মধ্য ক্যামেরুনে প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই এক কঠিন কর্মযজ্ঞের মুখোমুখি হন প্রাইমেট-বিশেষজ্ঞ শেরি স্পিড। ১৯৯৯ সালে তাঁর প্রতিষ্ঠিত সানাগা-ইয়ং আশ্রয়কেন্দ্রে রয়েছে ৭৫টি শিম্পাঞ্জি। দিনে চার বার তাদের খাওয়াতে হয়। নজর রাখতে হয়, কারও শরীরে বা আচরণে কোনও সমস্যা দেখা দিচ্ছে কি না।

তাদের মধ্যে ৩০টিরও বেশিকে নিয়মিত জন্মনিয়ন্ত্রণের ওষুধ দিতে হয়। চারটি একেবারেই শিশু—দিনরাত তাদের দেখাশোনা প্রয়োজন। আর দুরন্ত দুই কিশোর শিম্পাঞ্জিকে এখন নতুন সামাজিক দলে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

কোনও শিম্পাঞ্জি হয়তো সকালে উঠেই মেজাজ খারাপ করে বসে আছে, ঠিক করেছে কারও সঙ্গে ঝগড়া বাধাবে। কেউ হয়তো দলের ক্ষমতার সিঁড়িতে আরও এক ধাপ ওঠার ছক কষছে। কেউ আবার কিছুতেই ওষুধ খাবে না। যে কোনও দিন স্পিডকে একই সঙ্গে মনের শুশ্রূষা করতে হয়, খাবারের ব্যবস্থা করতে হয়, পশুচিকিৎসকের দায়িত্ব সামলাতে হয়, আবার গোটা কেন্দ্রটিও চালাতে হয়।

স্পিড প্রথমে আমেরিকায় পশুচিকিৎসক হিসেবে কাজ করতেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ক্যামেরুনে যান। ১৯৯৭ সালে তাঁর পরিচয় হয় জ্যাকি নামে একটি শিম্পাঞ্জির সঙ্গে। লিম্বে শহরের একটি হোটেলের বাইরে ছোট্ট খাঁচায় প্রায় ৩০ বছর ধরে বন্দি ছিল সে। শহরের লোক তাকে চিনত ‘পাগল শিম্পাঞ্জি’ বলে। তার মুক্তি বা পুনর্বাসনের সম্ভাবনা ছিল প্রায় শূন্য। ১৯৯৯ সালের অগস্টে নিজের সদ্য প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে জ্যাকিকে নিয়ে আসেন স্পিড। সানাগা-ইয়ংয়ের প্রথম তিন বাসিন্দার একজন হয়ে ওঠে সে।

জ্যাকি এখনও সেখানেই আছে। অনুমান করা হয়, তার বয়স এখন ষাটের কোঠায়। এক শতাব্দীর এক-চতুর্থাংশ পাশাপাশি কাটিয়ে দিয়েছেন জ্যাকি ও স্পিড—অনেক মানুষ নিজের সন্তানদের সঙ্গেও এত বছর এক ছাদের নীচে থাকেন না।

কিন্তু যে বিপদ কয়েক দশক ধরে ছিল, তা আজও রয়ে গিয়েছে। শিম্পাঞ্জি ও অন্য বৃহৎ নরবানরের মাংস বিশ্বের বন্যপ্রাণীর মাংসের বাজারে বিশেষ কদর পায়। সেই চাহিদা মেটাতে তাদের শিকার করা হয়। এই প্রথার শিকড় রয়েছে লোকজ চিকিৎসার বিশ্বাসেও। জানা যায়, শিম্পাঞ্জির দেহের ২২ ধরনের অংশ দিয়ে ৩৬ রকম অসুখ বা শারীরিক সমস্যা সারানো যায় বলে দাবি করা হয়। স্ত্রী শিম্পাঞ্জির প্রজনন অঙ্গ নাকি নারীর বন্ধ্যত্ব দূর করে; তাদের হাড় গুঁড়ো করে ব্যবহার করলে নাকি ভাঙা হাড় জোড়া লাগে; আর তাদের চামড়ার উপর ঘুমোলে নাকি প্রসবের সময় সুরক্ষা মেলে।

