আলিওনার জল ভেঙেছিল তাঁর নিজের শহর ক্রামাতোরস্কে, যুদ্ধের সম্মুখসারির মাত্র ১০ কিলোমিটার দূরে। শহরে কোনও প্রসূতি বিভাগ চালু নেই। তাই অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় স্লোভিয়ানস্কে। পথ খুব বেশি নয়, কিন্তু রাস্তার উপর টাঙানো ড্রোন ঠেকানোর জালের নীচ দিয়েই যেতে হয়। এর পর জটিলতা দেখা দেওয়ায় কয়েক ঘণ্টার পথ পেরিয়ে তাঁকে পৌঁছতে হয় খারকিভে। সেখানে ৮ অক্টোবর তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। সেই হাসপাতালও বিপন্মুক্ত নয়। বিমানহানার সময় মা ও নবজাতকদের তড়িঘড়ি বাঙ্কারে নিয়ে যাওয়া হয়। তবু ক্রামাতোরস্কের চেয়ে তা নিরাপদ। কারণ, সে দিনই ক্রামাতোরস্কে রুশ বোমার আঘাতে প্রাণ হারিয়েছিলেন ৩০ জন।

আলিওনার মতো মায়ের সংখ্যা এখন অল্পই। ইউক্রেনে জন্মের সংখ্যা কমছে। তার একটি কারণ, প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যাই কমে গিয়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে জনসংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লক্ষ থেকে নেমে এসেছে ২ কোটি ৭০ লক্ষ থেকে ২ কোটি ৮০ লক্ষের মধ্যে। প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ ইউক্রেনীয় এখন রাশিয়ার দখলে থাকা এলাকায় বাস করেন। আরও বহু লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হিসাবে, যুদ্ধে নিহত সেনাসদস্যের সংখ্যা ৫০ হাজারের বেশি। একটি স্বাধীন হিসাব অনুযায়ী, সংখ্যাটি দেড় লক্ষের কাছাকাছি। হাজার হাজার অসামরিক মানুষও নিহত হয়েছেন। আর ২০ হাজারের বেশি শিশুকে নির্বাসিত করে নিয়ে গিয়েছে রাশিয়া, তাদের রুশ পরিচয় ও সংস্কৃতিতে আত্মসাৎ করার উদ্দেশ্যে।

তা ছাড়া, যুদ্ধের সময় পরিবার শুরু করার অনুকূল পরিবেশ থাকে না। ২০২০ সালে ইউক্রেনে নারীপ্রতি গড় সন্তানের সংখ্যা ছিল ১.২। এখন তা নেমে এসেছে ০.৮ থেকে ০.৯-এ। দক্ষিণ কোরিয়া ছাড়া আর কোনও বড় দেশে এই হার এত কম নয়। জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় প্রতিস্থাপনমাত্রা হল নারীপ্রতি ২.১ সন্তান। ২০২৬ সালের প্রথম ছ’মাসে ইউক্রেনে যত শিশুর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে তার তিন গুণেরও বেশি মানুষের।

১৯৯১ সালে স্বাধীনতার পর থেকে প্রতি বছরই ইউক্রেনের জন্মহার মৃত্যুহারের নীচে থেকেছে। স্বাধীনতার সময় ক্রাইমিয়া ও দনবাস-সহ দেশটির জনসংখ্যা ছিল প্রায় ৫ কোটি ২০ লক্ষ। যুদ্ধ জন্ম ও মৃত্যুর সেই ব্যবধানকে অতল খাদে পরিণত করেছে। রাশিয়ার জনসংখ্যাও কমছে, কিন্তু ইউক্রেনের পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। সাম্রাজ্যবাদী প্রতিবেশীর আক্রমণের মুখে থাকা একটি দেশের পক্ষে এমন জনসংখ্যাগত বিপর্যয় অস্তিত্বের উদ্বেগ হয়ে দাঁড়ায়।

জনসংখ্যা কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ শরণার্থীদের দেশত্যাগ। ৫০ লক্ষের বেশি ইউক্রেনীয় বিদেশে থাকেন, প্রধানত ইউরোপে। এই শীতে রাশিয়ার আরও তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও হাজার হাজার মানুষকে দেশ ছাড়তে বাধ্য করতে পারে। আরও উদ্বেগের কথা, দেশে ফিরতে চান বলে জানাচ্ছেন আগের চেয়ে কম শরণার্থী। কিইভের সেন্টার ফর ইকনমিক স্ট্র্যাটেজি বা সিইএস-এর সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে ৭৪ শতাংশ শরণার্থী দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছিলেন। এখন সেই অনুপাত ৪৩ শতাংশ। শরণার্থীদের অধিকাংশই শিশু এবং ৪৪ বছরের কম বয়সি নারী। ফলে ক্ষতি আরও গভীর হচ্ছে। কিইভের মিখাইলো প্তুহা ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফির অধিকর্তা এলা লিবানোভার কথায়, “আমরা আমাদের ভবিষ্যৎও হারাচ্ছি।”

