বিদ্যুৎ রেশনিং শুরু করেছে ইরান। রুটি ও পেট্রলে সরকারি ভর্তুকিও কমানো হচ্ছে। আমেরিকার অর্থনৈতিক চাপ যত বাড়ছে, দেশের অর্থনীতির হাল ততই খারাপ হচ্ছে। ইরানের মানুষ বলছেন, এই কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্তগুলি অত্যন্ত অজনপ্রিয় এবং এতে তাঁদের জীবন আরও কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, আমেরিকার সঙ্গে প্রায় ন'মাসের বিধ্বংসী যুদ্ধের পরে ইরানের অর্থনৈতিক সঙ্কট কতটা গুরুতর জায়গায় পৌঁছেছে, এই পদক্ষেপগুলিই তার প্রমাণ।
তেহরানের সরকারের পক্ষে এটা বড় বিপদের মোড়। সরকার ভাল করেই জানে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক শ্বাসরোধের কৌশলের লক্ষ্যই হল জনমনে ক্ষোভ উস্কে দেওয়া। অথচ এক বছরও হয়নি, বিক্ষোভকারীদের উপরে প্রাণঘাতী গণদমন চালিয়েছিলেন ইরানের শাসকেরা। রবিবার জাতির উদ্দেশে বার্তায় বিদ্যুৎ রেশনিংয়ের কথা ঘোষণা করে প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান বলেন, ইরানকে "এই শীতে নানা সমস্যার মুখে পড়তে হবে"। তিনি জানান, দিনে সর্বোচ্চ দু'ঘণ্টা লোডশেডিং হবে, তবে শীত জাঁকিয়ে পড়লে সময়টা বাড়তে পারে।
বিদ্যুৎ ছাঁটাইয়ের আগে মাসের পর মাস তুলনায় নিঃশব্দে নানা ভর্তুকি কাটছাঁট করেছে সরকার। সরকারি সহায়তা প্রকল্পে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, বেতন বাড়ানোর পরিকল্পনাও বাতিল হয়েছে। এ মাসে অন্তত তিনটি প্রদেশে ভর্তুকির রুটি কেনার পরিমাণে নতুন ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। গত মাসে বিপুল এক সরকারি খাদ্য-ভাউচার প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। জীবনযাত্রার খরচ নিয়ে বিক্ষোভের পরে জানুয়ারিতেই প্রকল্পটি চালু হয়েছিল।
যুদ্ধের আগে থেকেই, এবং যুদ্ধ চলাকালীনও, ইরানিরা দুই অঙ্কের মূল্যবৃদ্ধির সঙ্গে লড়ছেন। তাঁরা বলছেন, কৃচ্ছ্রসাধনের এই পদক্ষেপ আর্থিক দুর্দশা আরও বাড়াচ্ছে, শীত যত এগিয়ে আসছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও তত বাড়ছে। লোডশেডিং প্রসঙ্গে তেহরানের চল্লিশ বছরের এক ভাষা-শিক্ষিকা বললেন, "এতে মাথা গরম হয়ে যায়।" তাঁর পরিবারকে একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে। যুদ্ধের গোড়ার দিকেই তাঁর স্বামীর চাকরি যায়। তার পর থেকে মাসের পর মাস মূল্যবৃদ্ধি খেয়ে নিয়েছে একজনের রোজগারে সংসার চালানোর সামর্থ্য। তেহরান থেকে ভিডিয়ো কলে তিনি বলেন, "মানুষ খুবই ক্লান্ত, আবার কেমন যেন অসাড়ও হয়ে গিয়েছে।" এই প্রতিবেদনের জন্য যাঁদের সঙ্গে কথা হয়েছে, তাঁদের অন্যদের মতো তিনিও সরকারি প্রতিহিংসার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
ওই শিক্ষিকা জানালেন, যুদ্ধ শুরুর সময়ে পরিবার-বন্ধুদের মতো তিনিও সব শক্তি ঢেলে দিয়েছিলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির প্রস্তুতিতে, জিনিসপত্র মজুত করতে। এখন আর সে উৎসাহ নেই। তাঁর কথায়, "বিদ্যুৎ না থাকলে, গ্যাস না থাকলে, গাড়িতে গিয়ে বসে গা গরম করব, আর কী!"
ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো, শ্রমবাজার বিশেষজ্ঞ ইরানি অর্থনীতিবিদ হাদি কাহালজ়াদের মতে, সাম্প্রতিক কয়েক দশকে ইরানের অর্থনীতি এত চাপে কখনও পড়েনি। ইরানের বন্দরগুলিতে মার্কিন অবরোধ এবং যুদ্ধে দেশের পরিকাঠামোর ক্ষয়ক্ষতি মিলিয়ে এ বছর ইরানের অর্থনীতি ৪ থেকে ৬ শতাংশ সঙ্কুচিত হতে পারে বলে তাঁর অনুমান। তবে অর্থনীতির কিছু ক্ষেত্র এখনও টিকে আছে বলেও জানান তিনি।
যুদ্ধ থামানো এবং পরমাণু কর্মসূচিতে রাশ টানা নিয়ে আলোচনায় ইরানকে নতিস্বীকারে বাধ্য করতে অর্থনৈতিক চাপকেই অস্ত্র করেছে ট্রাম্প প্রশাসন। জুলাইয়ে আমেরিকা ও ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে ইরানের তেল রফতানিতে ফের অবরোধ চাপায় আমেরিকা। তার পর থেকে এই পদক্ষেপে প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ কোটি ডলারের রাজস্ব হারাচ্ছে ইরান।
তবে কাহালজ়াদে বলছেন, শুধু অবরোধ দিয়ে অর্থনীতিকে ভেঙে ফেলা যাবে না। নয় কোটিরও বেশি জনসংখ্যার এক বড় দেশ ইরান এখনও কর আদায় করছে, এবং সীমান্তবর্তী সাতটি দেশের অনেকগুলিতে স্থলপথে রফতানি চালু রেখেছে। তাঁর কথায়, "যুদ্ধ, অবরোধ আর নিষেধাজ্ঞার এত ক্ষতির পরেও ইরানের হাতে কিছু দর কষাকষির জোর আছে, টিকে থাকার কিছু ক্ষমতা আছে।" তবে সতর্ক করে তিনি বলেন, "এই টিকে থাকার দাম হবে খুব চড়া।"
দীর্ঘমেয়াদে মূল্যবৃদ্ধিকে বাড়তে দিয়ে ইরান তার কর্মিবাহিনীর স্থায়ী ক্ষতি করছে। কাহালজ়াদে বলছেন, কাজ হারানো মানুষ যদি অন্য কাজ না পান, তাঁদের দক্ষতা ক্রমশ ক্ষয়ে যায়, শেষে পুরোপুরি হারিয়েও যেতে পারে।
ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলা ইরানিরা জানিয়েছেন, সাম্প্রতিক সব কৃচ্ছ্রসাধনের মধ্যে জ্বালানির ভর্তুকি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্তই তাঁদের রোজকার জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অনেক দেশের মতোই ইরানেও জ্বালানি ভর্তুকি বিশেষ স্পর্শকাতর বিষয়। ২০১৯ সালে ভর্তুকি তুলে নেওয়াই বিক্ষোভ উস্কে দিয়েছিল। গত ডিসেম্বরের অশান্তির পিছনেও এটি ছিল অন্যতম কারণ।
কিন্তু জানুয়ারিতে সেই বিক্ষোভ দমনে সরকারের নৃশংস অভিযানে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পরে বহু ইরানি এখন সংগঠিত হতে ভয় পাচ্ছেন। ডিসেম্বর ও জানুয়ারিতে অর্থনীতির অবনতির প্রতিবাদে মিছিলে হাঁটা তেহরানের ছাব্বিশ বছরের এক সঙ্গীতশিল্পীর ধারণা, মানুষের ক্ষোভ এখন তখনকার চেয়েও বেশি। তাঁর কথায়, "মানুষ ভয় পাচ্ছে, কিন্তু অবস্থা অসহনীয়।" তাঁর ভবিষ্যদ্বাণী, পরিস্থিতি আরও খারাপ হলে মানুষ আবার ঝুঁকি নিয়ে পথে নামবেন।
ইরানি সমাজের অন্যত্রও ক্ষোভ মাথাচাড়া দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক দুর্দশার খবর প্রকাশিত হচ্ছে। সরকারের অন্দরেও আইনপ্রণেতারা প্রকাশ্যে কৃচ্ছ্রসাধনের সমালোচনা করছেন। সংস্কারপন্থী সাংসদ আহমদ বিগদেলি এ মাসে একটি ওয়েবিনারে শিক্ষক, কৃষক, সেনা ও পুলিশকর্মীদের জীবনযাত্রার অবনতির মধ্যেও কর্মীদের বেতন নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন। সরকার-ঘনিষ্ঠ নূর নিউজ়ে তাঁর বক্তব্যের সারাংশ অনুযায়ী, তিনি বলেন, "আজ শ্রমিকেরা শ্বাস নিতে পারছেন না।"
কিছু বেতন বাড়ানো সম্ভব নয় বলে সরকার ঘোষণা করার পরে সরকার-ঘনিষ্ঠ মেহর নিউজ়ে এক নিবন্ধে শ্রমিক-আন্দোলনের কর্মী সোমাইয়ে গোলপুর অভিযোগ করেন, এতে সরকারের "কাঠামোগত অবিচার" প্রকাশ্যে এসেছে, এবং সরকার "জনগণের আস্থা"র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান শামসউদ্দিন হোসেইনিও সরকারি সংবাদমাধ্যমে সতর্ক করেছেন, যুদ্ধে দেশের জ্বালানি পরিকাঠামোর ক্ষতির ফলে এই শীতে জ্বালানি ও তাপের ঘাটতি দেখা দেবে। সম্ভাব্য ঘাটতিকে "জ্বালানির ভারসাম্যহীনতা" বলে উল্লেখ করে তিনি সাবধান করেন, এর মাসুল যেন "শিল্প-ইউনিট বন্ধ করে শ্রমিকদের বেকার করে" দিতে না হয়।
তেহরানের পঁচিশ বছরের এক ছোট ব্যবসায়ী জানালেন, জ্বালানি ভর্তুকি কমায় তাঁর মুনাফা প্রায় এক-তৃতীয়াংশ কমে গিয়েছে। নিজের গাড়ি নিয়েই তিনি খুচরো বিক্রেতাদের থেকে ডিম নিয়ে শহরের সুপারমার্কেট আর মাংসের দোকানে পৌঁছে দেন। মাত্র কয়েক মাসে সব কিছুর দাম কতটা বেড়ে গিয়েছে ভাবলে তিনি অবাক হয়ে যান, দেশে এখনও কিছু চলছে কী করে। তাঁর ক্রেতারা এখনও কেনাকাটা করছেন, ডেলিভারিতে বেরিয়ে তিনি এখনও লোকজনকে বাজার করতে দেখেন। তাঁর কথায়, "জানি না কী ভাবে, কিন্তু আমরা এখনও চলছি।"
এখন নিজের মনের অবস্থা বোঝাতে তিনি একটি ফারসি প্রবাদ ব্যবহার করেন: "আকাশ আর মাটির মাঝখানে।" অর্থাৎ দুই অবস্থার মাঝে আটকে পড়া, সামনে কী আছে তার কোনও স্পষ্ট দিশা নেই। তবু তিনি বললেন, "ইরানের মানুষ অন্য সব জায়গার মানুষের চেয়ে আলাদা, আমরা আরও বেশি কষ্ট সহ্য করতে পারি।"
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।