চোরাশিকারে প্রায়ই এক শিকারে দু’দফা লাভ হয়। মাংসের জন্য মা ও অন্য পূর্ণবয়স্ক শিম্পাঞ্জিদের হত্যা করার পর তাদের শিশুদের বিক্রি করে দেওয়া হয়। ক্রেতাদের মধ্যে থাকেন পোষার জন্য শিম্পাঞ্জি কিনতে চাওয়া ধনী ব্যক্তিরা; থাকে বেসরকারি চিড়িয়াখানার ব্যবসাও। বন্যপ্রাণী পাচার ঠেকাতে সরকারি আইন প্রয়োগ প্রায় না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

তার উপর ক্যামেরুনের কয়েক দশকের সশস্ত্র সংঘাত দেশের জীববৈচিত্র্য সংরক্ষণকে ক্ষতিগ্রস্ত করেছে। এক দিকে ইংরেজিভাষী অঞ্চলের সংকট—দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যামেরুন সরকার ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির মধ্যে চলতে থাকা সশস্ত্র সংঘর্ষ। অন্য দিকে বোকো হারামের বিদ্রোহ। এই দুইয়ের মধ্যে পড়ে দেশের বহু সংরক্ষণকর্মী ও বনাঞ্চল মারাত্মক ক্ষতির মুখে।

উত্তর-পশ্চিমে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে সরকার যখনই পাল্টা অভিযান চালায়, সাধারণ মানুষের গ্রাম পুড়ে যায়। হিংসা থেকে বাঁচতে শত শত মানুষ পালিয়ে জঙ্গলে আশ্রয় নেন—যে জঙ্গল একসময় ছিল বিপন্ন বৃহৎ নরবানরদের প্রাকৃতিক আবাস।

সশস্ত্র গোষ্ঠীগুলিও প্রায়ই ক্যামেরুনের ঘন জঙ্গলের আড়ালে সাময়িক ঘাঁটি গাড়ে। সেখানে মাংসের জন্য বন্যপ্রাণী ধরতে ফাঁদ পাতে, আগে সুরক্ষিত ছিল এমন এলাকায় বন কেটে চাষের জমি তৈরি করে। সংঘাতে তারা যে পক্ষেই থাকুক, এই সশস্ত্র গোষ্ঠীগুলি প্রায়ই এলাকার মানুষ ও পণ্য চলাচল নিয়ন্ত্রণ করে। ফলে সংরক্ষণকর্মীদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

ক্যামেরুন নাইজেরিয়া-ক্যামেরুন শিম্পাঞ্জির আবাস। সংরক্ষণ সংস্থাগুলির অনুমান, এই উপপ্রজাতির মাত্র সাড়ে তিন হাজার থেকে ন’হাজার শিম্পাঞ্জি এখন বন্য পরিবেশে টিকে আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা আইইউসিএন তাদের ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করেছে। মানুষের নিকটতম জীবিত আত্মীয়দের অন্যতম এই উপপ্রজাতির সংখ্যা ক্রমশ কমছে। অথচ বন্যপ্রাণীর মাংসের ব্যবসার বিরুদ্ধে ক্যামেরুন সরকারের নজরদারি ও ব্যবস্থা এখনও প্রায় নেই বললেই চলে।

ক্যামেরুনে ১৯৯৪ সাল থেকেই শিম্পাঞ্জি হত্যা বেআইনি। কিন্তু লাস্ট গ্রেট এপ অর্গানাইজেশন বা লাগা-র চাপের মুখে কার্যত আইন প্রয়োগ শুরু হয় ২০০৬ সালে। এই বেসরকারি সংস্থার বক্তব্য, তার পর থেকে প্রতি বছর মৃত ও জীবিত মিলিয়ে একশোরও বেশি বৃহৎ নরবানর বাজেয়াপ্ত হওয়ার ঘটনা তারা নথিভুক্ত করেছে। অনুমান করা হয়, একটি শিম্পাঞ্জি উদ্ধার হওয়ার বিপরীতে আরও পাঁচ থেকে দশটি হারিয়ে যায়।