দেশের ভিতরে সেনাবাহিনীতে ডেকে নেওয়া, যুদ্ধে হতাহত হওয়া এবং যুদ্ধকালীন অনিশ্চয়তা—সব মিলিয়ে সম্ভাব্য বাবা-মায়ের সংখ্যা কমছে। আর এক জনসংখ্যাবিদ স্বেতলানা আকসিওনোভা বলছেন, ইউক্রেনের অধিকাংশ দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। তাঁর কথায়, “সন্তান নেওয়া যত পিছিয়ে দেবেন, সেই সন্তানের আর কখনও জন্ম না-হওয়ার ঝুঁকি তত বাড়বে।”

২৫ বছরের কম বয়সি পুরুষদের বাধ্যতামূলক সেনানিয়োগ থেকে ছাড় দেওয়ার পিছনে ইউক্রেনের উদ্দেশ্য ছিল জনসংখ্যা হ্রাসের অভিঘাত কিছুটা সামাল দেওয়া। কিন্তু কয়েক লক্ষ তরুণ ইতিমধ্যেই বিদেশে চলে গিয়েছেন। ২০২৫ সালের অগস্ট থেকে ২৩ বছরের কম বয়সি পুরুষদের বিদেশে যাওয়ার অনুমতিও দিয়েছে ইউক্রেন। যাঁরা দেশে রয়ে গিয়েছেন, তাঁদের অনেকেরই পরিবার শুরু করার ইচ্ছে নেই।

সাম্প্রতিক পূর্বাভাসে সবচেয়ে আশাব্যঞ্জক সম্ভাবনাও হল জনসংখ্যা কমার গতি কিছুটা মন্থর হওয়া—তা-ও ধরে নেওয়া হচ্ছে, কয়েক বছরের মধ্যে যুদ্ধ শেষ হবে। ইউক্রেনের গবেষণা সংস্থা ফ্রন্টিয়ার ইনস্টিটিউটের ওলগা দুখনিচ বলছেন, ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকে জন্মানো প্রজন্ম সংখ্যার বিচারে দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে ছোট। তাই যুদ্ধের পর হঠাৎ বিপুল হারে শিশুজন্ম বা ‘বেবি বুম’-এর আশা করা যায় না। দু’বছর আগে গৃহীত সরকারের জনসংখ্যা-সংক্রান্ত কৌশলে ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা সামান্য বাড়ার সম্ভাবনা ধরা হয়েছিল। কিন্তু সেখানে এটাও ধরে নেওয়া হয়েছিল যে ২০২৬ সালে শান্তি ফিরবে এবং ইউক্রেন ১৯৯১ সালের সীমানা ফিরে পাবে। এখন আর তা সম্ভব বলে মনে হচ্ছে না।

রাষ্ট্রপুঞ্জের তুলনামূলক বাস্তবসম্মত একটি পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশক ইউক্রেনের জনসংখ্যা বছরে ০.৭ থেকে ০.৯ শতাংশ হারে কমতে পারে। দখল হয়ে যাওয়া কোনও ভূখণ্ড পুনরুদ্ধার করা যাবে না ধরে নিলে, ২০৪০ সালে দেশটির জনসংখ্যা দাঁড়াবে প্রায় আড়াই কোটি। যুদ্ধ যদি ২০৩০-এর দশকেও গড়ায়, সংকট আরও তীব্র হবে। সে ক্ষেত্রে ১৯৯০-এর দশকে জন্মানো বহু লক্ষ মানুষ সন্তান নেওয়ার পরিকল্পনা একেবারেই ছেড়ে দিতে পারেন। আকসিওনোভা বলছেন, নারীপ্রতি গড় সন্তানের সংখ্যা ০.৬-এও নেমে যেতে পারে। দেশের অধিকাংশ শিশুর জন্ম হবে তুলনামূলক নিরাপদ পশ্চিমাঞ্চলে। আর যুদ্ধের সম্মুখসারির এলাকাগুলি ক্রমে জনশূন্যতার পথে এগোবে।

জনসংখ্যা হ্রাসের গতি কমাতে নানা আর্থিক সুবিধা দিচ্ছে ইউক্রেন। নতুন একটি আইন অনুযায়ী, প্রতিটি নবজাতকের জন্য বাবা-মাকে ৫০ হাজার হৃভনিয়া, অর্থাৎ প্রায় ১,১০০ ডলার দেওয়া হয়। এর সঙ্গে প্রথম এক বছর প্রতি মাসে দেওয়া হয় ৭ হাজার হৃভনিয়া। অন্য কিছু প্রকল্পে শিশুর যত্নের খরচ মেটাতে সাহায্য করা হয়। ২০২৪ সাল থেকে নারীদের বন্ধ্যত্বের চিকিৎসার খরচও বহন করছে ইউক্রেন। সেনাসদস্যরা বিনা খরচে নিজেদের ডিম্বাণু বা শুক্রাণু হিমায়িত করে সংরক্ষণ করতে পারেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শান্তির সময়েও জন্মহার বাড়াতে ভর্তুকির প্রভাব সীমিত। যুদ্ধের সময় তো কথাই নেই। লিবানোভার প্রশ্ন, “এমন পরিস্থিতিতে সন্তান নিতে উৎসাহ দেবেন কী করে?”

