ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর অভিযোগে ১০ বছরের কারাদণ্ড হল পাকিস্তানের দুই মানবাধিকার আইনজীবীর। ইমান জইনাব মাজ়ারি-হাজ়ির এবং তাঁর স্বামী হাদি আলি চাত্তাকে এই সাজা দিয়েছে সে দেশের সন্ত্রাসদমন আদালত। দু’জনেই অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি ২০২৪ সালের ২৫ অক্টোবরের। সে সময় পাকিস্তান সফরে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ইসলামাবাদের জ়িরো পয়েন্ট এলাকায় দলের নিরাপত্তার জন্য নির্দিষ্ট রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছিল। অভিযোগ, সেই ব্যারিকেড সরিয়ে দেন ইমান ও হাদি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে।

পাকিস্তানের বিচারক তাহির আব্বাস সিপরা বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই মামলার রায় ঘোষণা করেন। দু’জনকে সন্ত্রাসদমন আইনে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের উপর বলপ্রয়োগের পৃথক অভিযোগে আরও এক ও দু’বছরের সাজা হয়েছে। তবে সব সাজাই একসঙ্গে কার্যকর হবে। দু’জনকে ২ লক্ষ পাকিস্তানি রুপি করে জরিমানাও করা হয়েছে।

বিচারকের বক্তব্য, এই ঘটনায় ইংল্যান্ড দলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এবং ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে এমন ঘটনা পাকিস্তানের ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকর বলে মন্তব্য করেছে আদালত।

তবে অভিযুক্ত দম্পতি নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, মানবাধিকার নিয়ে কাজ করার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের নিশানা করা হচ্ছে। ইমানের মা শিরিন মাজ়ারিও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে সওয়াল করার সুযোগ পাননি তাঁর মেয়ে ও জামাই। মামলার গুরুত্বপূর্ণ নথিও তাঁদের দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে পরিবার।

উল্লেখ্য, ইমান ও হাদি এর আগেও অন্য একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে তাঁদের ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট সেই সাজা স্থগিত করে। কিন্তু মুক্তির আগেই নিরাপত্তা সংক্রান্ত এই মামলায় তাঁদের ফের গ্রেফতার করা হয়।

এই রায় নিয়ে মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।