আইন থাকা আর তার প্রয়োগের মধ্যে এই ফাঁক এখনও বন্ধ হয়নি। ১৯৮২ সাল থেকে ক্যামেরুনের সরকার পরিচালনা করছেন পল বিয়া। রাজপরিবারের সদস্য নন, এমন রাষ্ট্রপ্রধানদের মধ্যে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম। তাঁর শাসনে মানবিক সহায়তা ও প্রকৃতি সংরক্ষণের কাজের ভার রাষ্ট্রের বদলে মূলত আন্তর্জাতিক সংস্থাগুলির উপরই এসে পড়েছে।

ক্যামেরুনের সুরক্ষিত শিম্পাঞ্জিদের অধিকাংশই রয়েছে তিনটি বন্যপ্রাণী কেন্দ্রে—এপ অ্যাকশন আফ্রিকা, সানাগা-ইয়ং শিম্পাঞ্জি রেসকিউ এবং লিম্বে ওয়াইল্ডলাইফ সেন্টার। তিনটি কেন্দ্র মিলিয়ে উদ্ধার করা দু’শোরও অনেক বেশি শিম্পাঞ্জিকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের জঙ্গলে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই, উপযুক্ত জায়গাও নেই। কারণ, মুক্তির পরে তাদের সুরক্ষা নিশ্চিত করার মতো আইন প্রয়োগ নেই; নেই উপযুক্ত বনভূমিও। এই কারণেই সানাগা-ইয়ংয়ের স্ত্রী শিম্পাঞ্জিদের জন্মনিয়ন্ত্রণের ওষুধ দেওয়া হয়।

ক্যামেরুনে শিম্পাঞ্জি সংরক্ষণ এবং চোরাশিকার ঠেকাতে আরও কঠোর আইনের দাবিতে লড়াই যখন চলছে, তখন সানাগা-ইয়ং দাঁড়িয়ে আছে একটি সুরক্ষিত ঘাঁটি হয়ে। বিশ্বের অন্যতম উৎকৃষ্ট শিম্পাঞ্জি পরিচর্যাকেন্দ্র হিসেবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে এই আশ্রয়।

কেন্দ্রটি এমন ভাবে চলে, যাতে আশপাশের মানুষেরও উপকার হয়। সমস্ত পরিচর্যাকারীকে স্থানীয় এলাকা থেকেই নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ক্যামেরুনের দুই পশুচিকিৎসক মায়েল ফিরিনা ও ক্রিশ্চিয়ান আতনফ্যাককে কাজে নেওয়া হয়েছে। পশুচিকিৎসার পড়াশোনা শেষ করেই তাঁরা এই দলে যোগ দেন।

অনেক আশ্রয়কেন্দ্রে আন্তর্জাতিক কর্মীরা পালা করে আসেন ও চলে যান। এখানে লক্ষ্য হল, স্পিড এবং সফররত বিদেশি পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে এই দুই চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া, যাতে ভবিষ্যতে কেন্দ্রের পশুচিকিৎসার দায়িত্ব ক্যামেরুনের মানুষের হাতেই থাকে।

স্থানীয় মানুষের দক্ষতা গড়ে তোলার এই পদ্ধতিই ক্রমশ সংরক্ষণের আদর্শ হয়ে উঠছে। কোনও জায়গাকে রক্ষা করার দায়িত্ব যখন সেখানকার বাসিন্দাদের হাতে দেওয়া হয়, তখন সেই কাজ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার বৈশ্বিক উন্নয়নবিষয়ক গবেষক নিল ডসন সংরক্ষণে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা নিয়ে গবেষণা করেছেন। তাঁর কথায়, “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব জ্ঞান এবং জমি ও সম্পদের উপর তাদের অধিকার ও নিয়ন্ত্রণের ব্যবস্থাকে ভিত্তি করে, তাদের নেতৃত্বে সংরক্ষণের কাজ হলে প্রকৃতির জন্য ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।”

তিনি বলেন, “আসলে সংরক্ষণের চেষ্টা প্রায়ই ব্যর্থ হয়, কারণ তা স্থানীয় জ্ঞানকে বাদ দেয় এবং খাটো করে দেখে। এই প্রক্রিয়ায় প্রায়ই মানুষের অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্যও ক্ষুণ্ণ হয়।”