ইউক্রেনে এক অঘোষিত সফরে গিয়ে সে দেশের সেনাদের প্রিন্স হ্যারি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাঁরাই জয়ী হবেন।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যুদ্ধে আহত সেনাসদস্য ও চিকিৎসাকর্মীদের সঙ্গে দেখা করেন ডিউক অব সাসেক্স। যুদ্ধাহতদের চিকিৎসা নিয়ে একটি সম্মেলনেও বক্তৃতা দেন তিনি। হ্যারি বলেন, এই দেশে আসতে তিনি ঝুঁকি নিয়েছেন ঠিকই, কিন্তু শনিবার পৌঁছনোর পর থেকেই মানুষের আন্তরিক উষ্ণতা অনুভব করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর এই নিয়ে চতুর্থ বার ইউক্রেনে এলেন ব্রিটিশ সেনাবাহিনীর এই প্রাক্তন সদস্য।
লভিভের সুপারহিউম্যানস সেন্টার আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন হ্যারি। এই চিকিৎসাকেন্দ্রটি যুদ্ধে অংশ নেওয়া সেনাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিশেষ ব্যবস্থা করে। যুদ্ধে অঙ্গ হারানো মানুষদের কৃত্রিম অঙ্গ সরবরাহ করে সংস্থাটি। হ্যারি আগেও তাদের কাজে সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, “যত বারই ইউক্রেনে ফিরে আসি, তত বারই মনে হয়, আমাকে আপন করে নেওয়া হচ্ছে। মানুষের উষ্ণতা অনুভব করি। আপনারা এই যুদ্ধে জিতবেন। তার পরে ভবিষ্যতের সাফল্যের ভিতও তৈরি হয়ে যাবে।”
আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিক্টাস গেমসে ইউক্রেনের দলে জায়গা পাওয়ার আশায় থাকা হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের খেলাও দেখেন হ্যারি। ওই প্রতিযোগিতায় প্রায় ৬০ জনকে পাঠানোর লক্ষ্য নিয়েছে ইউক্রেন। তা হলে সেটিই হবে ইনভিক্টাস গেমসে তাদের পাঠানো বৃহত্তম দল।
যুদ্ধে আহত প্রাক্তন সেনাসদস্যদের জন্য ২০১৪ সালে এই ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছিলেন হ্যারি। তিনি বলেন, এক দিন ইউক্রেনেও এই প্রতিযোগিতা হতে পারে। তাঁর প্রতিশ্রুতি, “যুদ্ধ শেষ হলে, ইউক্রেন জয়ী হলে, আপনাদের দেশে ইনভিক্টাস গেমস আয়োজনের কাজে সাহায্য করতে আমরা প্রস্তুত থাকব।”
রাগবি ম্যাচ দেখতে গিয়ে পরিচিত এক খেলোয়াড়কে জড়িয়ে ধরেন হ্যারি। তাঁর নাম ভ্যালেরি ওদাইনিক। ২০২৫ সালে কানাডায় আয়োজিত ইনভিক্টাস গেমসে অংশ নিয়েছিলেন তিনি। কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করা ৪১ বছরের ওদাইনিক জানান, তিনি “এখনও সামরিক বাহিনীতে সক্রিয়ভাবে কর্মরত”। তার মধ্যেও অনুশীলনের সময় বার করতে পারেন শুনে বিস্ময় প্রকাশ করেন হ্যারি।
পরে ওদাইনিক জানান, হ্যারিকে তিনি বলেছেন, এই খেলায় তাঁর পথচলা “শুরু হয়েছিল ইনভিক্টাস গেমসের হাত ধরেই, আর তারই সূত্রে আজও তা চলছে”।
২০২৫ সালের সেপ্টেম্বরে এবং এ বছরের এপ্রিলে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছিলেন হ্যারি। এপ্রিলের সফরে তিনি ইউক্রেনকে এমন একটি দেশ বলে বর্ণনা করেছিলেন, “যারা সাহসিকতার সঙ্গে এবং সফলভাবে ইউরোপের পূর্ব প্রান্ত রক্ষা করছে।” তিনি আরও বলেছিলেন, “এর গুরুত্ব যেন আমাদের চোখের আড়াল না হয়—সেটা জরুরি।”
৪২ বছরের হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে এক দশক কাটিয়েছেন। আফগানিস্তানেও দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ছিল হেলিকপ্টার পাইলটের কাজ। সেনাবাহিনীতে কাটানো সেই বছরগুলিকে তিনি নিজের জীবনের সবচেয়ে সুখের সময় বলে বর্ণনা করেছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।