ইউক্রেনের এই অবক্ষয়ে উল্লসিত রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মে মাসে বলেছিলেন, “এ শুধু সংকট নয়, একটি জাতির জৈবিক মৃত্যুর প্রমাণ।” ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আন্তন কোবিয়াকভ ইউক্রেনে রুশদের বসতি গড়ার পক্ষে সওয়াল করছেন—অষ্টাদশ শতকে যেমন করেছিলেন সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট। সেপ্টেম্বরে তিনি বলেন, “ইউক্রেনের জন্য বিলুপ্তি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। একমাত্র রাশিয়াই দেশটিকে বাঁচাতে পারে।” এ কথা অর্থহীন। কম জনসংখ্যার দেশ হিসেবেও ইউক্রেন টিকে থাকতে পারে। তবে এই সব মন্তব্য থেকে ইঙ্গিত মেলে, ইউক্রেনকে জনশূন্য করে তোলাকেও রাশিয়া যুদ্ধের একটি লক্ষ্য হিসেবে দেখতে শুরু করেছে।

যুদ্ধ যখন শেষ পর্যন্ত থামবে, তখন অভিবাসন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করতে পারে। ইউক্রেনের অর্থনীতি ইতিমধ্যেই কর্মীর অভাবে ভুগছে। ইউরোপিয়ান ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের হিসাবে, দেশটিতে ২৫ লক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। অথচ ইউক্রেনে নথিভুক্ত বিদেশি শ্রমিকের সংখ্যা মাত্র প্রায় সাড়ে ন’হাজার। যে সব সংস্থা বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী, তারা আমলাতান্ত্রিক বাধার অভিযোগ করছে। কিন্তু সরকার বরং দেশের ভিতরেই নারী, যুদ্ধফেরত সেনাসদস্য এবং বাস্তুচ্যুত মানুষের মধ্য থেকে নতুন কর্মী খুঁজতে বেশি আগ্রহী।

কাজটি সহজ নয়। যুদ্ধফেরত সেনাসদস্যদের কাজ খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। আর যুদ্ধকালীন পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণও খুব বেশি বাড়েনি। শিশুর যত্নের ব্যবস্থার অপ্রতুলতাই প্রধান বাধা বলে মনে হচ্ছে। তবু বিদেশি কর্মী আনার পথকে শেষ উপায় হিসেবেই দেখা হচ্ছে। উপ-অর্থমন্ত্রী দারিয়া মারচাক বলছেন, দেশে ও বিদেশে থাকা ইউক্রেনীয়দের সম্ভাবনা “পুরোপুরি খতিয়ে দেখার পরেই” ইউক্রেন বিদেশি কর্মীদের জন্য দরজা খুলবে। কিন্তু সিইএস-এর হ্লিব ভিশলিনস্কির মতে, যুদ্ধের পরে দেশ পুনর্গঠনের জন্য যথেষ্ট সংখ্যক ইউক্রেনীয় পাওয়া যাবে না। তিনি বলেন, “আমি একশো শতাংশ নিশ্চিত, ইউক্রেনের বিদেশি কর্মী লাগবে।”

কিছু ইউক্রেনীয় অবশ্য সব বাধা উপেক্ষা করেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। খারকিভের কেন্দ্রস্থলের একটি পার্কে প্রেমিকের সঙ্গে হাঁটতে হাঁটতে দারিয়া বললেন, সংসার শুরু করবেন বলেই তিনি সদ্য ওদেসা থেকে এই শহরে এসেছেন। কথাটি শুনে তাঁর প্রেমিককে একই সঙ্গে আবেগাপ্লুত এবং বিস্মিত দেখাল।

অন্যরা আরও বেশি চেষ্টা করছেন। পূর্ব ইউক্রেনের দনিপ্রোর কাছে থাকা সেনাসদস্য লিউদমিলার বয়স চল্লিশের কাছাকাছি। তিনি জানালেন, গত বছর থেকে নিজের ডিম্বাণু হিমায়িত করে সংরক্ষণ করতে শুরু করেছেন। যুদ্ধের আগে তাঁর স্বপ্ন ছিল দুই সন্তানের মা হবেন। এখন চান তিনটি সন্তান।

ইউক্রেনের জাতীয় কবি তারাস শেভচেঙ্কোর কথার ভাবানুসরণ করে তিনি বললেন, “একজন মৃতদের জন্য, একজন জীবিতদের জন্য, আর একজন তাদের জন্য, যাদের এখনও জন্ম হয়নি।”