাঠানো হয়েছিল। বাহরাইনের কর্তৃপক্ষের দাবি, লক্ষ্যে পৌঁছনোর আগেই ড্রোনগুলিকে প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

তেহরানে এক সাংবাদিক বৈঠকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমেরিকা বা অন্য কোনও রাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাব দেওয়া চালিয়ে যাবে ইরান। আমেরিকার সঙ্গে আলোচনা যখন থমকে রয়েছে, তখন সর্বশেষ এই হামলা কি ইরানের অবস্থানে কোনও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান ‘কারও জন্য অপেক্ষা করছে না’; নিজেদের নিরাপত্তার দিকেই নজর দিচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে হরমুজ প্রণালীর কেশম দ্বীপ-সহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এগুলিকে ছোটখাটো হামলা বলে বর্ণনা করেন। তিনি জানান, সৌদি আরব এবং উপসাগরীয় অন্য দেশগুলি তাঁকে বড় আকারের সামরিক অভিযান চালানোর বিরুদ্ধে সতর্ক করেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও বলেছেন, ওয়াশিংটন আর ইরানের সঙ্গে কোনও চুক্তি করার চেষ্টা করছে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি নির্দেশ দিয়েছেন, ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলিতে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগের দিকে মনোযোগ দিতে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হওয়ার জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। শান্তির শর্ত নিয়ে আলোচনা করতে ইরানি আলোচকদের সঙ্গে সরাসরি বৈঠকের অনুরোধও জানিয়েছিলেন তিনি।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখনও অচলাবস্থায় আটকে। আমেরিকা নৌ-অবরোধ বজায় রেখেছে, আর ইরান ধরে রেখেছে হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ।

পৃথক একটি ঘটনায় ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালীতে দু’টি জাহাজ মাইনে আঘাত করেছে। তার মধ্যে ২০ লক্ষ ব্যারেল তেলবোঝাই একটি সুপারট্যাঙ্কার ডুবে গিয়েছে। এক বিবৃতিতে তাদের দাবি, জাহাজ দু’টিতে ‘প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়’।

এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনও সূত্রে যাচাই করা যায়নি। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছিল, ওই জলপথের প্রধান নৌপথগুলি থেকে তারা সমস্ত মাইন সরিয়ে ফেলেছে।

বাহরাইনের বিরুদ্ধে হামলা থেকে ইঙ্গিত মিলছে, মার্কিন আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পথ বেছে নিয়েছে ইরান।

বাহরাইনে আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। তার মধ্যে একটি অগ্রবর্তী ঘাঁটিতে মার্কিন পঞ্চম নৌবহর এবং মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দফতর ছিল। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে সহায়তা দেওয়ার একটি কেন্দ্রীয় ঘাঁটি হিসেবে সেটি কাজ করত।

সেপ্টেম্বর পর্যন্ত বারবার বাহরাইনকে নিশানা করেছিল তেহরান। তার পরে কিছুদিন হামলা বন্ধ ছিল। শুক্রবার একটি মার্কিন রাডার স্থাপনা লক্ষ্য করে ইরান ড্রোন পাঠালে সেই বিরতির অবসান ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা দু’টি ড্রোন গুলি করে নামিয়েছে। কেউ আহত হননি, কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।

রবিবারের হামলার জেরে বাহরাইনে সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ।

৬৫ বছর বয়সি বাসিন্দা হায়াত ইব্রাহিম সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘আমি ঠিক এটাই যেন না হয় বলে আশা করছিলাম—ইরানের হামলা আবার শুরু হওয়া, আর তার সঙ্গে ফিরে আসা সমস্ত উদ্বেগ ও অনিশ্চয়তা।’

আবার হামলা শুরু হওয়াকে ‘জঘন্য আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে বাহরাইনের বিদেশ মন্ত্রক।

এক বিবৃতিতে বাহরাইন জানায়, তাদের ভূখণ্ডকে নিশানা করার পক্ষে তেহরান যে ‘ঠুনকো অজুহাত ও ভিত্তিহীন দাবি’ করছে, তা তারা প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের ভূখণ্ডকে প্রতিশোধ নেওয়ার ময়দানে পরিণত করার চেষ্টা বাহরাইন প্রত্যাখ্যান করছে। এই হামলা এবং তার পরিণতির জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ী করছে বাহরাইন।’

জর্ডন, মিশর, সৌদি আরব এবং কাতার হামলার নিন্দা করে বাহরাইনের প্রতি সংহতি জানিয়েছে।

ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান বড় ধাক্কা খেয়েছে। ইয়েমেন সরকারের হয়ে লড়তে থাকা বাহিনী দক্ষিণ উপকূলের এডেনকে রক্ষা করতে বাব এল-মান্দেব প্রণালী এলাকা থেকে পিছু হটেছে।

দক্ষিণ ইয়েমেনে সরকারের পক্ষে লড়তে থাকা প্রধান সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাদার্ন আর্মড ফোর্সেস তাইজ প্রদেশের পশ্চিমে ধুবাব বিমানবন্দর এবং বাব এল-মান্দেব এলাকা থেকে নিজেদের বাহিনী সরিয়ে নতুন অবস্থানে মোতায়েনের অভিযান কার্যকর করার কথা ঘোষণা করছে।’

এই স্বীকারোক্তি থেকে মনে হচ্ছে, লোহিত সাগরের প্রবেশমুখ থেকে হুথিদের হটিয়ে তেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ সুরক্ষিত করার লক্ষ্যে সরকারি বাহিনী যে ছ’সপ্তাহের পাল্টা অভিযান চালিয়েছিল, তা ব্যর্থ হয়েছে।

সামরিক ও সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, এডেনের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন।