মস্কোর হুঁশিয়ারি ছিল সোজাসাপ্টা। পশ্চিমি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে চলে যেতে হবে। না গেলে তাঁরা ‘মৃত্যুর মুখে পড়বেন’। বিবৃতিতে আরও বলা হয়েছিল, এই পরামর্শ উপেক্ষা করার ফলে ‘সম্ভাব্য কোনও বিরূপ পরিণতি’ ঘটলে তার দায় রাশিয়া নেবে না।

গত মাসে ক্রেমলিনের এই হুমকি কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কিয়েভে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতেরা। ইউক্রেনে ডেনমার্কের রাষ্ট্রদূত টমাস লুন্ড-সোরেনসেন সমাজমাধ্যমে জানিয়ে দেন, তিনি থাকছেন। একই কথা জানান জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স, পোল্যান্ড ও এস্তোনিয়ার রাষ্ট্রদূতেরাও। এমনকি আমেরিকানরাও ইঙ্গিত দেন, তাঁরাও নড়ছেন না।

নিজের দূতাবাসের দফতরে বসে লুন্ড-সোরেনসেন বলছিলেন, ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে ইউরোপীয়দের ভয় দেখানোর চেষ্টা করছে রাশিয়া। তাঁর দফতরে সাজানো রয়েছে লেগো দিয়ে তৈরি এক কসাক যোদ্ধার মূর্তি। তিনি বলেন, ‘এটা মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করার যুদ্ধ। এই হামলা দীর্ঘদিন ধরে চলছে। ওরা আমার দেশের জনমতকে প্রভাবিত করতে চাইছে। অবশ্যই আমরা এখানে কাজ চালিয়ে যাব।’

রাষ্ট্রদূত স্বীকার করেন, কিয়েভের অন্য সকলের মতো তাঁর কাজেও আতঙ্কের মুহূর্ত আসে। ‘দু’-এক মিনিটের মধ্যে দশটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে আপনার যদি ভয় না করে, তা হলে বোধহয় কাউকে দেখানো দরকার,’ বলেন তিনি। তবে সঙ্গে যোগ করেন, ‘অস্বস্তিকর পরিস্থিতি আর প্রাণসংশয়ের পরিস্থিতির মধ্যে একটা তফাত আছে। স্নান করতে না পারলে কী এমন এসে যায়?’

হামলার মুখে থাকা একটি শহরে থেকে যাওয়ার সিদ্ধান্তে ঝুঁকি অবশ্যই আছে। শুক্রবার মধ্য কিয়েভের একটি হাসপাতালে—ইনস্টিটিউট ফর অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে—একটি ড্রোন আছড়ে পড়ে। লুন্ড-সোরেনসেনের কর্মস্থল থেকে তার দূরত্ব মাত্র কয়েকশো মিটার। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল কয়েক মাইল দূর থেকেও।

অগস্ট থেকে হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়েছে রাশিয়া। ছুড়ছে ক্ষেপণাস্ত্র এবং শত শত জেটচালিত ড্রোন। খারকিভ ও ওডেসার মতো বড় শহরগুলিও রেহাই পায়নি। যুদ্ধক্ষেত্রে অগ্রগতি করতে না পারার হতাশা থেকেই দৃশ্যত অসামরিক মানুষের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের তীব্রতা বাড়িয়েছে ক্রেমলিন।

নিপ্রো নদীর সেতু, তাপ সরবরাহ কেন্দ্র, বিদ্যুতের সাবস্টেশন, ট্রেন ও রেলস্টেশন—সবই হয়েছে হামলার লক্ষ্য। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। গত সপ্তাহে টানা ২৪ ঘণ্টা জল ছিল না। কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রস্থলেও পৌঁছে গিয়েছে বোমাবর্ষণ, যেখানে রয়েছে বহু দূতাবাস। অক্টোবরে জার্মান কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয় এমন একটি হামলায়, যাতে আট জনের মৃত্যু হয়েছিল।

২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের ভবনের পাশের গাড়ি রাখার জায়গায় দু’টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ছোট ছোট ঘনকাকার প্রাণঘাতী ধাতব টুকরো ভবনের নীচতলা ফুটো করে দেয়, চূর্ণ হয়ে যায় সুরক্ষিত জানলার কাচ। হামলা হয়েছিল ভোরে, কর্মীরা তখনও এসে পৌঁছননি। কেউ আহত হননি। এ বছর সেপ্টেম্বরে ৫০০ মিটার দূরে একটি ড্রোন বিস্ফোরিত হয়। তার ধ্বংসাবশেষে তছনছ হয়ে যায় ভবনের নবম তলা। ভেঙে পড়ে কাচ, ছাদের প্যানেল এবং বায়ু চলাচলের ব্যবস্থা।

‘আমি সাত জন সহকর্মীর সঙ্গে বৈঠকে ছিলাম। আমরা ছুটে করিডরে চলে যাই,’ বলেন কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কাতারিনা মাথের্নোভা। ‘জীবনে এত জোরে কোনও শব্দ শুনিনি। ধোঁয়ার কুণ্ডলী উঠছিল। ভয়াবহ অভিজ্ঞতা।’ প্রতিনিধিদলের দফতরের বাইরের দেওয়াল এখন বালির বস্তা দিয়ে আরও মজবুত করা হচ্ছে। বিমানহানার সময় কর্মীদের ব্যবহারের জন্য করিডরে রাখা হয়েছে বিনব্যাগ। রয়েছে ভাঁজ করা যায় এমন খাট এবং স্নানের অতিরিক্ত ব্যবস্থাও।

ক্রেমলিন কি কূটনীতিকদের নিছক একটু ভয় দেখাতে চাইছে, নাকি খুন করতে চাইছে? প্রশ্নের জবাবে মাথের্নোভা উদ্ধৃত করেন জোসেফ হেলারের বিখ্যাত ব্যঙ্গ-উপন্যাস ‘ক্যাচ-২২’। ‘ইয়োসারিয়ান যেমন বলে, “ওরা আমাকে মেরে ফেলতে চাইছে! আমাদের দিকে বোমা ছুড়ছে!” আমার মনে হয়, এগুলো হুঁশিয়ারি দেওয়ার জন্য আঘাত। ওরা [রুশরা] ক্রমশ আরও বেপরোয়া, আরও নিষ্ঠুর হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে ধ্বংস করাই ভ্লাদিমির পুতিনের কৌশলগত লক্ষ্য। রাশিয়ার সাম্প্রতিক হুমকিকে তিনি ‘ভয় দেখানোর চেষ্টা’ বলে বর্ণনা করেন। তাঁর মতে, ক্রেমলিন আশা করছে, এতে হয়তো গ্লোবাল সাউথের কিছু দেশের কূটনীতিক কিয়েভ ছেড়ে চলে যাবেন। এদিকে ক্রমবর্ধমান চাপে শহরের পরিকাঠামো নুয়ে পড়ছে। ‘গত বছরের চেয়ে হামলার মাত্রা অনেক বেশি। বিদ্যুৎ বিভ্রাটও শুরু হয়েছে আগেভাগে। আমাদের ভবনে জল ছিল না। আধুনিক শহরের সবচেয়ে দুর্বল জায়গা হল তার পয়ঃনিকাশি ব্যবস্থা,’ বলেন তিনি।

শীতের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে রাজধানী। রাষ্ট্রদূতেরা বলছেন, সেখানে তাঁদের থেকে যাওয়া ইউক্রেনের বিপর্যস্ত নেতৃত্বের প্রতি সংহতির জোরালো বার্তা পাঠায়। লুন্ড-সোরেনসেন বলেন, ‘ওঁরা আমাদের বলেন, এখানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ আর এক রাষ্ট্রদূত যোগ করেন, ‘আমরা সকলেই থাকতে চাই। আমরা সচেতন যে, ইউক্রেন এবং তার প্রতিকূলতা সামলে টিকে থাকার ক্ষমতার পক্ষে আমাদের উপস্থিতি রাজনৈতিক ও মানসিক দিক থেকে গুরুত্বপূর্ণ।’

ওই রাষ্ট্রদূতের মতে, রুশরা বিদেশি কূটনৈতিক দফতরগুলিতে ‘ইচ্ছাকৃতভাবে’ আঘাত করছে না। তবে তাঁর আশঙ্কা, ‘আজ হোক বা কাল’, কোনও ড্রোন ‘ভুল জায়গায় এসে পড়ে’ এক জন কূটনীতিকের প্রাণ নেবে। সেই ঘটনা সংশ্লিষ্ট দেশের সরকারকে গভীর সংকটে ফেলবে। পুতিনের হিংসা এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাঁর অবজ্ঞার কী জবাব দেওয়া যায়, তা নিয়ে ভাবতে হবে সেই সরকারকে।

সফররত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের পক্ষেও কিয়েভে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ২০২২ সালের আক্রমণের পর থেকে রাজধানীর বিমানবন্দর বন্ধ। ট্রেন কিংবা গাড়িই একমাত্র উপায়। ওই রাষ্ট্রদূত জানান, সম্প্রতি পোল্যান্ড থেকে আসার সময় আক্রমণকারী ড্রোনের জন্য তাঁকে দু’বার রেলের কামরা ছেড়ে বেরিয়ে যেতে হয়। ‘আমি দেড় ঘণ্টা জঙ্গলে বসে ছিলাম। ট্রেনের কর্মীরা আমাকে একটা বিস্কুট দিয়েছিলেন,’ বলেন তিনি।

বারবার বিমানহানার সতর্কবার্তা এবং সেতুগুলিতে হামলায় দূতাবাসের কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় ইউক্রেনীয় কর্মীদের দফতরে আসাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। ওই রাষ্ট্রদূত স্বীকার করেন, ‘আমি অনেক সুবিধার মধ্যে থাকি। বিপৎসংকেত বাজলে গিয়ে বেসমেন্টে ঘুমোই। ইউক্রেনীয়রা পরিস্থিতি অনুযায়ী নিজেদের নিরাপত্তার নিয়মকানুন বদলে নিয়েছেন। কিন্তু এতে অসুবিধা বেড়েছে। একটা উদ্বেগ তো রয়েছেই।’

মাথের্নোভা জানান, রুশ হামলার সময় তিনি নিজের হোটেল স্যুটের বাথরুমে গদি পেতে ঘুমোন। তিনি মনে করিয়ে দেন, লক্ষ লক্ষ ইউক্রেনীয়ও একইভাবে রাত কাটাতে বাধ্য হন—বোমা থেকে বাঁচার আশ্রয়স্থলে, করিডরে কিংবা মেট্রো স্টেশনের ঠান্ডা মেঝেতে। পায়জামা পরা তাঁর একটি ছবি নিয়ে ক্রেমলিনের এক আধিকারিক বিদ্রুপ করার পর এ বছরের গোড়ায় তিনি লিখেছিলেন, ‘শীতকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করার মধ্যে হাসিঠাট্টার কিছু নেই।’

কিয়েভের দায়িত্বকে কষ্টসাধ্য কূটনৈতিক পোস্টিং হিসেবে গণ্য করা হয়। পশ্চিমি রাষ্ট্রদূতেরা সাধারণত দু’বছর থাকেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে। লুন্ড-সোরেনসেন বলেন, ইউক্রেনে কাজ করতে আগ্রহী সহকর্মীদের যে একেবারে ‘লাইন পড়ে গিয়েছে’, তা নয়। তবে উপযুক্ত লোকজন যথেষ্ট সংখ্যায় স্বেচ্ছায় এগিয়ে আসেন। ‘এক জন কূটনীতিকের পক্ষে ইউক্রেনের চেয়ে অর্থবহ কোনও পোস্টিং কল্পনা করা সত্যিই কঠিন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সংগ্রামের সঙ্গে আমার এবং আমার দেশের ব্যক্তিগত আবেগ জড়িয়ে আছে,’ বলেন তিনি।

সপ্তাহান্তে ওই রাষ্ট্রদূত দীর্ঘ পথ সাইকেল চালিয়ে মন হালকা করেন। মাথের্নোভা জানান, বোটানিক্যাল গার্ডেনে নর্ডিক ওয়াকিং—হাতে বিশেষ লাঠি নিয়ে হাঁটা—তাঁর পছন্দ। ভাল লাগে সনা-স্নান এবং বন্ধুদের সঙ্গে নৈশভোজও। ‘কিয়েভে অবিশ্বাস্য রকমের ভাল ভাল রেস্তরাঁ রয়েছে। এখান থেকে চলে গেলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি মনে পড়বে, তার একটি হল এই শহরের খাওয়াদাওয়ার জগৎ। আর এখানকার সেই “করা সম্ভব” মনোভাব। সবই সম্ভব। ব্রাসেলসের সঙ্গে তার বিরাট তফাত,’ বলেন তিনি।