২০০৪ সালের সেই কুখ্যাত ম্যাচের পরে এই প্রথম মাদ্রিদে স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে দলের ফুটবলারদের বর্ণবিদ্বেষের ঘটনা মোকাবিলার নির্ধারিত নিয়মগুলি মনে করিয়ে দেবেন কোচ টমাস টুখেল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২০০৪ সালের ওই ম্যাচে স্পেন ১–০ গোলে জিতেছিল। কিন্তু গ্যালারি থেকে ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশে ছুড়ে দেওয়া বর্ণবিদ্বেষী গালিগালাজে কলঙ্কিত হয়েছিল ম্যাচটি।

তার পর থেকে স্পেনে আরও তিনটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তবে ২০০৯ সালে প্রথম ম্যাচটির জন্য মাদ্রিদে ফিরতে রাজি হয়নি তারা। ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয় সেভিয়ায়। পরের ম্যাচটি হয় ২০১৫ সালে আলিকান্তেতে। তৃতীয়টি ২০১৮ সালে, ফের সেভিয়ায়। এই তিনটি ম্যাচের কোনওটিতেই এমন সমস্যা হয়নি।

২০০৪ সালের ম্যাচে অ্যাশলি কোল, রিও ফার্ডিনান্ড, শন রাইট-ফিলিপস, জারমেইন জেনাস এবং জারমেইন ডেফো বর্ণবিদ্বেষের নিশানা হয়েছিলেন। ওই ঘটনার জেরে স্পেনের ফুটবল ফেডারেশনকে ৪৪ হাজার ৭৫০ পাউন্ড জরিমানা করা হয়। এ বার নেশনস লিগে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড খেলবে মাদ্রিদের অন্য প্রধান স্টেডিয়াম মেত্রোপলিতানোয়।

গত মার্চে বার্সেলোনায় মিশরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্পেনের সমর্থকেরা মুসলিমদের সম্পর্কে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিলেন। সেই ঘটনায় গত মাসে স্পেনকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারির একাংশ বন্ধ রাখতে হবে।

টুখেল বলেন, “গত বছরের সেপ্টেম্বরে বেলগ্রেডে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেও আমাদের একই আলোচনা হয়েছিল। এই ধরনের পরিস্থিতি সামলানোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখানে [মাদ্রিদে] অতীতে এমন ঘটনার নজির থাকলে, হয়তো পাঁচ মিনিট সময় নিয়ে খেলোয়াড়দের সেই নিয়মগুলি জানিয়ে দেব। খেলোয়াড়দের সেগুলি জানা জরুরি। আর তার পরেও এমন কিছু ঘটলে আমরা তার জবাব দেব। সবচেয়ে ভাল জবাব দেওয়া যায় মাঠেই।”

তবে ইংল্যান্ডের প্রধান কোচ স্পষ্ট করে দিয়েছেন, মেত্রোপলিতানোয় কোনও সমস্যা হবে বলে তিনি মনে করছেন না।

তিনি বলেন, “এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। কোনও স্টেডিয়ামেই নয়—শুধু স্টেডিয়াম কেন, কোথাওই আমরা বর্ণবিদ্বেষ মেনে নেব না। আমরাও কখনও কারও প্রতি বর্ণবিদ্বেষী আচরণ করব না। সেটা আমাদের চরিত্র নয়। অবশ্যই আশা করব, স্পেনের দর্শকেরা তাঁদের দলকে পূর্ণ সমর্থন করবেন। কিন্তু অপ্রীতিকর কিছু ঘটবে বলে আমরা মনে করছি না।”